হঠাৎ কমে গেছে সয়াবিনের সরবরাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বাজারে হঠাৎ করে সয়াবিন তেলের সরবরাহ কমে গেছে। পাইকারি বাজারে বোতলজাত সয়াবিন নেই বললেই চলে। তাই এর প্রভাব পড়েছে খুচরা বাজারে। নগরের সিরাজউদ্দৌলা সড়কের খুচরা ব্যবসায়ী এস এম রাশেদ জানান, পাইকারি বাজার খাতুনগঞ্জে সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না।ভোজ্যতেল পরিশোধনকারী কোম্পানিগুলো বাজারে হঠাৎ করে সরবরাহ কমিয়ে দিয়েছে। এ কারণে সয়াবিনের দাম চড়া। গতকাল পাঁচ লিটারের রূপচাঁদা বিক্রি হয়েছে ৬৭০ টাকায়। এক সপ্তাহ আগে এর দাম ছিল ৬৫০ টাকা। অন্যান্য ব্র্যান্ডের তেল রূপচাঁদার (পাঁচ লিটারের বোতল) চেয়ে ১০ থেকে ১৫ টাকা কমে বিক্রি হচ্ছে। এদিকে সরবরাহ কম থাকায় চট্টগ্রামে বেড়েছে পেঁয়াজ ও রসুনের দাম।গত দুই সপ্তাহে কয়েক দফায় মুরগির দাম প্রতি কেজিতে বেড়েছে ২০ টাকা; বেড়েছে দেশি মুরগির ডিমের দামও। তবে সবজির বাজার স্থিতিশীল আছে। গতকাল শনিবার নগরের রেয়াজউদ্দিন বাজার ও কাজীর দেউড়ি বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ২২ টাকায়। চীন থেকে আমদানি করা রসুন প্রতি কেজির দাম ৭৫ টাকা এবং দেশে উৎপাদিত রসুন ৪৫ টাকা। গত সপ্তাহে পেঁয়াজের দাম ছিল ১৮ টাকা ও রসুনের ৭০ টাকা। নগরের পাইকারি বাজার, বড় কাঁচাবাজার এবং পাড়া-মহল্লার দোকানে ভিন্ন ভিন্ন দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ ও রসুন। চট্টগ্রামের সর্ববৃহৎ পাইকারি বাজার খাতুনগঞ্জে খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল পাইকারিতে প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছে ১৬-১৭ টাকা কেজি দরে। খাতুনগঞ্জ কাঁচা পণ্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিছ বলেছেন, ‘আমদানি কম হওয়ায় পেঁয়াজ-রসুনের দাম কিছুটা বেড়ে গেছে। আজ (শনিবার) থেকে আবার সরবরাহ স্বাভাবিক হয়েছে। আশা করি, দ্রুত দাম কমে যাবে।’ তিনি জানান, এবার দেশে পেঁয়াজ-রসুনের উৎপাদন ভালো হয়েছে। আমদানি কিছুটা কম হলেও দেশি পেঁয়াজ-রসুন দিয়ে চাহিদা মেটানো সম্ভব। এদিকে আবার বেড়েছে ফার্মের মুরগির দাম। গতকাল শনিবার রিয়াজউদ্দিন বাজারে ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৫০ থেকে ১৫৫ টাকায় ও লেয়ার মুরগি ১৯০ টাকায় বিক্রি হয়েছে। গত সপ্তাহে ব্রয়লার মুরগির প্রতি কেজির দাম ছিল ১৪৫ থেকে ১৫০ টাকা। গত ২ এপ্রিল নগরের বাজারে ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৩৫ টাকায় বিক্রি হয়। বেড়েছে দেশি মুরগির ডিমের দামও। গত সপ্তাহে ১২০ টাকায় বিক্রি হওয়া দেশি মুরগির ডিম গতকাল শনিবার বিক্রি হয়েছে ১৪০ টাকায়। প্রতি ডজন ফার্মের মুরগির ডিমের দাম ছিল ১০৫ টাকা। মুরগির ব্যবসায়ীরাও দাম বাড়ার জন্য সরবরাহ কম থাকাকেই একমাত্র কারণ হিসেবে দেখছেন। তবে গত সপ্তাহের মতোই ছিল বিভিন্ন ধরনের সবজির দাম। রিয়াজউদ্দিন বাজারে গতকাল শনিবার প্রতি কেজি আলু ২০, পটোল ৩০, বরবটি ৪০, মিষ্টি কুমড়া ১৫, ঢ্যাঁড়স ৩০, বেগুন ৩০, ঝিঙে ৫০, করলা ৪০, কাঁকরোল ৬০, শসা (বড়) ২৫, টমেটো ৪০, ধনেপাতা ১২০ ও কাঁচা মরিচ ৩০ টাকায় বিক্রি হয়েছে। রেয়াজউদ্দিন বাজারের ভেতরেই আড়ত ও খুচরায় দামের তফাত লক্ষ করা গেছে। এ বাজারের আড়তে শসা বিক্রি হয় ২০ টাকা কেজিতে। কিন্তু নগরের অন্য বাজারে খুচরা বিক্রেতারা শসা বিক্রি করেছেন ২৮ টাকা দরে। বাজারে মাছের দামও আগের মতোই। গতকাল শনিবার নগরের বাজারগুলোতে ইলিশ মাছ বিক্রি হয়েছে প্রতি কেজি (আকারভেদে) ৭০০ থেকে এক হাজার ২০০ টাকায়। রুই ও কাতল মাছ (আকারভেদে) ১৫০ থেকে ১৭০, রূপচাঁদা ৮০০ থেকে ৯০০, মাগুর মাছ ৭০০, চিংড়ি ছোট আকারের ২৫০ থেকে ৩২০ ও বড় আকারের চিংড়ি ৭৫০ টাকায়। বাজারে প্রতি কেজি খোলা চিনির দাম ৫৭ টাকা ও প্যাকেট চিনি ৬০ টাকা।