হঠাৎ করেই কঠোর অবস্থানে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হঠাৎ করেই সরকার কঠোর অবস্থান নিয়েছে। চারদলীয় জোটের প্রথম হরতালের আগের রাতে গাড়িতে আগুন দেওয়া ও নিরীহ নাগরিকদের অগ্নিদগ্ধ করার ঘটনায় সরকারের ভেতর উদ্বেগ-উত্তেজনা আছে। ফলে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষা ও বিরোধী দলের কার্যক্রম মোকাবিলায় কঠোর হওয়ার নীতি নেওয়া হয়েছে বলে সরকারের নীতিনির্ধারণী সূত্রগুলো জানিয়েছে।সরকারের নীতিনির্ধারকেরা মনে করেন, বিরোধী দল অরাজকতার পথ বেছে নিয়েছে। অহেতুক হরতাল দিয়ে তারা রাজনৈতিক স্থিতিশীলতা বিনষ্ট করতে চাইছে। সরকারের মাত্র দেড় বছরের মাথায় গুপ্ত হামলা চালিয়ে গাড়ি পোড়ানো হচ্ছে। এর শিকার হচ্ছে নিরীহ নাগরিক। এ অবস্থায় সরকারের কঠোর হওয়া ছাড়া কোনো উপায় নেই।নাম প্রকাশ না করার শর্তে সরকারের একজন প্রভাবশালী মন্ত্রী প্রথম আলোকে বলেন, হঠাৎ করেই বিরোধী দল ফনা তুলেছে। তাই সরকারকে বাধ্য হয়েই কঠোর হতে হচ্ছে।আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী প্রথম আলোকে বলেন, খালেদা জিয়া হুমকি-ধমকি দিচ্ছেন। সরকারি কর্মকর্তাদের ফাইল সই করতে নিষেধ করছেন। অন্যদিকে সরকারকে অস্থিতিশীল করার জন্য হরতালের নামে নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে। এ অবস্থায় সরকারকে তো কাজের পরিবেশ তৈরি করতে হবে। বাণিজ্যমন্ত্রী ফারুক খান প্রথম আলোকে বলেন, সরকার সাংবিধানিক অবস্থানে আছে। দেশে সুষ্ঠু ও স্বাভাবিক পরিবেশ রক্ষায় বিরোধীদলীয় নেতাদের বিরুদ্ধে আইনানুগভাবেই ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকারের বিরুদ্ধে বিরোধী দলের প্রথম হরতালে বিএনপির নেতা মির্জা আব্বাস, সাংসদ শহীদ উদ্দীন চৌধুরী, শমসের মবিন চৌধুরীসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। এরপর তরিকত ফেডারেশনের মামলায় চারদলীয় জোটের অন্যতম শরিক জামায়াতের শীর্ষ নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও দেলাওয়ার হোসাইন সাঈদী গ্রেপ্তার হয়েছেন। এ ঘটনায় দেশের বিভিন্ন স্থানে জামায়াত নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ অবস্থায় সরকার কঠোর অবস্থান নিয়েছে বলে মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষক মহল। বিরোধী দলের কয়েকজন নেতার গ্রেপ্তার সম্পর্কে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক প্রথম আলোকে বলেন, সরকারের কাজ সুষ্ঠু আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা। কেউ দেশের স্বাভাবিক পরিস্থিতির বিঘ্ন ঘটাতে চাইলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তাদের সতর্ক করা আছে।রাজনৈতিক পর্যবেক্ষকদের কেউ কেউ মনে করেন, সরকার খুব বেশি কঠোর হলে দেশের রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে হতে পারে। বিরোধী দল নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামতে পারে। এতে দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ নষ্ট হবে, উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত হবে। সর্বোপরি দেশের অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা থাকবে। এ ব্যাপারে জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেন, বিরোধী দলের কারও কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির কোনো সুযোগ নেই। সরকার যা করছে, আইনানুগভাবেই করছে। তিনি বলেন, বিরোধী দলের রাজনীতি ব্যর্থ হওয়ায় তারা অসাংবিধানিক পথে যাচ্ছে। হরতালের নামে অরাজকতায় দেশের বিনিয়োগবান্ধব পরিবেশ নষ্ট হচ্ছে, দ্রব্যমূল্য বাড়ছে। সরকারকে তাই বাধ্য হয়েই আইনানুগ ব্যবস্থা নিতে হচ্ছে।সরকারের কয়েকজন মন্ত্রীর মতে, গত নির্বাচনে বিশাল বিজয়ের পরও দেশে সুষ্ঠু আইনশৃঙ্খলার স্বার্থে দেশের কোথাও আওয়ামী লীগ বা মহাজোটের পক্ষে বিজয় মিছিল করা হয়নি। বিরোধীদলীয় নেতা-কর্মীদের প্রতি সহনশীল আচরণ করা হয়েছে। কাউকে রাজনৈতিকভাবে হয়রানি করা হয়নি। অথচ ২০০১ সালের নির্বাচনের পর ছিল ভিন্ন চিত্র। তখন সারা দেশে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর নির্যাতন-নিপীড়ন করা হয়। দলের জ্যেষ্ঠ নেতাদের গ্রেপ্তার করা হয়। দলীয় সাংসদদের হত্যা করা হয়। শেখ হাসিনার ছেড়ে দেওয়া দুটি আসনে উপনির্বাচনে জোর করে বিএনপি প্রার্থীকে জয়ী করা হয়। সুতরাং তখনকার ও এখনকার পরিস্থিতি পুরোপুরি ভিন্ন। এ রকম পরিস্থিতিতে অকারণেই হরতাল কর্মসূচি দেওয়া হচ্ছে বলে মনে করেন সরকারের নীতিনির্ধারকেরা। সূত্র জানায়, সরকার পর্যায়ক্রমে আরও কঠোর হবে। তবে এটা নির্ভর করছে বিরোধী দলের আচরণের ওপর। হরতালে গাড়ি পোড়ানোর ঘটনা সরকারকে ভাবিয়ে তুলেছে। তাই সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনে সরকার আরও কঠোর হবে।সূত্র জানায়, আদালতের গ্রেপ্তারি পরোয়ানায় জামায়াত নেতাদের গ্রেপ্তার করা হলেও পরবর্তী সময়ে তাঁদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলাও দেওয়া হতে পারে। সরকারের মধ্যে সে রকম প্রস্তুতি আছে। এ ব্যাপারে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ট্রাইব্যুনাল গঠন ও তদন্তকারী সংস্থা নিয়োগ দেওয়া হয়েছে। তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। এখন ট্রাইব্যুনাল গ্রেপ্তার দেখাতে চাইলে তা তারা করতে পারে।এদিকে জামায়াতের নেতাদের গ্রেপ্তারের পর সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক রাখা হয়েছে। দেশের কোথাও কোথাও জামায়াতের বিক্ষোভ হলেও অনেক স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে। গতকাল রাজধানীতে জামায়াতে ইসলামী বিক্ষোভ-মিছিল করতে পারেনি। পুলিশ ছিল সতর্কাবস্থায়।স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সাংবাদিকদের বলেন, জামায়াত নেতাদের গ্রেপ্তারের পর কোথাও যাতে অরাজক পরিস্থিতির সৃষ্টি না হয়, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে।