হঠাৎ দেখা খুঁড়ুলে পেঁচা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কদিনের বৃষ্টিতে ঢাকার ধুলোমাখা তরুপল্লবের গাঢ়-সবুজ এখন প্রকাশ্য। ফলে উদ্যানগুলোও যেন তাদের আসল রং ফিরে পেয়েছে। রমনা পার্কে অন্তত তাই চোখে পড়ল। পাখি দেখতে মাসে একবার রমনা পার্কে যাই। যদিও সেখানে পাতিকাকের সংখ্যাই সর্বোচ্চ। সবুজ টিয়া, বসন্তবাউরি, দাঁড়কাক, বেগুনি মৌটুসি, ভাতশালিক, গো-শালিক, দোয়েল, হাঁড়িচাঁচা, তিলা ঘুঘু, টুনটুনির নিয়মিত বসবাসও চোখে পড়ে। সেদিন যেমন চোখে পড়ল, রেইনট্রির শরীরে এক পেঁচা উড়ে এসে ঢুকে পড়ল। শিমুল অঙ্গনের কাছে ওই গাছের খোঁড়ল বা কোটরে হয়তো তার বাস।আড়ালে দাঁড়িয়ে থাকি। কিছুক্ষণ পর পেঁচাটি কোটর থেকে মাথা বের করে চারদিকে তাকাল। তারপর আস্তে আস্তে বের করল শরীর। তখনই ক্যামেরায় ধরা পড়ল পাখিটি। তারপর সেটি উড়ে চলে গেল বটের ঝোপে, মাঝখানে যেন ছবি তোলার সুযোগ দিল। এটি আমাদের সবচেয়ে সহজদৃষ্ট খুঁড়ুলে পেঁচা। বিকেলের আলো নিভে যাওয়ার পরপর সন্ধ্যার নীরবতার প্রথম স্তব্ধতা ভেঙে দেয় এই পাখির উচ্চ স্বরের ডাক। দিনের বেলায় এ পেঁচার দর্শন পেলে ওদের দিকে তাকিয়ে মাথা উঁচু-নিচু করলে ওরাও সুন্দর ভঙ্গিতে ওদের মাথা উঁচু-নিচু করে। অনুকরণ! গ্রামের কিশোরদের কাছে এটি এক মজার খেলা। খুঁড়ুলে পেঁচা বাংলাদেশে সুলভ আবাসিক পাখি। দেশের সব অঞ্চলে পাওয়া যায়। আবাদি জমি, চা-বাগান, গ্রাম, শহর, নগর ও লোকালয়ে বিচরণ করে। সচরাচর জোড়ায় ও পারিবারিক দলে থাকে। রাতের আবছা আলোয় উড়ে এসে শিকার ধরে। খাদ্য তালিকায় আছে উড়ন্ত পোকা, টিকটিকি, ছোট পাখি। খুঁড়ুলে পেঁচার শরীরে বাদামি তিলওয়ালা দাগ থাকে। দৈর্ঘ্যে ২০ সেন্টিমিটার। মাথার পালক বাদামি। গলা সাদা, চোখ ফ্যাকাশে থেকে সোনালি হলুদ। ঠোঁট সবুজ, পা ও পায়ের পাতা অনুজ্জ্বল হলদে-সবুজ। ছেলে ও মেয়ে পাখি দেখতে অভিন্ন। প্রজনন সময় নভেম্বর থেকে এপ্রিল। ডিম সাদাটে, সংখ্যায় তিন-পাঁচটি। ২৫ দিনে ডিম ফোটে। ৩০ দিনে ছানাদের গায়ে পালক গজায়।