বাসের নিচে চাপা পড়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র খন্দকার খানজাহান সম্রাটের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সোয়া আটটায় রাজধানীর ইডেন কলেজের সামনে একটি বাসচাপায় ঘটনাস্থলেই তিনি মারা যান।খানজাহান বুয়েটের যন্ত্রকৌশল (মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং) বিভাগের প্রথম বর্ষের ছাত্র। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উত্তপ্ত হয়ে ওঠে পুরো এলাকা। শত শত ছাত্র রাস্তায় বেরিয়ে আসেন। প্রতিবাদে বুয়েট ক্যাম্পাস, নীলক্ষেত, আজিমপুর, পলাশী, চানখাঁরপুল এলাকায় অন্তত ২৫টি গাড়ি ভাঙচুর ও চারটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়।সকাল থেকে বিকেল পর্যন্ত সায়েন্স ল্যাবরেটরি থেকে পলাশী হয়ে চানখাঁরপুল পর্যন্ত সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। ফলে নগরের কয়েকটি স্থানে যানজটের সৃষ্টি হয়।দুর্ঘটনা সম্পর্কে নিহত বুয়েটছাত্রের বোন জান্নাতুল নাঈম জানান, বিশ্ববিদ্যালয় দুই দিন বন্ধ থাকায় খানজাহান তাঁর মিরপুরের বাসায় যাওয়ার জন্য বের হয়েছিলেন। প্রত্যক্ষদর্শী দোকানিরা জানান, ইডেন কলেজের বিপরীত দিকে গাড়ির জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন খানজাহান। তাঁর সামনে উইনার পরিবহনের আজিমপুর-কুড়িল রুটের একটি বাস (ঢাকা মেট্রো-ব ১১-২৬১৯) দাঁড়িয়ে ছিল। হঠাৎ বাসটি পেছনের দিকে চলতে শুরু করে। কিছু বুঝে ওঠার আগেই বাসের ধাক্কায় তিনি নিচে পড়ে যান। এ সময় একজন দোকানি চিত্কার করে উঠলে বাসচালক একবার পেছনে গিয়ে আবার দ্রুত সামনের দিকে নিয়ে যায়। এতে করে খানজাহানের মাথা বাসের চাকার নিচে পিষ্ট হয়। ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। ইডেন কলেজের সুরেশ নামের এক কর্মচারী তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিত্সক প্রতুল কুমার সরকার সকাল আটটা ৪০ মিনিটে খানজাহানকে মৃত ঘোষণা করেন। তিনি প্রথম আলোকে বলেন, তাঁর মাথার মগজ বের হয়ে গেছে।খানজাহানের মৃত্যুর খবর পেয়ে বুয়েটের উপাচার্য এ এম এম সফিউল্লাহ ও শিক্ষার্থীরা হাসপাতালে ছুটে যান।খানজাহান বুয়েটের যন্ত্রকৌশলের (মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং) প্রথম বর্ষের ছাত্র (টার্ম-১, লেভেল-১)। মাত্র পাঁচ দিন আগে তাঁর ক্লাস শুরু হয়েছে। গত সোমবার তিনি আহসানউল্লাহ হলের ১৩৪ নম্বর কক্ষে ওঠেন। তাঁর বাবা খন্দকার মো. শাহ আলম অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। গ্রামের বাড়ি গোপালগঞ্জ সদরের উলপুর ইউনিয়নের নিজরা গ্রামে। চার ভাই বোনের মধ্যে খানজাহান সবার ছোট ও একমাত্র ছেলে। পরিবার ও বুয়েট কর্তৃপক্ষের অনুরোধে ময়নাতদন্ত করা হয়নি খানজাহানের লাশের। গতকাল বাদ জোহর বুয়েট কেন্দ্রীয় জামে মসজিদে প্রথম জানাজা শেষে গ্রামের বাড়িতে তাঁর মরদেহ পাঠানো হয়। বাসচালক ও সহযোগীরা বাসটি রেখে পালিয়ে যায়।শিক্ষার্থীদের বিক্ষোভ, ভাঙচুর: মৃত্যুর খবর বুয়েট ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে সকাল ১০টার দিকে রাস্তায় নেমে আসেন বুয়েটের কয়েক শ বিক্ষুব্ধ ছাত্র। ক্যাম্পাসে তাঁরা কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা ক্যাম্পাসের বাইরে আজিমপুরে গিয়ে এলোপাতাড়ি গাড়ি ভাঙচুর শুরু করেন। আজিমপুর আবাসিক এলাকা থেকে ঘাতক বাসটি ঠেলে পলাশী মোড়ে নিয়ে আসেন শিক্ষার্থীরা। দুপুর সাড়ে ১২টার দিকে তাঁরা সিএনজিচালিত বাসটিতে আগুন ধরিয়ে দেন। একই সময় আজিমপুর মোড়ে আরও দুটি গাড়ি (মিরপুর লিংক ও মেট্রোলিংক) এবং ইডেন কলেজের হোস্টেল গেটের সামনে একটি মোহাম্মদপুর রুটের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় ইডেনের সামনের বাস কাউন্টারও ভাঙচুর করা হয়। ভাঙচুরের ছবি তোলার সময় পাঁচ-ছয়জন ফটোসাংবাদিক লাঞ্ছিত হন।লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সকাল আটটার দিকে আজিমপুরে বাসচাপায় বুয়েটের এক ছাত্রের মৃত্যু হয়। এর পর বুয়েটের ছাত্ররা কিছু গাড়ি ভাঙচুর করেন। তাঁরা চারটি বাসে আগুন ধরিয়ে দেন।লালবাগ থানার পুলিশ জানিয়েছে, নিহত ছাত্রের পরিবারের কেউ মামলা না করলে পুলিশ বাদী হয়ে মামলা করবে।বুয়েটের কর্মসূচি: খন্দকার খানজাহানের মৃত্যুতে আগামীকাল শনিবার শোক দিবস ঘোষণা করেছে বুয়েট কর্তৃপক্ষ। জনসংযোগ কর্মকর্তা শাহ আলম প্রথম আলোকে জানান, শনিবার শোক দিবস পালনের পাশাপাশি কালো ব্যাজ ধারণ করে বেলা একটায় মানববন্ধন কর্মসূচি পালন করবে বুয়েট পরিবার।