হঠাৎ বগি বাতিল ৫০০ ট্রেনযাত্রী বিপাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা ও চট্টগ্রামের মধ্যে চলাচলকারী আন্তনগর ট্রেন মহানগরের অন্তত পাঁচ শ যাত্রী তাদের নেওয়া অগ্রিম টিকিট দিয়ে গতকাল শুক্রবার ভ্রমণ করতে পারেনি। কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়াই ওই ট্রেনের বগির সংখ্যা ১১টি থেকে মাত্র ছয়টিতে কমিয়ে আনার কারণে এই অবস্থার সৃষ্টি হয়।খোঁজ নিয়ে জানা গেছে, পর্যাপ্ত বগির ব্যবস্থা করতে না পারায় রেল কর্তৃপক্ষ কিছু যাত্রীকে টিকিটের টাকা ফেরত দিয়েছে। কিন্তু ছুটি শেষে কর্মস্থলে ফেরার জন্য স্টেশনে আসা এসব যাত্রী গতকাল স্টেশনে আসার পর শেষ মুহূর্তে বগির স্বল্পতার বিষয়টি জানতে পারে। তাই ঢাকা-চট্টগ্রামসহ মোট নয়টি স্টেশনে যাত্রীদের বিপাকে পড়তে হয়েছে।এই ট্রেনটি প্রতিদিন সকাল সোয়া সাতটায় চট্টগ্রাম থেকে মহানগর প্রভাতী নামে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। এটি একই দিন বিকেল সাড়ে তিনটায় ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসে মহানগর গোধূলী নামে। দুই গন্তব্যের মধ্যবর্তী ফেনী, কুমিল্লা, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া, ভৈরব, নরসিংদী ও বিমানবন্দর স্টেশনে এটি যাত্রাবিরতি করে। তাই ঢাকা, চট্টগ্রামসহ মোট নয়টি স্টেশনে ওই ট্রেনের যাত্রীদের গতকাল ভোগান্তিতে পড়তে হয়।রেলওয়ে সূত্র জানায়, ১৯৮৫ সালে চালুর সময় এই ট্রেনের নিয়মিত বগির সংখ্যা ছিল ১৮। প্রতি বগিতে ৬০ জন করে একসঙ্গে ন্যূনতম এক হাজারের বেশি যাত্রী স্বচ্ছন্দে ভ্রমণের সুযোগ পেত। ঢাকা ও চট্টগ্রামের মধ্যবর্তী আরও সাত স্টেশনে যাত্রাবিরতির সুযোগ থাকায় বিভিন্ন জেলার যাত্রী স্বল্প সময়ে ঢাকা কিংবা চট্টগ্রামে যাতায়াতের জন্য এই ট্রেনটি ব্যবহার করত।সূত্র জানায়, ঈদের আগের দিন গত মঙ্গলবার ১১টি বগি নিয়ে ট্রেনটি চট্টগ্রাম থেকে যাত্রা শুরু করার পর যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ৩০ কিলোমিটার যাওয়ার পর কুমিরা স্টেশনে ট্রেনটি থামিয়ে দিতে হয়।এদিকে অনির্ধারিত গন্তব্যে ট্রেনটি দীর্ঘক্ষণ থেমে থাকার কারণে ঈদের ঘরমুখী উত্তেজিত যাত্রীরা সেদিন কুমিরা স্টেশন ভাঙচুর করে। পরে রেল কর্তৃপক্ষ চট্টগ্রাম থেকে প্রকৌশলী পাঠিয়ে বেঁকে যাওয়া বগি মেরামত করে এবং অতিরিক্ত যাত্রীদের অন্য বগিতে তুলে দিয়ে ট্রেনটির যাত্রার ব্যবস্থা করে প্রায় সাড়ে চার ঘণ্টা দেরিতে।রেলের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়, গতকাল সকালে ট্রেনটি চট্টগ্রাম থেকে প্রায় পৌনে এক ঘণ্টা দেরিতে ছেড়ে যায় মাত্র সাত বগি নিয়ে। বিকেলে ঢাকা থেকে ফিরতি যাত্রা করে আটটি বগি নিয়ে। সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে আসার পর জানা যায়, এটির একটি বগি অতিরিক্ত যাত্রীর চাপে বেঁকে গেছে। এ কারণে রাতে ট্রেনটি প্রায় দুই ঘণ্টা আটকে থাকে ওই স্টেশনে।রেলের পূর্বাঞ্চলের সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) সুফি নূর মোহাম্মদ প্রথম আলোকে বলেন, এই ট্রেনের বগিগুলো ধারণক্ষমতার বেশি যাত্রী নিলে বেঁকে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এরপর কারখানায় নিয়ে ওই বগি মেরামত করতে হয়। এসব কারণে ওই ট্রেনের বগি কমতে কমতে ১৮টি থেকে এখন আটটিতে নেমে এসেছে।জানা গেছে, এই ট্রেনের পাঁচটি বগি গত বছরের কোরবানি ঈদের সময় ঢাকার কাছে পুবাইল স্টেশনে অতিরিক্ত যাত্রীবোঝাইয়ের কারণে বেঁকে গিয়ে নষ্ট হয়। ২০০৮ সালেও টঙ্গীতে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত শেষে যাত্রী নিয়ে ফেরার পথে টঙ্গী ও বিমানবন্দর স্টেশনের মধ্যবর্তী জায়গায় ট্রেনের দুটি বগি বেঁকে গিয়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।রেল কর্মকর্তারা বলছেন, মহানগর ট্রেনের অবস্থা এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে বড়জোড় আটটি বগি দিয়ে ট্রেনটি চালানো যাবে।