হঠাৎ বিমানবন্দর স্টেশনে রেলমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগ ও রেলপথমন্ত্রী ওবায়দুল কাদের বিভিন্ন অভিযোগে ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশনে কর্মরত চারজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। আজ শুক্রবার সকালে ওবায়দুল কাদের ওই স্টেশনে ঝটিকা পরিদর্শনকালে এ নির্দেশ দেন। বাসসযোগাযোগ ও রেলপথমন্ত্রীর তথ্য কর্মকর্তা শরিফুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, অবৈধ বিদ্যুৎসংযোগ ও টিকিট কালোবাজারির অভিযোগে রেলওয়ের খালাসি লোকমানকে বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া টিকিট বিক্রিতে অতিরিক্ত টাকা আদায় ও কালোবাজারির সঙ্গে জড়িত থাকার কারণে বুকিং সহকারী আ. সালামকে এবং স্টেশনে অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের সহায়তা করার জন্য রেলওয়ে নিরাপত্তা পরিদর্শক ফিরোজকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। আর ডিসিও নাজমুলকে অন্যত্র বদলির নির্দেশ দেওয়া হয়। পরিদর্শনকালে মন্ত্রী বলেন, দুর্নীতি ও অনিয়মকারী এবং তাদের সমর্থনকারী সবাই সমান অপরাধী। দুর্নীতিবাজদের কঠোরভাবে দমন করা হবে। এর আগে সকালে মন্ত্রী ভলান্টিয়ারস বাংলাদেশ আয়োজিত ক্লিনিং প্রোগ্রামে অংশ নেন। এর অংশ হিসেবে তিনি উত্তরায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এবং সড়ক পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজেও অংশ নেন।ওবায়দুল কাদের বলেন, শুধু চালকই বেপরোয়া নন, সড়ক দুর্ঘটনার জন্য কমিউটাররাও দায়ী। তাদের ঝুঁকিপূর্ণভাবে সড়ক পারাপারের কারণেও দুর্ঘটনা ঘটছে। ট্রাফিক সচেতনতা বাড়ানোর লক্ষ্যে অবিলম্বে ট্রাফিক আইন বিষয়টিকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হবে বলে মন্ত্রী জানান। এ সময় সড়ক ও রেল বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।