হঠাৎ বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরে গতকাল শুক্রবার সন্ধ্যায় একটি ভবনের দোতলায় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে তিন ব্যক্তির শরীর ঝলসে গেছে। আহত হয়েছে আরও ছয়জন। ফায়ার সার্ভিস ও পুলিশের ধারণা, গ্যাস জমে এই বিস্ফোরণ ঘটেছে।গুরুতর আহত হয়েছেন বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের কর্মকর্তা আতিকুল্লাহ (৩৮), তাঁর ভাগনে ফোরকান আহমেদ (২০) ও কায়সারউদ্দিন (৩৫)। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁদের মুখমণ্ডল, হাত-পাসহ শরীরের প্রায় ৩০ শতাংশ ঝলসে গেছে।গতকাল ঘটনাস্থলে গিয়ে মিরপুর ২ নম্বরের ই ব্লকের ৫ নম্বর সড়কের ৫ নম্বর বাড়ির পুরো দোতলা লন্ডভন্ড দেখা যায়। জানালার গ্রিলসহ লোহার কাঠামো পর্যন্ত বাঁকা হয়ে গেছে, দেয়াল ফেটে গেছে। দোতলার একটি জানালার কাচও অবশিষ্ট নেই। চারতলা ওই বাড়ির ওপরে-নিচের তলাগুলোসহ বাড়ির সামনে, পেছনে ও পাশের আরও চারটি ভবনের জানালার কাচ ও কাঠের দরজা ভেঙে গেছে।ওই বাড়ির চারতলার ভাড়াটে ওমর ফারুক জানান, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বিকট শব্দে গোটা বাড়ি কেঁপে ওঠে। এরপর ঝুরঝুর করে ভেঙে পড়ে জানালার কাচ।বাড়িটির মালিক নূরজাহান জানান, বাড়ির দোতলার একপাশ একটি বিউটি পারলারকে ভাড়া দেওয়া হয়েছিল। তবে পারলারটি দুই মাস ধরে বন্ধ থাকায় আরেক পক্ষকে সেটি ভাড়া দেওয়া হয়েছে। দোতলার অপর পাশে একটি পোশাক কারখানা ভাড়া ছিল। বিউটি পারলারেই বিস্ফোরণটা ঘটে। বিস্ফোরণে বাড়ির নিচতলা, তিনতলা ও চারতলার জানালার কাচ ভেঙে গেছে।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি আতিকুল্লাহ জানান, তিনি স্থানীয় একটি সমবায় সমিতির সাধারণ সম্পাদক। সম্প্রতি তাঁরা দোতলায় বিউটি পারলারটি অফিস হিসেবে ভাড়া নেন। গতকাল সন্ধ্যায় তিনি ভাগনে ফোরকানসহ কায়সারকে অফিস দেখাতে নিয়ে যান। কক্ষে ঢুকে ফোরকান বাতি ও পাখার সুইচ দেওয়ামাত্র বিকট শব্দে বিস্ফোরণ ঘটে ও আগুন ধরে যায়।বাড়িটির পেছনের নির্মাণাধীন ভবনের একটি ফ্ল্যাটের মালিক আঞ্জুমান আরা জানান, তিনি তখন একটু দূরে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ প্রচণ্ড শব্দে বিস্ফোরণ, মাটি পর্যন্ত দুলে উঠল। সঙ্গে ওই ভবন থেকে কাচ আর আগুনের ফুলকি এসে পড়ল রাস্তায়। এক মিনিটের মধ্যেই নিভে যায় আগুন। জানালার ভাঙা কাচে তাঁর ভবনের ছয়জন নির্মাণশ্রমিক আহত হয়েছেন।ফায়ার সার্ভিসের উপপরিচালক শেখ মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ওখানে ব্যাপক শক্তি নিয়ে বিস্ফোরণটি ঘটেছে। তবে মূল জায়গায় বিস্ফোরকের কোনো আলামত পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, বাড়ির ভেতর গ্যাস জমে এ ঘটনা ঘটেছে। নয়াপল্টনের একটি হোটেল ও গুলশানের একটি বাসায়ও এ ধরনের ঘটনার উদাহরণ দিয়ে তিনি বলেন, সরবরাহ নল ফুটো হয়ে কোনো বদ্ধ জায়গায় গ্যাস জমে যেতে পারে। তারপর সেখানে কেউ আগুন জ্বালালে প্রচণ্ড শক্তি নিয়ে সেই জমে থাকা গ্যাস বিস্ফোরিত হয়। তিনি বলেন, ওই বাড়ির পয়োনিষ্কাশনের নল আর গ্যাসের নল একদম পাশাপাশি। সেখানে কোনো ফুটো হলো কি না, তা খুঁজে দেখতে হবে।মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী বলেন, ঘটনাস্থলে বোমা বিস্ফোরণের কোনো আলামত খুঁজে পাওয়া যায়নি। দেখে মনে হচ্ছে, গ্যাসের বিস্ফোরণ।লন্ডভন্ড সবকিছু: বিউটি পারলারের কক্ষটি ধরে যেন কেউ ঝাঁকি দিয়েছে। পারলারের সজ্জার তাক ভেঙে পড়েছে নিচে। উল্টেপাল্টে পড়ে আছে চেয়ারটেবিল, ড্রেসিং টেবিলসহ বিভিন্ন আসবাব। শীতাতপনিয়ন্ত্রিত পারলারটির কক্ষগুলোর সব দেয়াল ভেঙে একাকার হয়ে গেছে। একই তলার পাশের ছোট একটি পোশাক কারখানার ওপর দিয়ে যেন টর্নেডো বয়ে গেছে। কারখানায় ঢোকার দরজাটি ভেঙে পড়ে রয়েছে এক কোণে। একটি পর্টিশন বোর্ড ভেঙে উড়ে গিয়ে পড়েছে কক্ষের মাঝখানে।ওই বাড়ি থেকে অন্তত ২০০ গজ দূরের ৪ নম্বর বাড়ির ভেতরের বাথরুমের দেয়াল পর্যন্ত বাঁকা হয়ে গেছে। ভেতরে একটি তালা লাগানো দরজা ভেঙে খুলে গেছে। ওই বাড়ির সবগুলো ফ্রিজের দরজা এক ঝটকায় খুলে গেছে ঘটনার প্রভাবে। আরেকটি বাড়ির সামনের দরজার এক অংশ ভেঙে গেছে।