হঠাৎ বিস্ময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাজের চাপে এতই ব্যস্ত হয়ে পড়েছে যে আজকাল নিজেকে নিয়ে ভাবা তেমন একটা হয়ে ওঠে না শোভার। অনেক দিন পর লম্বা একটা ছুটি পেল সে। বড়দিনের ছুটি। প্রায় ১০ দিন ছুটি পেল এবার। উত্তরার হাউস বিল্ডিং এলাকায় একা একটি ফ্ল্যাট নিয়ে থাকে। বিয়ে হয়েছিল আমেরিকার এক পাত্রের সঙ্গে। এক রাত ছিল বিয়েটার স্থিতিকাল। কেননা স্বামী নাকি সেখানে আগেই একটা বিয়ে করে বসে আছে। মা-বাবার চাপে দেশে এসে আবার বিয়ে করতে হয়েছে। তাই সে শোভাকে সঙ্গে করে আর নিয়ে যায়নি। কলেজে পড়ার সময় বাবাকে হারিয়েছে, আর এক দিনের সংসারটা ভেঙে যাওয়ার পর মাও পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছে। ছোট ভাই পরিবার নিয়ে কানাডায় থাকে, আর বড় বোন থাকে স্বামী-সন্তান নিয়ে শ্বশুরবাড়ি।এত বড় একটা ছুটি পাওয়ায় শোভা যেন একটু বিপদেই পড়ে গেল। এখনকার বড়দিনগুলোকে ছোটবেলার বড়দিনের মতো আনন্দময় মনে হয় না তার। যেখানে সে কাজ করে, সেখানে খ্রিষ্টান আর কেউ না থাকায় খ্রিষ্টীয় পরিবেশ থেকে অনেকটা দূরে সরে গেছে। তবে চিরচেনা অভ্যাসবশত মনে-প্রাণে ধর্মটা রয়েই গেছে। সকালে ঘরের কাজগুলো সেরে নিয়ে শোভা তৈরি হয়ে নিল মার্কেটে যাবে বলে। ভাবল, ভাগনে-ভাগনি আর ভাতিজির জন্য বড়দিন উপলক্ষে কিছু কেনাকাটা করা দরকার। বনানী-১১, আজিজ সুপার মার্কেট, গাউছিয়া, নিউমার্কেট ও বসুন্ধরা সিটি ঘুরে ঘুরে অনেক কিছু কিনল। অনেক দিন পর বাইরে থেকে অনেক কিছু খেয়েও নিল। নিজেকে আজ একটু স্বাধীন মনে হতে লাগল তার। বিয়ের আগে মা-বাবার ঘরে আর চাকরিজীবনে অফিসের নিয়মের ভেতর অনেকটা পরাধীন জীবনে অভ্যস্ত হয়ে পড়েছিল সে। বড়দিন উপলক্ষে নিজের জন্যও নতুন শাড়ি কিনল। ঘর সাজাবে বলে অনেক সুন্দর সুন্দর জিনিসের সঙ্গে বিশাল বড় একটা ক্রিসমাস ট্রিও কিনল। নিজের গাড়ি থাকায় জিনিসগুলো উত্তরা পর্যন্ত বহনের ঝামেলা তাকে পোহাতে হলো না।ঘরদোর ঝাড়মোছ করা এবং একটা একটা করে সব ঘরকে সাজাতে গিয়ে কীভাবে যে শোভার দুদিন ছুটি পার হয়ে গেল বুঝতেই পারল না। ২৪ ডিসেম্বর সকালে শোভার ঘুম ভাঙল কলবেলের শব্দে। চোখ কচলাতে কচলাতে দরজার সামনে গিয়ে দাঁড়াল। আই-হোলে চোখ রাখতেই আঁতকে উঠল প্রথমটায়। তারপর তাড়াতাড়ি দরজা খুলে দেখে, অনেক অনেক বাক্স-পেটরা আর পরিবার নিয়ে বড় বোন আভা ও ছোট ভাই অভি দাঁড়িয়ে। বিমানবন্দর থেকে সোজা এখানে। শোভাকে ঠেলে সবাই হুড়মুড় করে ঘরে ঢুকে পড়ল। দেখে মনে হলো, যেন ঘরে ডাকাত পড়েছে। ছোটরা সব ‘সারপ্রাইজ, সারপ্রাইজ’ বলে চিৎকার করতে লাগল। শোভা আনন্দে আত্মহারা হয়ে গেল। মা মারা যাওয়ার তিন বছর পর এই প্রথম বড়দিন এসে গেল মনে হচ্ছে। শোভার ব্যস্ততা যেন বেড়ে গেছে। আভা, শোভা আর ভাইবউ জ্যোতি তিনজন মিলে রান্নাবান্না শেষ করল। দুপুরে খাওয়ার পর শোভা ছোটদের সবাইকে তাদের উপহারগুলো দিল। নতুন নতুন জামাকাপড় পরে সবাই মিলে এক গাড়িতে ঠাসাঠাসি করে তেজগাঁও গির্জায় এসে রাত ১২টায় হাজির হলো। দুই বছর হলো শোভা গাড়ি ড্রাইভ করে, কিন্তু আজকের মতো আনন্দ সে আর কোনো দিন পায়নি।২৫ ডিসেম্বর। সবাই যেন কোনো রকম বড়দিনটা পার করেই আবার তল্পিতল্পা গোছাতে লাগল। কিন্তু শোভা হতবাক হয়ে গেল তখনই, যখন সে দেখল, সবাই মিলে তার ব্যাগটাও গোছাচ্ছে। ব্যাপার কী, জানতে চাইলে কেউ কিছু বলে না। সন্ধ্যার পর আবার কলবেল। গভীর চিন্তিত শোভা দরজা খুলে দেখে, তার অফিসের সবচেয়ে কাছের মানুষ ফরিদ, পারভেজ আর মোনালিসা দাঁড়িয়ে। ফরিদ বলল, গাড়ি রেডি, সবাই তাড়াতাড়ি এসো। এবার শোভা কী করবে ভেবে পাচ্ছে না। অন্যরা সবাই লাগেজগুলো মাইক্রোয় উঠিয়ে নিল। আভা বলল, ‘তুই এত ভাবছিস কেন? আমাদের সঙ্গে চল। গেলেই দেখতে পাবি, আসলে কী হচ্ছে।’ শোভা বড় বোনের কথায় ভরসা করে রেডি হয়ে গাড়িতে গিয়ে বসল। গাড়ি সর্বশেষ যেখানে গিয়ে পৌঁছাল, সে জায়গার নাম বান্দরবান হিলটপ হোটেল। শোভা এবার বুঝতে পারল, সবাই তার ছুটির খবর জেনেই এমন প্ল্যান করেছে। নীলাচল, নীলগিরি, চিম্বুক পাহাড়, স্বর্ণমন্দির, রাঙামাটি লেক, ঝুলন্ত ব্রিজ—বাংলাদেশের এত সৌন্দর্য শোভার বড়দিনের আনন্দকে আরও দ্বিগুণ করে দিল।চার দিনের পারিবারিক এই আনন্দভ্রমণে শোভার বড়দিনের আনন্দ যেন আরও মহিমান্বিত হয়ে গেল। শোভা উপলব্ধি করল যে পৃথিবীতে সে একা নয়। ভাইবোন সবাই আছে তার সঙ্গে। এবারের বড়দিনটা তাকে সত্যি সত্যি চরম সারপ্রাইজ দিয়ে গেল।প্রথম আলোর পাঠক