হঠাৎ ভূগহ্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুয়াতেমালা শহরে প্রাকৃতিক ঝড়ে বিশাল এক ভূগহ্বর তৈরি হয়েছে। গহ্বরটি ২০ মিটার প্রশস্ত এবং প্রায় ৩০ মিটার গভীর। এই প্রাকৃতিক দুর্ঘটনা শহরবাসীকে আতঙ্কিত করলেও বিজ্ঞানীরা এটা নিয়ে খুবই উৎসুক। সে দেশের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার ভূপদার্থ প্রকৌশলী বলেন, কী কারণে মাটিতে এক বিশাল গোলাকৃতির গহ্বর তৈরি হয়েছে, সেটা এখনো নিশ্চিত নয়। কোনো ভূ-প্রাকৃতিক দুর্যোগে এটা হয়ে থাকতে পারে। তবে ভূমিকম্পের সঙ্গে এ ঘটনার সম্পর্কের কোনো লক্ষণ এখনো পাওয়া যায়নি। উল্লেখ্য, ১ জুন যে স্থানে এই ভূগহ্বর তৈরি হয়েছে, সেখান থেকে তিন মাইল দূরে তিন বছর আগে একই রকম একটি ভূগহ্বর তৈরি হয়েছিল। এবার ভূগহ্বরটি কোনো প্রাণ কেড়ে না নিলেও সেবার তিনজন মৃত্যুবরণ করেন। প্রাথমিকভাবে ভূগর্ভস্থ সুয়ারেজ-প্রবাহকে দায়ী করা হয়েছিল। এবারও বিজ্ঞানীরা ভাবছেন, গুয়াতেমালা শহরে তিন বছর অন্তর দুটি বিশাল ভূগহ্বর সৃষ্টির পেছনে নিশ্চয় বড় কোনো রহস্য আছে। বর্তমানে তাঁরা সেই রহস্যের সমাধানে কাজ করে চলেছেন। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য পুরকৌশলী জামিলুর রেজা চৌধুরী বলেছেন, গুয়াতেমালার এ ঘটনা ভূমিকম্পের কারণে ঘটেনি। সম্ভবত সেখানে নিচের মাটি নরম ছিল বা নিচে পানি জমে ছিল। পরে মাটি বা পানি সরে যাওয়ায় ওপরের মাটি ধসে পড়ে নিচের শূন্যস্থানে চলে গেছে।—সুব্রত দেবনাথ