২৪ এপ্রিল অনুষ্ঠেয় ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) উপনির্বাচন সাত দিন পিছিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির প্রার্থী হাফিজউদ্দিন আহমেদ। এর জবাবে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা তোফায়েল আহমেদ বলেছেন, নির্বাচনী আইন অনুযায়ী এ উপনির্বাচন পেছানোর সুযোগ নেই।প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা বলেছেন, মানুষ শান্তিপূর্ণ নির্বাচন চায়। মনে হচ্ছে, এখানে মারামারি ছাড়া আর কোনো সমস্যা নেই। উল্লেখ্য, গতকালও সেখানে বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটেছে।হাফিজউদ্দিনের অভিযোগ, সেখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো ঠিক হয়নি। অনেক বহিরাগত অবৈধ অস্ত্র নিয়ে রয়ে গেছে। বহিরাগতদের বের করে না দিলে এবং অস্ত্র উদ্ধার না হলে নির্বাচন সুষ্ঠু হবে না। গতকাল বিকেলে লালমোহনে নিজ বাসভবনে হাফিজউদ্দিন সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।ভোট গ্রহণের তিন দিন আগে হাফিজের এ দাবি নির্বাচন বর্জনের ইঙ্গিত কি না, এটা গতকাল নির্বাচনী এলাকায় আলোচনার বড় বিষয় ছিল। এ বিষয়ে ঢাকায় বিএনপির দায়িত্বশীল নেতাদের সঙ্গে যোগাযোগ করা হলে গত রাতে তাঁরা বলেন, নির্বাচন বর্জনের বিষয়ে দল কোনো সিদ্ধান্ত নেয়নি।দাবি অনুযায়ী সাত দিন নির্বাচন পেছানো না হলে তাঁর অবস্থান কী হবে, জানতে চাইলে হাফিজউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমি আজ নেত্রীর (খালেদা জিয়া) সঙ্গে আলাপ করব। এরপর সিদ্ধান্ত নেওয়া হবে।’ তিনি এও বলেন, তাঁরা নির্বাচন বর্জন করতে চান না।গতকাল সংবাদ সম্মেলনে হাফিজের সঙ্গে ছিলেন দলীয় তিন সাংসদ নজরুল ইসলাম, শহীদ উদ্দিন চৌধুরী ও আশরাফ উদ্দিন। নির্বাচন পেছানোর এই দাবি ভোট বর্জনের ইঙ্গিত কি না—এ প্রশ্নের জবাবে সাংসদ নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘হাফিজউদ্দিন বলেছেন, সরকারি দলের হামলা ও বাধার কারণে আমরা তো কাজ করতে পারছি না। এ অবস্থায় নির্বাচনের প্রস্তুতির জন্য এক সপ্তাহ ভোট পেছানোর আবেদন করেছেন। তার মানে এই নয় যে বিএনপি ২৪ এপ্রিলের ভোট বর্জন করবে।’গতকাল সকালেও হাফিজউদ্দিন সংবাদ সম্মেলন করে বলেছেন, নির্বাচন কমিশন তাঁদের দাবি মানছে না। সময়মতো র্যাব নামায়নি। সেনাবাহিনীও দেওয়া হয়নি। অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেপ্তার করেনি।আওয়ামী লীগের পাল্টা অভিযোগ: সন্ধ্যায় লালমোহন পৌর এলাকার উত্তর বাজার চত্বরে আওয়ামী লীগের প্রার্থী নূরনবী চৌধুরীর পক্ষে জনসভা হয়। এতে দলের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, হাফিজউদ্দিন নির্বাচনী আইনও জানেন না। আইন অনুযায়ী আসন শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে উপনির্বাচন সম্পন্ন করতে হবে। এর মধ্যে আবার সাত দিন হাতে রাখতে হয়, যাতে কোনো কেন্দ্রে ভোট বাতিল হলে পুনর্নির্বাচন করা যায়।এর আগে লালমোহনে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ অভিযোগ করেন, বিএনপি বিভিন্ন এলাকায় গোলযোগ সৃষ্টি করে নির্বাচন বানচাল করার চেষ্টা করছে। মিথ্যা বিষয় সামনে এনে নির্বাচনকে বিতর্কিত করার পাঁয়তারা করা হচ্ছে। তিনি বলেন, ‘আমাদের নেতা-কর্মীদের মারধর করা হচ্ছে। কিন্তু আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, প্রতিশোধ নিচ্ছি না। সহিংস ঘটনা ঘটিয়ে পরিকল্পিতভাবে গণমাধ্যমে প্রচার করে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে।’সিইসি বলেন: সিইসি শামসুল হুদা গতকাল তজুমদ্দিন উপজেলায় ভোটারদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের বলেন, ‘মনে হচ্ছে, এখানে মারামারি ছাড়া আর কোনো সমস্যা নেই। কিন্তু মানুষ শান্তিপূর্ণ নির্বাচন চায়। আসলে দুই দলই এক, দুই দলই খারাপ। তারা সবকিছু রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে দেখে বলে এসব সমস্যা সৃষ্টি করে।’সিইসি তজুমদ্দিনের পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি ফেরার পথে লালমোহনের লর্ড হার্ডিঞ্জ বাজারেও ভোটারদের সঙ্গে কথা বলেন।সিইসি ভোটারদের উদ্দেশে বলেন, ‘ভয় প্রদানকারী সন্ত্রাসী দৃশ্যমান। ভোটের দিন এবং ভোটের পরে আপনাদের কাছাকাছি আইনশৃঙ্খলা বাহিনী টহলে থাকবে। সমস্যা হলেই খবর দেবেন। আপনারা নির্ভয়ে ভোটকেন্দ্রে যাবেন। ভোটের পরও আপনাদের নিরাপত্তা দেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে।’সিইসি বলেন, ‘বিএনপির প্রার্থীর অভিযোগগুলো নিয়ে আমি সন্দিহান। তাঁদের অভিযোগের তেমন কোনো সত্যতা পাওয়া যাচ্ছে না। তার পরও প্রতিটি অভিযোগ তদন্ত করা হবে।’সংঘর্ষ: গতকালও লালমোহন ও তজুমদ্দিন উপজেলার বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে।লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের রায়রাবাদ গ্রামের দেলোয়ার হোসেনের ঘর ভাঙচুর করেছে আওয়ামী লীগের সমর্থকেরা। এ ঘটনায় জসিম উদ্দিন নামের এক আওয়ামী লীগ সমর্থককে গ্রেপ্তার করে র্যাব। বদরপুর ইউনিয়নের হাজিরহাট স্কুলের পেছনে খাঁ বাড়ির অলিউল্লাহকে মারধর করেছে সেখানকার আওয়ামী লীগের সমর্থকেরা।লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান প্রথম আলোকে বলেন, জসিমকে ম্যাজিস্ট্রেট জিজ্ঞাসাবাদ করেছেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় ছেড়ে দেওয়া হয়েছে।বিএনপির প্রার্থী হাফিজউদ্দিন সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, কামাল নামের আওয়ামী লীগের এক কর্মীর নেতৃত্বে রায়রাবাদে হামলা হয়। পুলিশ ও র্যাবকে জানানোর পরও তারা সময়মতো ঘটনাস্থলে যায়নি। তিনি দাবি করেন, এ পর্যন্ত তাঁর আড়াই শ কর্মীকে আহত করা হয়েছে। থানায় মামলা নেওয়া হচ্ছে না।তজুমদ্দিন উপজেলার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন চর জহিরউদ্দিনের সেলিম বাজারে গত মঙ্গলবার বিকেলে স্থানীয় বিএনপির সমর্থকদের ওপর আওয়ামী লীগের সমর্থকেরা হামলা করে বলে স্থানীয় সূত্রগুলো জানায়।এদিকে গতকাল লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ফরাশগঞ্জ ইউনিয়নের পেশকার হাটের আবদুর রব জানান, গত রাতে তাঁকে আওয়ামী লীগের কর্মীরা পিটিয়েছেন।সমন্বয় সেল: উপনির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষা সমন্বয় সেল গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (রাজনৈতিক) কামালউদ্দিন এ সেলের কার্যক্রম তদারক করবেন। আজ বৃহস্পতিবার ভোর ছয়টায় সেলের কার্যক্রম শুরু হবে। গতকাল মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।ভোলা-৩ আসনের আইনশৃঙ্খলা সম্পর্কে বিভিন্ন তথ্য ও অভিযোগ এ সেল গ্রহণ করবে। সরাসরি ৭১৬৮২০৮ নম্বরে ফোন অথবা ৭১৬২৭৫৩ নম্বরে ফ্যাক্স করে যেকোনো তথ্য জানানো যাবে। মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা পালাক্রমে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করবেন। ২৫ এপ্রিল রাত ১০টা পর্যন্ত এ সেল খোলা থাকবে।নির্বাচনী এলাকার তথ্য সেলের কাছে সরবরাহের জন্য পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), বরিশাল বিভাগীয় কমিশনার, ভোলা জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।প্রতিনিধি পাঠাতে চায় বিএনপি: ভোটের দিন বিএনপির ২০ সদস্যের প্রতিনিধিদল পাঠাতে চায় বিএনপি। গতকাল ঢাকায় নির্বাচন কমিশন কার্যালয়ে দুই নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেনের সঙ্গে বৈঠক করে বিএনপির দুই সদস্যের একটি প্রতিনিধিদল তাদের প্রতিনিধি পাঠানোর অনুমতি চেয়েছে।বিএনপির প্রতিনিধিদলে ছিলেন জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দপ্তর সম্পাদক রুহুল কবীর রিজভী আহমেদ। বৈঠক শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের এ কথা জানান।নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন সাংবাদিকদের জানান, সিইসি ভোলা থেকে ফিরে আসার পর এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।