হঠাৎ হরতালে দুর্ভোগ ঘরমুখো মানুষের
চট্টগ্রামের আন্তনগর ট্রেন মহানগর গোধূলী ছাড়ার কথা বেলা তিনটায়। কিন্তু আগের দিন রাত সাড়ে ১১টার মধ্যেই কমলাপুর স্টেশনে হাজির হয়েছেন মিরপুর পীরেরবাগের বাসিন্দা আবদুস সামাদ। সঙ্গে ১২ বছরের ছেলে। বললেন, ‘দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অনেক কষ্টে রোববারের দুটি টিকিট সংগ্রহ করেছি। হঠাৎ হরতাল ঘোষণার কারণে শনিবার রাতেই ছেলেকে সঙ্গে নিয়ে স্টেশনে এসেছি। প্লাটফর্মে নির্ঘুম রাত কাটিয়েছি। ছেলেটা ময়লা মেঝেতেই ঘুমিয়ে পড়েছিল।’গতকাল সকাল ১০টার দিকে আবদুস সামাদের সঙ্গে কথা হয়। হরতালের প্রতি প্রচণ্ড বিরক্তি প্রকাশ করেন তিনি। বলেন, ‘একজনের বাড়ি হারানোর কারণে লাখ লাখ মানুষের বাড়ি যাওয়ার পথ বন্ধ করার অধিকার কারও নেই। কিন্তু এ দেশে সবই সম্ভব!’রুবিনা আক্তার গুলশান থেকে গাবতলী আসেন সকাল ছয়টায়। ঝিনাইদহ যাওয়ার বাসের অগ্রিম টিকিট তিনি কিনেছেন। বাস ছাড়ার কথা সকাল সাতটায়। কিন্তু এসে জানতে পারেন, সন্ধ্যা ছয়টার আগে বাস ছাড়বে না। এ কথা শুনে মাথায় বাজ পড়ে রুবিনার। ছোট্ট দুটি ছেলেকে নিয়ে অপেক্ষা করতে করতে একপর্যায়ে ক্লান্ত হয়ে পড়েন তিনি। বেলা তিনটায় যখন এই প্রতিবেদকের সঙ্গে কথা হয়, তখন তিনি পত্রিকা বিছিয়ে ছেলেদের শুইয়ে রেখেছেন। খুব ক্লান্ত, প্রচণ্ড ক্ষুব্ধ তিনি। বললেন, ‘অন্যায় করলে সরকার ও বিরোধী দল করেছে। আমরা তো কোনো অন্যায় করিনি। তাহলে আমাদের কেন এত ভোগান্তিতে পড়তে হবে!’এ রকম ভোগান্তি নিয়ে অপেক্ষা করছিলেন শত শত যাত্রী। শুধু কমলাপুর আর গাবতলী নয়, রাজধানীসহ সারা দেশের মানুষের একই কষ্ট। বিএনপির ডাকা হরতাল এবং কিছু বাসমালিকের স্বেচ্ছাচারী সিদ্ধান্তের কারণে ঈদে ঘরমুখো মানুষের এই দুর্দশা। কারণ হরতাল সত্ত্বেও দূরপাল্লার বাস চলবে বলে কিছু বাস কাউন্টার থেকে মাইকে ঘোষণা দেওয়া হয়।এই ঘোষণা মুহূর্তেই ছড়িয়ে পড়ে। যাত্রীদের কেউ রাতে, কেউ বা ভোরেই চলে আসেন বাস টার্মিনালগুলোতে। সকালে যানবাহন না পাওয়ার আতঙ্কে অনেক রেলযাত্রীও কমলাপুর স্টেশনে এসে রাত কাটান। কেউ কেউ ছিনতাইকারীর কবলেও পড়েন।পুরান ঢাকার আগা সাদেক সড়ক থেকে হরতাল শুরুর আগে স্টেশনে পৌঁছান আফরোজা বানু। তিনি বলেন, বিকেল চারটার ট্রেনে সিলেটে যাবেন। কিন্তু হরতালের কারণে আগেই চলে এসেছেন। পথে বাংলাদেশ ব্যাংক হয়ে দক্ষিণ কমলাপুরে আসতেই তাঁর রিকশা রোধ করে দুই ছিনতাইকারী, ছিনিয়ে নেয় তাঁর হাতের ব্যাগ।কমলাপুর স্টেশন থেকে গতকাল সব ট্রেনই আগের মতো ছেড়ে গেছে। তবে মহানগর প্রভাতী নরসিংদী গিয়ে প্রায় দুই ঘণ্টা আটকে ছিল। রেলওয়ে সূত্র জানায়, হরতালের সমর্থকদের ছোড়া পাথরের ঢিল চালকের মাথায় লাগলে তিনি আহত হন। এরপর ঢাকা থেকে চালক পাঠিয়ে ট্রেনটি চট্টগ্রাম পাঠানো হয়।বাস: অগ্রিম টিকিট কাটা অনেক বাসযাত্রীকে ১০-১২ ঘণ্টা টার্মিনালগুলোতে বসে কাটাতে হয়েছে। এতে অনেক নারী-শিশু অসুস্থ হয়ে পড়ে।হরতালের কারণে সারা দিন বন্ধ থাকার পর সন্ধ্যার দিকে দূরপাল্লার বাস চলাচল শুরু হয়। অনেক যাত্রী বিরক্ত হয়ে টিকিট ফিরিয়ে দিয়ে বাড়ি যাওয়াই বাদ দিয়েছেন। সন্ধ্যার দিকে বাস চলা শুরু হলে অনেক যাত্রীকে মোড়ায় বসিয়ে এবং কিছু বাসে দাঁড় করিয়ে যাত্রী বহন করা হয়। ক্লান্ত, অসহায় যাত্রীরা সব অন্যায় মেনে বাড়ি রওনা দেন।যাত্রীরা জানান, বাস কাউন্টারে ফোন দেওয়ার পর তারা বলেছে, সঠিক সময়ে বাস ছাড়বে। সে জন্য তাঁরা টার্মিনালে এসেছেন। আর টিকিট বিক্রেতারা জানান, শনিবার বিএনপি হরতাল ডাকার পর রাতে গাবতলীতে বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মাইকে ঘোষণা দিয়ে বলা হয়, বাস চলবে। কিন্তু গতকাল সকালে তারা বাস চালানোর সাহস পায়নি।সকাল ১০টার দিকে কল্যাণপুরে এস আর পরিবহনের কাউন্টারে কথা হয় আলতাফ হোসেনের সঙ্গে। যাত্রাবাড়ী থেকে পরিবারের সদস্যদের নিয়ে কিছু পথ রিকশায়, কিছু পথ ভ্যানে কল্যাণপুর আসেন। বাস ছাড়ার কথা বেলা ১১টায়। কিন্তু সন্ধ্যার আগে কোনো বাসই চলবে না। ক্ষুব্ধ আলতাফ রাজনীতিবিদদের প্রতি তির্যক মন্তব্য ছোড়েন। হতাশ হয় বলেন, এবার আর বাড়ি যাওয়া হবে না!শারমীন সুলতানা, মনিরা ও সুরমা—তিন বন্ধুর অভিযোগ, তাঁরা যতবারই ফোন করেন, কাউন্টার থেকে নিশ্চিত করা হয়, সময়মতো বাস ছাড়বে। কিন্তু আসার পর বলছে, সন্ধ্যার আগে বাস ছাড়বে না। তাঁদের যাওয়ার কথা যশোর। বিকেলেও তাঁদের কলেজগেটে হানিফ পরিবহনের কাউন্টারের সামনে মালপত্র নিয়ে বসে থাকতে দেখা যায়।হানিফ পরিবহনের কর্মী আনিসুল হক বলেন, তাঁদের বাস চালানোর ইচ্ছা ছিল। কিন্তু অন্য কেউ চালাচ্ছে না বলে তাঁরাও ঝুঁকি নেননি।অবশ্য শ্যামলী পরিবহন বেশ কিছু বাস চালিয়েছে হরতালের মধ্যেও। তবে সেখানেও দুই থেকে তিন ঘণ্টা দেরিতে বাস ছেড়েছে।সকাল সাড়ে আটটার দিকে সায়েদাবাদে হানিফ পরিহনের টিকিট কাউন্টারে কথা হয় লোকমান মিয়ার সঙ্গে। স্ত্রী ও দুই মাসের সন্তানকে নিয়ে বসে আছেন। তিনি জানান, কদিন হলো দুবাই থেকে দেশে এসেছেন। মুন্সিগঞ্জের শ্রীনগরে শ্বশুরবাড়িতে বেড়াতে এসে বেকায়দায় পড়েছেন। এখন সিলেটের অগ্রিম টিকিট কেটে বসে আছেন। তিনি জানান, তাঁর শিশুসন্তান অসুস্থ হয়ে পড়েছে।হরতালে বাস চালানোর ঘোষণা দিলেও দূরপাল্লার রুটে সরকারি পরিবহন সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কোনো বাস চলেনি। রাজধানীর ভেতর বিআরটিসির কিছু বাস চলেছে। মতিঝিল ও কল্যাণপুরে বিআরটিসির ডিপোতে গিয়ে দেখা গেছে গেটে তালা ঝুলছে, টিকিট কাউন্টারও বন্ধ। লঞ্চ: ঈদের আগের দিনগুলোয় সদরঘাটে লঞ্চের ছাদেও অতিরিক্ত যাত্রী উঠে পড়েন। কিন্তু গতকাল সকাল থেকে অনেক লঞ্চ যাত্রীর অভাবে ছাড়তে পারছিল না। চাঁদপুর, মাদারীপুর, শরীয়তপুরসহ কয়েকটি গন্তব্যে সকাল থেকে বেলা ১১টার মধ্যে ২০টির মতো লঞ্চ ছেড়ে যায়। তবে যাত্রীদের দূর-দূরান্ত থেকে মালামাল কাঁধে নিয়ে আসতে হয়েছে।বেলা বাড়তেই হেঁটে, রিকশা বা ভ্যানে আসা যাত্রীদের ভিড় বাড়তে থাকে টার্মিনালে। কিন্তু নিরাপত্তার অভাবে অনেক লঞ্চ হরতাল শেষে ছাড়ার সিদ্ধান্ত নেয়। এমভি সৈকতের কর্মচারী আবু তালেব জানান, হরতাল শেষ হলে তাদের লঞ্চে কয়েক গুণ বেশি যাত্রী ধরবে।