হঠাৎ ৩২ আসনে প্রার্থী ঘোষণা এরশাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী দশম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে এখনো অচলাবস্থা চলছে। এখনো ঘোষণা করা হয়নি নির্বাচনের দিনক্ষণ। এমন অবস্থার মধ্যেই আগামী নির্বাচনে ৩২ আসনে প্রার্থী মনোনীত করেছে মহাজোটের অন্যতম শরিক দল জাতীয় পার্টি। তাঁরা এখন থেকেই নিজ নিজ এলাকায় দলের মনোনীত প্রার্থী হিসেবে প্রচার-প্রচারণা চালাতে পারবেন। আজ সোমবার প্রার্থী মনোনয়নের এই ঘোষণা দেন দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ।চেয়ারম্যানের প্রেস সচিব সুনীল শুভরায়ের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্ভাব্য প্রার্থীদের মধ্য থেকে রংপুর ছাড়া অন্যান্য বিভাগ থেকে ৩২ জনকে জাতীয় পার্টি মনোনয়ন দিয়েছে। দলের তৃণমূল পর্যায় থেকে পাওয়া তথ্য এবং প্রার্থীদের কর্মতত্পরতার ভিত্তিতে দলের চেয়ারম্যান প্রথম পর্যায়ে ৩২ জনকে মনোনীত করেছেন। তাঁরা দলের মনোনীত প্রার্থী হিসেবে প্রচার-প্রচারণা চালাতে পারবেন।৩২ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থীরা হলেন: রওশন এরশাদ (ময়মনসিংহ-৪), কাজী জাফর আহমদ (কুমিল্লা-১১), এ বি এম রুহুল আমিন হাওলাদার (পটুয়াখালী-১), আনিসুল ইসলাম মাহমুদ (চট্টগ্রাম-৪), দেলোয়ার হোসেন খান (ঢাকা-৯), কাজী মাহমুদ হাসান (নরসিংদী-৪ অথবা গাজীপুর-২), জিয়াউদ্দিন আহমেদ বাবলু (চট্টগ্রাম-৫), আহসান হাবিব লিংকন (কুষ্টিয়া-২), আতিকুর রহমান (হবিগঞ্জ-৩), সোলায়মান আলম শেঠ (চট্টগ্রাম-৮), মুজিবুল হক (কিশোরগঞ্জ-৩), এস এম আবদুল মান্নান (মানিকগঞ্জ-২), সালমা ইসলাম (ঢাকা-১), সুনীল শুভরায় (খুলনা-১), রত্না আমিন হাওলাদার (বরিশাল-৬), মোস্তফা জামান বেবী (নরসিংদী-১), সৈয়দ দিদার বখত (সাতক্ষীরা-১), নবাব আলী আব্বাস (মৌলভীবাজার-২), জিয়াউল হক মৃধা (ব্রাহ্মণবাড়িয়া-২), শহিদুল ইসলাম (চাঁদপুর-২), খন্দকার আবদুস সালাম (গাজীপুর-১), রেজাউল ইসলাম ভূঁইয়া (ব্রাহ্মণবাড়িয়া-৩), সেলিম উদ্দিন (সিলেট-৬), হাসান সিরাজ সুজা (মাগুরা-২), আলাউদ্দিন (ফেনী-২), শফিকুল ইসলাম (খুলনা-৬), শরিফুল ইসলাম চৌধুরী (যশোর-৫), আশরাফ সিদ্দিকী (টাঙ্গাইল-৮), সাব্বির আহমেদ (সিলেট-৫), সোমনাথ দে (বাগেরহাট-৪), শংকর পাল (হবিগঞ্জ-২), শাহাব উদ্দিন (রাজশাহী-৩)। এদিকে, নির্ধারিত সময়ের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি নির্দলীয় সরকারের সম্ভাবনা নাকচ করে দিয়ে বলেছেন, সংবিধানে যে পদ্ধতিতে নির্বাচন হওয়ার কথা বলা আছে, সেভাবেই নির্বাচন হবে। নির্বাচন নিয়ে দ্বিধাদ্বন্দ্বের কোনো অবকাশ নেই। নির্বাচনে কে আসবে আর কে আসবে না, তা ভাবার দরকার নেই। গতকাল রোববার জাতীয় সংসদে দলীয় সাংসদের উদ্দেশে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।অন্যদিকে, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া অন্য কোনো সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচনে প্রধান বিরোধী দল বিএনপি অংশ নেবে না বলে জানিয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন হলে তা প্রতিহত করারও ঘোষণা দিয়েছে তারা।