হতবাক বিনিয়োগকারীরা, বিক্ষোভ
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) পাঁচ মিনিটে মূল্যসূচক ৬০০ পয়েন্টের বেশি কমে যাওয়ায় গতকাল বৃহস্পতিবার বিক্ষোভে ফেটে পড়েন বিনিয়োগকারীরা। পুলিশের সঙ্গে তাঁদের দফায় দফায় সংঘর্ষে পুলিশসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। পুলিশ ২০ জনকে আটক করেছে।দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সামনেও বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন বিনিয়োগকারীরা। চট্টগ্রামে আটক করা হয় ১০ জনকে। এ ছাড়া সিলেট, বরিশাল, খুলনা, কুমিল্লা, ফেনী, সিরাজগঞ্জ, নোয়াখালী ও সুনামগঞ্জের জগন্নাথপুরে ব্যাপক বিক্ষোভ হয়েছে। সিলেট নগরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বাসভবনের সামনেও বিক্ষোভ হয়েছে।ডিএসইতে বেলা একটায় লেনদেন শুরুর ছয় মিনিটের মাথায় বিনিয়োগকারীদের হতবাক করে মূল্যসূচক ৬০০ পয়েন্ট কমে যায়। সঙ্গে সঙ্গে পুঁজি হারানো বিনিয়োগকারীরা মতিঝিলসহ আশপাশের সড়কে নেমে আসেন ও বিক্ষোভ শুরু করেন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শত শত বিনিয়োগকারী মতিঝিলে ডিএসইর সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। ডিএসইর আশপাশের উঁচু ভবন থেকে ইটপাটকেল ছোড়া শুরু হয়। এসব ইটপাটকেল রাস্তায় অবস্থান নেওয়া পুলিশের আশপাশে পড়ে। একপর্যায়ে পুলিশ বিক্ষোভকারীদের লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। এতে তাঁরা কিছুক্ষণের জন্য পিছু হটলেও আবার সড়কে অবস্থান নেন। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া হয়। বেশ কিছু যানবাহন ভাঙচুর হলে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভকারীরা মতিঝিল বাণিজ্যিক এলাকার প্রধান সড়কে বাঁশের টুকরোয় আগুন ধরিয়ে দেন। একপর্যায়ে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুড়লে তাঁরা আশপাশের বিভিন্ন গলিতে অবস্থান নেন। পুলিশ গলিতে ঢুকেও লাঠিপেটা করে। সংঘর্ষ টিকাটুলী মোড় পর্যন্ত ছড়িয়ে পড়ে। বিকেল তিনটা পর্যন্ত এ অবস্থা চলে। সংঘর্ষে কয়েকজন পুলিশসহ অন্তত ৫০ জন আহত হন। বিকেল চারটার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।একজন ক্ষুব্ধ বিনিয়োগকারী বলেন, ‘আমাদের পুঁজি শেষ। প্রশাসনের ভুলে আজকের এ অবস্থা। এর পেছনে নিশ্চয়ই জুয়ারিদের হাত রয়েছে।’মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, বিক্ষোভকারীরা যানবাহন ভাঙচুর শুরু করলে মতিঝিল প্রধান সড়কসহ সংযোগ সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের পাঁচটি শেল ছোড়া হয়েছে। তিনি বলেন, বিক্ষোভকারীদের হামলায় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পুলিশের ওপর হামলার অভিযোগে আটক হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা হবে এবং এই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হবে।মিরপুর: ডিএসইতে লেনদেন বন্ধ হওয়ার পর বিনিয়োগকারীরা মিরপুর ১০ নম্বর গোলচত্বর ও ১ নম্বর বাসস্ট্যান্ডের কাছে বিক্ষোভ করেন। মিরপুর ১০ নম্বরে তাঁরা কয়েকটি বাস ও হিউম্যান হলার ভাঙচুর করেন।মিরপুর থানার ওসি কাজী ওয়াজেদ আলী বলেন, বিক্ষোভকারীদের রাস্তা থেকে দ্রুত সরিয়ে দেয় পুলিশ।ধানমন্ডি: ধানমন্ডির ৯/এ নম্বর সড়কে একদল বিনিয়োগকারী বিক্ষোভ করেন। তবে ধানমন্ডি থানার ওসি শাহ আলম জানান, বিনিয়োগকারীরা রাস্তায় নামলেও বিক্ষোভ করতে দেওয়া হয়নি।কারওয়ান বাজার: বেলা দেড়টার দিকে একদল বিনিয়োগকারী কারওয়ান বাজারসংলগ্ন সোনারগাঁও ক্রসিংয়ে বিক্ষোভ করেন।ঢাকার বাইরে বিক্ষোভআমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:চট্টগ্রাম: সিএসইতে লেনদেন বন্ধ হওয়ার পরপরই বিভিন্ন ব্রোকারেজ হাউস থেকে বিনিয়োগকারীরা রাস্তায় নেমে আসেন। তাঁদের একটি দল বেলা দেড়টা থেকে দুইটা পর্যন্ত আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় সিএসইর সামনের সড়ক অবরোধ করে। পুলিশ তাঁদের মূল সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ জানালে তাঁরা সিএসইর দিকে রওনা হন। পুলিশ ১০ জনকে ভেতরে যাওয়ার অনুমতি দেয়। সেখানে বিনিয়োগকারীদের প্রতিনিধিদল গতকালের লেনদেন বাতিলসহ নয় দফা দাবিসংবলিত স্মারকলিপি দেয়।অন্য দাবির মধ্যে রয়েছে: শেয়ারবাজারে দুর্নীতির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে শাস্তি দান; শেয়ারবাজার অস্থিতিশীল করার সঙ্গে জড়িত মার্চেন্ট ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল; প্রতিদিন সার্কিট নিচে ১০০ এবং ওপরের দিকে সীমা না থাকা; ডিএসই, সিএসই, এসইসির প্রধানদের পরিবর্তন; দ্রুত পরিস্থিতির উন্নয়ন না করে লেনদেন চালু না করা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও অর্থমন্ত্রীর পদত্যাগ।প্রত্যক্ষদর্শীরা জানান, বিনিয়োগকারীরা আগ্রাবাদের বারিক বিল্ডিং থেকে বাদামতলী মোড় পর্যন্ত বিক্ষোভ, ইটপাটকেল নিক্ষেপ ও যানবাহন ভাঙচুর করেন। এ সময় ১০ জনকে আটক করা হয়। আটককৃতদের মুক্তির দাবিতে বিনিয়োগকারীরা মানববন্ধন করেন।সিলেট: বিনিয়োগকারীরা চৌহাট্টায় ডিএসই ও সিএসইর শাখা কার্যালয়ের সামনের সড়ক অবরোধ করেন। সেখান থেকে তাঁরা একটি মিছিল বের করে আম্বরখানা, চৌহাট্টা, জিন্দাবাজার ও বন্দরবাজার সড়ক প্রদক্ষিণ করেন। বেলা পৌনে তিনটার দিকে তাঁরা মিছিল নিয়ে ধোপাদীঘির পাড়ে অর্থমন্ত্রীর বাসভবনের সামনে গিয়ে বিক্ষোভ করেন। এ সময় কাল শনিবার সিলেটে সকাল-সন্ধ্যা হরতালের গুজব ছড়িয়ে পড়ে।সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) রেজাউল করিম বলেন, শেয়ারের দরপতনে বিনিয়োগকারীরা বিক্ষোভ করেছেন ঠিক, তবে হরতাল আহ্বানের বিষয়টি গুজব।বরিশাল: বরিশালের পাঁচটি ব্রোকারেজ হাউসের শত শত বিনিয়োগকারী বিক্ষোভ মিছিল নিয়ে সদর রোডে অবরোধ করেন। পুলিশ তাঁদের সরানোর চেষ্টা করে ব্যর্থ হয়। সাংসদ তালুকদার ইউনুস মাইক্রোবাসযোগে ওই স্থান অতিক্রমকালে বিক্ষোভকারীরা তাঁকে ঘিরে রাখেন। পরে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে। বিনিয়োগকারীরা অর্থমন্ত্রী, গভর্নর, সিএসই, ডিএসই ও এসইসির প্রধানের পদত্যাগ দাবি করেন।খুলনা: সোয়া একটায় শিববাড়ি মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে খুলনা-যশোর মহাসড়ক ধরে পিকচার প্যালেস মোড়ে সড়কে অবস্থান নেয়। এ সময় বিক্ষোভকারীরা আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে। পরে পুলিশ লাঠিপেটা করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এতে দুই পথচারী আহত হন।কুমিল্লা: বিনিয়োগকারীরা শহরের কান্দিরপাড়ে সড়ক অবরোধ ও টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। এ সময় দুই-তিনটি ককটেল বিস্ফোরিত হয়। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি অটোরিকশা। একপর্যায়ে ওই সড়ক বন্ধ হয়ে যায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।ফেনী: বিনিয়োগকারীরা শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়ক থেকে বিক্ষোভ মিছিল নিয়ে মহীপালে গিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন।সিরাজগঞ্জ: শহরের প্রাইলিঙ্ক সিকিরিউটিজের সামনে এসএস রোডে বিনিয়োগকারীরা বিক্ষোভ ও টায়ার জ্বালিয়ে অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।নোয়াখালী: বিনিয়োগকারীরা বিক্ষোভ করেন ও মিছিল নিয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে নোয়াখালী প্রেসক্লাবের সামনে যান। সেখানে তাঁরা সংক্ষিপ্ত সমাবেশ করেন।জগন্নাথপুর (সুনামগঞ্জ): বিনিয়োগকারীদের বিক্ষোভ মিছিল প্রধান সড়ক প্রদক্ষিণ করে টিঅ্যান্ডটি রোডের এস আর ক্যাপিটাল নামের ব্রোকারেজ হাউসের সামনে গিয়ে শেষ হয়। সেখানে প্রতিবাদ সভা হয়।