হতভাগ্য হাইতি
দুই দিন ধরে সারা পৃথিবীর বিভিন্ন সংবাদমাধ্যমের শিরোনাম আর প্রতি মুহূর্তের খবর হচ্ছে ক্যারিবীয় দ্বীপদেশ হাইতির ভয়াবহ ভূমিকম্প। প্রাকৃতিক এই দুর্যোগের আঘাতে দেশটির রাজধানী পোর্ট অ প্রিন্স বিধ্বস্ত। মারা গেছে হাজার হাজার মানুষ। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে আরও অনেক হতভাগ্য। ব্যক্তিগত কিছু স্মৃতির কারণে হতভাগ্য দেশটির এই চরম বিপর্যয় নিজের অজান্তেই বুকের ভেতরে রক্তক্ষরণের বেদনা সৃষ্টি করছে।১৯৯৪ সালের শেষ দিকে লে. জেনারেল রাউল সিড্রাসের স্বৈরশাসনকবলিত হাইতিতে সামরিক হস্তক্ষেপের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদনপ্রাপ্তির পর বহুজাতিক বাহিনী গঠন জরুরি হয়ে পড়ে। মূলত মার্কিন সামরিক অভিযান হলেও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের শর্ত পূরণের জন্য অন্যান্য দেশের অংশগ্রহণ অপরিহার্য ছিল। মার্কিন নেতৃত্বাধীন ‘অপারেশন আপহোল্ড ডেমোক্রেসি ইন হাইতি’তে বাংলাদেশের অংশগ্রহণের প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে মার্কিন বিমানবাহিনীর বেশ কয়েকটি পরিবহন বিমান ঢাকার বিমানবন্দরে এসে অপেক্ষমাণ থাকে। ৬ অক্টোবর ১৯৯৪ সালে রাতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে আমরা ১০০ জন পুলিশ কর্মকর্তা ঢাকা থেকে ক্যারিবীয় অঞ্চলের ছোট্ট দ্বীপদেশ হাইতির উদ্দেশে রওনা দিই। যাওয়ার মুহূর্তে একদিকে ছিল সুদূরের আকর্ষণ, অন্যদিকে অজানা শঙ্কা।হাইতি মিশনটি ছিল নানা দিক থেকে ব্যতিক্রর্মী ও ঘটনাবহুল। এশিয়া, আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন দেশের জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশের পুলিশ ও সেনাবাহিনী নিয়োজিত হলেও পশ্চিম গোলার্ধের হাইতিই একমাত্র দেশ; যেখানে প্রথমবারের মতো আমরা আন্তর্জাতিক পুলিশ পর্যবেক্ষক (মনিটর) ও পরে জাতিসংঘের বেসামরিক (সিভিলিয়ান) পুলিশ হিসেবে ভূমিকা পালনের সুযোগ পাই।ক্যারিবীয় সাগরের বুকে হিসপ্যানিওলা দ্বীপের পশ্চিমাংশের এক-তৃতীয়াংশ নিয়ে হাইতি প্রজাতন্ত্র, পূর্বাংশের বাকি দুই-তৃতীয়াংশ এলাকা নিয়ে ডোমিনিকান প্রজাতন্ত্র। হাইতির আয়তন ১০ হাজার ৭০০ বর্গমাইল—বাংলাদেশের প্রায় এক-পঞ্চমাংশ। লোকসংখ্যা প্রায় এক কোটি, যার ৭০ ভাগ দারিদ্র্যসীমার নিচে বাস করে। এদের প্রতিদিনের আয় দুই ডলারের কম। আটটি প্রধান পার্বত্য অঞ্চল নিয়ে দেশটি গঠিত। শতকরা মাত্র ২০ ভাগ ভূমি সমতল। আবহাওয়া উষ্ণ ও আর্দ্র।একসময় বনজ ও খনিজ সম্পদে সমৃদ্ধ হলেও হাইতিতে বর্তমানে আর কিছু অবশিষ্ট নেই। দেশটি বনজ সম্পদ শতকরা ২ ভাগে এসে দাঁড়িয়েছে। বৃক্ষশূন্যতার কারণে ব্যাপক ভূমিক্ষয় ও প্রাকৃতিক ভারসাম্যহীনতার সৃষ্টি হয়েছে। মাইলের পর মাইল শুধু শুষ্ক ও ন্যাড়া পাহাড় চোখে পড়ে। অধিবাসীদের প্রধান খাদ্য ভাত, রুটি। তবে দারিদ্র্যের কারণে বেশির ভাগ লোক তিন বেলা খেতে পায় না। রাস্তাঘাটে লোকজনকে খাবারের জন্য হাত পাততে দেখা যায়।১৪৯১ সালের ৫ ডিসেম্বর কলম্বাস পশ্চিম গোলার্ধের এই ভূখণ্ডটি আবিষ্কার করেন। প্রথমে এটি স্প্যানিশ এবং পরবর্তী সময়ে ফরাসিদের দখলে চলে যায়। ১৬৭০ সালে ফরাসিদের দখলে যাওয়ার পর থেকে হাইতিতে জনবসতি গড়ে ওঠে। প্রায় সব জনগোষ্ঠী ১৭০০ ও ১৮০০ শতকে পশ্চিম আফ্রিকা থেকে জোর করে ধরে আনা দাসদের বংশধর। নানা প্রতিকূলতার মুখে আদিবাসী ইন্ডিয়ানরা দ্রুত বিলুপ্ত হয়ে যায়। ১৮০৪ সালের ১ জানুয়ারি জ্যাঁ জ্যাক ডেসালিনির নেতৃত্বে হাইতি স্বাধীনতা অর্জন করে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ১৮০৬ সালে তিনি আততায়ীর হাতে নিহত হলেন। স্বাধীনতা-পরবর্তী হাইতির সুদীর্ঘ ২০০ বছরের ইতিহাস ঝঞ্ঝাবিক্ষুব্ধ ও রক্তাক্ত। ডেসালিনির পর আরও পাঁচজন রাষ্ট্রপ্রধান আততায়ীর হাতে নিহত হন। ১৯৯১ সালে জনগণের ভোটে নির্বাচিত জনপ্রিয় প্রেসিডেন্ট অ্যারিস্টিডকে ক্ষমতাচ্যুত করেন সেনাপ্রধান রাউল সিড্রাস। পরে যুক্তরাষ্ট্র ২০ হাজার সেনা পাঠিয়ে সিড্রাস চক্রকে বিতাড়িত এবং নির্বাসিত প্রেসিডেন্ট অ্যারিস্টিডকে দেশে ফিরিয়ে এনে ক্ষমতায় অধিষ্ঠিত করে।পৌনঃপুনিক স্বৈরশাসন, দুর্নীতি, অব্যবস্থাপনা ও অরাজকতায় বিধ্বস্ত-বিপর্যস্ত এই দ্বীপরাষ্ট্রে ১৯৯৪-১৯৯৫ সালে প্রথম ছয় মাস আন্তর্জাতিক পুলিশ পর্যবেক্ষক এবং পরবর্তী আট মাস বেসামরিক পুলিশ হিসেবে দায়িত্ব পালনকালে দেশটির ইতিহাস-ঐতিহ্য ও জীবনধারা খুব কাছ থেকে অবলোকন ও পর্যবেক্ষণের সুযোগ পাই। পুরো সময়টায় আমার কর্মস্থল ছিল রাজধানী পোর্ট অ প্রিন্সে। প্রথমে ছিলাম ডেলমাস এভিনিউয়ের হোটেল ম্যাজিক বাডে ইনে, পরে এক ভাড়াবাড়িতে। পোর্ট অ প্রিন্স শহরটি সমুদ্র সমতল থেকে ধীরে ধীরে পাহাড়ের ওপর উঠে গেছে। ২০ লাখ লোক এই শহরে বসবাস করে। সমুদ্রবন্দর ও বিমানবন্দর কাছাকাছি এবং প্রায় একই সমতলে অবস্থিত। পেঁশভিল এলাকাটি পাহাড়ের ওপর। কেনসকফ আরও ওপরে। সমুদ্রপৃষ্ঠ থেকে চার হাজার ৭০০ ফুট উঁচুতে। মূলত বিত্তবানেরাই এখানে বসবাস করে। উচ্চতার কারণে এই এলাকার আবহাওয়া ঠান্ডা। পাহাড়ের ওপর প্রতি ৩০০ ফুটে তাপমাত্রা ১ ডিগ্রি করে কমতে থাকে।টেলিভিশনে পোর্ট অ প্রিন্সের যেসব ক্ষতিগ্রস্ত স্থাপনার ছবি বারবার দেখানো হচ্ছে, তার সব কটি আমার অতি পরিচিত। এগুলোর মধ্যে রয়েছে প্রেসিডেন্টের প্রাসাদ, সমুদ্রবন্দর, জাতিসংঘ মিশনের সদর দপ্তর, বিমানবন্দর, মন্টানা হোটেল, ক্রিস্টোফার হোটেল ইত্যাদি। ৩১ মার্চ ১৯৯৫ সালে মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও জাতিসংঘ মহাসচিব বুট্রোস ঘালি পোর্ট অ প্রিন্সের প্রেসিডেন্টের প্রাসাদে বহুজাতিক বাহিনীর কাছ থেকে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ কন্টিনজেন্টের দলনেতা এ টি আহমেদুল হক চৌধুরী, মাহফুজুল হক ও আমি আমন্ত্রিত হয়ে আনুষ্ঠানিক কুচকাওয়াজে অংশগ্রহণের সুযোগ পাই। অবসর সময়ে আমরা প্রায়ই প্রেসিডেন্ট ভবনের সামনের খোলামেলা চত্বরে ঘুরে বেড়াতাম। এটি ছিল রাজধানীর সবচেয়ে সুরম্য ও পরিচ্ছন্ন ভবন। ভূমিকম্পে ভবনটি যেভাবে ধসে গেছে, তাতে প্রেসিডেন্ট রেনে প্রেভালের বেঁচে যাওয়া অলৌকিক বৈকি! ক্রিস্টোফার হোটেলে প্রতিদিন সন্ধ্যায় আমাদের ব্রিফিং হতো। মন্টানা হোটেলে জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকতেন। জাতিসংঘের মহাসচিব এলে এই হোটেলেই থাকতেন। মিশন শেষে দেশে ফেরার আগে আমার বিদেশি সহকর্মীরা মন্টানা হোটেলে আমার বিদায়ী ডিনারের আয়োজন করেছিলেন। প্রায় ২০০ জন লোক বিধ্বস্ত মন্টানা হোটেলে চাপা পড়ে আছেন জেনে খুব খারাপ লাগছে।পোর্ট অ প্রিন্স সমুদ্রবন্দরের পাশ দিয়ে চলে গেছে বুলেভার্দ হ্যারি ট্রুম্যান। এই রাস্তার পাশেই সংসদ ভবন, মার্কিন দূতাবাস, ফরাসি সাংস্কৃতিক কেন্দ্র, চেম্বারস অব কমার্স ইত্যাদি। ভূমিকম্পে সমুদ্রবন্দরের ব্যাপক ক্ষতি হয়েছে। ১৯৯৪-৯৫ সালে বন্দরের নিরাপত্তার দায়িত্বে ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর একটি ব্যাটালিয়ন। বিমানবন্দর ও পেঁশভিল থানার দায়িত্বে ছিল বাংলাদেশ পুলিশ। ভূমিকম্পে সামান্য ক্ষতিগ্রস্ত হলেও বিমানবন্দরটি চালু আছে। তবে অপরিসর বিমানবন্দরটি সারা পৃথিবী থেকে ত্রাণসামগ্রী নিয়ে আসা বিমানের মাল খালাস নিয়ে অব্যবস্থাপনার মধ্যে আছে, সিএনএনের সংবাদে তা জানা গেছে। একনাগাড়ে রাজধানীতে ১৪ মাস অবস্থানের কারণে এর রাস্তাঘাট, ভবন, অবকাঠামো—সবকিছু ছিল আমাদের চেনা। দেশে ফিরে আসার পরও হাইতি সম্পর্কে আমার ব্যক্তিগত আগ্রহ ছিল। ২০০৬ সালের নভেম্বরে স্টকহোমের ন্যাশনাল ডিফেন্স কলেজে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন বিভাগ (UNDPKO) ও সুইডিশ সরকারের যৌথ আয়োজনে ‘ইউএন সিনিয়র মিশন লিডার্স কোর্স’-এ গিয়ে MINUSTAH (United Nations Stabilization Mission to Haiti) কোর্স কমান্ডার ব্রাজিলের লে. জেনারেল হোসে এলিটোর সঙ্গে পরিচয় ও সাক্ষাত্ হয়। আমরা একই হোটেলে ছিলাম। আমাদের আলাপচারিতায় হাইতি-প্রসঙ্গ বারবার ফিরে আসত।গত বছরে জুন মাসে নিউইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে শান্তিরক্ষা মিশন বিভাগের প্রধান অ্যান্ড্রু হিউয়ের সঙ্গে সাক্ষাত্কালে আমি তাঁকে মনে করিয়ে দিই যে হাইতি মিশনের পথিকৃত্ হওয়া সত্ত্বেও বর্তমানে (ওই সময়ে) ওই মিশনে বাংলাদেশের কেউ নেই। তখন তিনি প্রতীকী অংশগ্রহণ হিসেবে বাংলাদেশ পুলিশের কয়েকজনকে মনোনয়নের প্রতিশ্রুতি দেন। যার ফলে বর্তমানে ছয়জন পুলিশ কর্মকর্তা হাইতিতে কর্মরত আছেন। ভূমিকম্পের দুঃসংবাদ প্রাপ্তির পরপরই আমি এই ছয়জন পুলিশ কর্মকর্তার জন্য উদ্বিগ্ন হয়ে পড়ি। মূলত আমার আগ্রহের কারণেই তাঁরা এই বিপজ্জনক মিশনে যান। জাতিসংঘে আমাদের সহকর্মী মিরাজ হাইতিতে আরেক বাংলাদেশির সঙ্গে কথা বলে নিশ্চিত হন যে বাংলাদেশি পুলিশ কর্মকর্তাদের কেউ হতাহত হননি। মিরাজ তথ্যটি জানালে কিছুটা স্বস্তি ফিরে পাই। তবে যাদের সঙ্গে এবং যাদের জন্য আমরা দীর্ঘ ১৪ মাস কাজ করেছি, সেই হতভাগ্য হাইতিবাসীর জন্য এ মুহূর্তে দীর্ঘশ্বাস ফেলা ছাড়া বোধ করি আর কিছু করার নেই। আমাদের মহামান্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শোকবাণী দিয়েছেন এবং বাংলাদেশ সরকার দুর্গত হাইতিবাসীর জন্য বস্ত্র ও ওষুধ ত্রাণ হিসেবে পাঠাচ্ছে জেনে ভালো লাগছে। দুঃসময়ে হাইতিবাসীর পাশে বিশ্বমানবতার সঙ্গে বাংলাদেশও দাঁড়িয়েছে—এ-ই বা কম কিসে! নব বিক্রম কিশোর ত্রিপুরা, পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ও পুলিশ সংস্কার প্রকল্পের পরিচালক।