হতাশ গাবতলীর সংখ্যালঘুরা
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া মন্দির ও বাড়িঘরে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে ব্যবস্থা নেওয়ার দাবি না করায় কিংবা সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি সহিংস না হতে জনগণের প্রতি আহ্বান না জানানোয় হতাশা প্রকাশ করেছেন এ সম্প্রদায়ের লোকেরা। গত রোববার খালেদা জিয়া জিয়াউর রহমানের জন্মস্থান বগুড়ার গাবতলীতে ক্ষতিগ্রস্ত মন্দির পরিদর্শনে এসে হামলার জন্য আওয়ামী লীগকে দায়ী করেন। গাবতলী উপজেলার দক্ষিণ সাবেকপাড়া সর্বজনীন দুর্গামন্দির কমিটির সভাপতি শৈলেন চন্দ্র দাস গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, ‘উনি খালি হামাকেরে বিরোধী দলের নেত্রী নোয়ায়, হামাকেরে ঘরের বউ। তার কাছে হামাকেরে চাওয়া ছিল সংখ্যালঘুর ওপর কেন নির্যাতন হচ্চে, সেটা বন্ধ করার জন্য নির্দেশ দিক। হিন্দু-মুসলমান দুই সম্প্রদায় মিলেমিশে যে হামরায় একসাথে বসবাস করতে পারি তার নিশ্চয়তা করে দিক। হামাকেরে কষ্টের সুযোগ লিয়ে রাজনীতি চাই না, হামাকেরে নিরাপত্তা চাই।’গতকাল সরেজমিনে গেলে স্থানীয় লোকজন জানান, ৩ মার্চ জেলাজুড়ে সহিংসতার সময় বিএনপি-জামায়াতের একটি মিছিল থেকে প্রথমে গাবতলী উপজেলায় হিন্দু সম্প্রদায়ের একটি কালীমন্দিরে হামলা চালানো হয়। এরপর ১৯ মার্চ রাতে দক্ষিণ সাবেকপাড়া (মধ্যপাড়া) সর্বজনীন দুর্গামন্দির, পূর্ব সাবেকপাড়া সর্বজনীন দুর্গামন্দির এবং বামুনিয়া কামারপাড়া সর্বজনীন মন্দিরে হামলা চালিয়ে ১১টি প্রতিমা ভাঙচুর করা হয়। একই রাতে রামেশ্বরপুর ইউনিয়নের কামারচত্র গ্রামের একটি মন্দিরে হামলা হয়। আগের দিন ১৮ মার্চ অগ্নিসংযোগ করা হয় কাগইল বাজারের একটি কালীমন্দিরে। এ ঘটনাগুলো কারা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত নন সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন বা স্থানীয় লোকজন। গাবতলী থানার ওসি জানান, মন্দিরে হামলার ঘটনায় তিনটি মামলা হয়েছে। কাউকে সুনির্দিষ্ট আসামি করা হয়নি। তার পরও সন্দেহভাজন আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সবাই জামায়াত-শিবিরের কর্মী।স্থানীয় লোকজন জানান, ৩ মার্চ বিকেলে সোনারায় ইউনিয়নের বামুনিয়া থেকে বিএনপির নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি বামুনিয়া থেকে পীরগাছা বাজারে যায়। ফেরার পথে সন্ধ্যায় মিছিলে থাকা লোকজন বামুনিয়া পালপাড়ার ২০০ বছরের পুরোনো একটি সর্বজনীন কালীমন্দিরে হামলা চালায়। বামুনিয়া পালপাড়ার একাধিক লোকজন জানান, বিএনপির বের করা মিছিলে জামায়াত-শিবিরের লোকজনও ছিল। তবে যাঁরা হামলায় অংশ নিয়েছিলেন, তাঁরা সবাই এলাকায় অপরিচিত। কর্মকারপাড়ার লোকজনও জানান, মিছিলটি বিএনপি বের করলেও তাতে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদেরই বেশি দেখা গেছে।কৃষ্ণচরণ পাল বলেন, মিছিলে কারা ছিলেন তা বের করার কাজ প্রশাসনের। তবে ওই মিছিল থেকেই যে মন্দিরে হামলা চালানো হয়েছিল, তা কারও অজানা নয়।সোনারায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মতিয়ার রহমানও স্বীকার করেন, ওই দিন মিছিলটি বিএনপিই বের করেছিল। মিছিল পীরগাছা বাজারে গিয়ে শেষ হয়েছিল। তাতে জামায়াত-শিবিরের কেউ ছিলেন কি না এবং মিছিলে থাকা কেউ মন্দিরে হামলায় অংশ নিয়েছিলেন কি না, তা তাঁর জানা নেই।গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মদ হাশমী প্রথম আলোকে বলেন, মিছিলে বিএনপি-জামায়াত উভয় দলের লোকজন ছিলেন। মিছিলের পেছনে থাকা কিছু লোক এ ঘটনা ঘটিয়েছেন। ওসি বলেন, তদন্ত করে হামলাকারীদের খুঁজে বের করার চেষ্টা চলছে।বগুড়া সফরে এসে গত রোববার সন্ধ্যায় খালেদা জিয়া মন্দির পরিদর্শনে সোনারায় ইউনিয়নের বামুনিয়ায় কর্মকারপাড়া মন্দির পরিদর্শন করেন। সেখানে তিনি মন্দির কমিটির নেতা অমল কর্মকারের সঙ্গে কথা বলেন। জানতে চাইলে অমল কর্মকার গতকাল প্রথম আলোকে বলেন, বিরোধীদলীয় নেতা তাঁর কাছে জানতে চান, আওয়ামী লীগের কেউ এসব করেছে কি না? অমল জানিয়েছেন, ‘এখানে আওয়ামী লীগ নেতার বাসা। হিন্দু-মুসলমান সবাই ভাই ভাই। কে করেছে আমরা জানি না।’ এরপর খালেদা জিয়া তাঁকে বলেন, ‘ঠিক আছে, কারও সাথে গণ্ডগোল করার দরকার নাই। এসব মন্দির ঠিক করে দেব।’এরপর খালেদা জিয়া সংক্ষিপ্ত সমাবেশে বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা মসজিদ, মন্দির, গির্জা ও শহীদ মিনার ভাঙছে। তারা গ্রেপ্তার হয় না। ভাঙার সময় তাদের লোক ধরা পড়লেই বলা হচ্ছে পাগল। আসলে গোটা সরকারই বদ্ধ পাগল হয়ে গেছে। এই পাগল সরকারকে আর ক্ষমতায় রাখা যায় না। তিনি দাবি করে বলেন, ‘এ এলাকার এসব মন্দির আমরা করে দিয়েছিলাম। আওয়ামী লীগের সন্ত্রাসীরা তা ভেঙে ফেলেছে।’সাবেকপাড়ার ধলু মিয়া বলেন, ‘নেতাগেরে এটা স্বভাব। জানলিও অন্যক দোষ দিবি, না জানলেও দোষ দিবি। তারগেরে কাদা-ছোড়াছুড়িতে তদন্তের বারটা বাজবি।’কাগইল পীরপাড়ার মুকুল হোসেন বলেন, ‘তার মতো নেত্রীর কাছে হামরায় এমনটা আশা করিনি।’কর্মকারপাড়ার শম্ভু কর্মকার বলেন, ‘দোষাদোষি চাই না। তার কাছেও নিরাপত্তা চাই, প্রধানমন্ত্রীর কাছেও নিরাপত্তা চাই।’পালপাড়া মন্দির কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ চন্দ্র পাল বলেন, ‘আমরা আশা করেছিলাম, নেত্রী এসে হামলা বন্ধে কঠোর নির্দেশ দেবেন।’ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মতিয়ার রহমান বলেন, ‘ম্যাডামের বগুড়া সফর প্রশ্নবিদ্ধ করতে জিয়া পরিবারের আসন গাবতলীতে সংখ্যালঘু লোকজনের ওপর হামলা চালিয়ে সরকার পরিকল্পিতভাবে বিএনপিকে ফাঁসাতে চাইছে। এ ব্যাপারে চার মন্দির কমিটির নেতারা খালেদা জিয়াকে লিখিত বক্তব্য দিয়েছেন বলেও তিনি দাবি করেন। সোনারায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দিন প্রথম আলোকে বলেন, বিরোধীদলীয় নেতা উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপাতে চাইছেন। বিএনপির মিছিল থেকেই প্রথমে হামলা হয়েছে, সেটা এলাকার কে না জানে।বগুড়ার পুলিশ সুপার মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, বিরোধীদলীয় নেতার বক্তব্যের কারণে তদন্তকাজ ব্যাহত হবে না। তবে কোনো বক্তব্যের মাধ্যমে যাতে প্রকৃত অপরাধীর আড়াল হওয়ার সুযোগ না থাকে, সেটা সবার দেখা উচিত। তিনি বলেন, তদন্তকাজ অনেকটা এগিয়েছে। রাত জেগে পাহারা: গাবতলী এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজন এখন লাঠি-বাঁশি হাতে রাত জেগে মন্দির পাহারা দিচ্ছেন। বামুনিয়া কর্মকারপাড়ার শ্যামল কর্মকার বলেন, ‘প্রতি রাতে ৮-১০ জন দল বেঁধে লাঠি-বাঁশি হাতে এখন মন্দির পাহারা দিচ্ছি।’পালপাড়ার প্রকাশ চন্দ্র বলেন, মন্দিরে হামলা ঠেকাতে আশপাশের সব হিন্দুপাড়ার লোকজন এখন রাত জেগে মন্দির পাহারা দিচ্ছেন।বগুড়া জেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি অমৃত লাল সাহা বলেন, রাজনৈতিক কাদা-ছোড়াছুড়ি বাদ দিয়ে এখন সবারই দায়িত্ব আসল দুষ্কৃতকারীদের খুঁজে বের করা। বগুড়ার জেলা প্রশাসক সারোয়ার মাহমুদ বলেন, মন্দির এলাকায় সাম্প্রদায়িক সৌহার্দ্য কমিটি গঠন করে দেওয়া হচ্ছে। যেসব মন্দিরে পূজা হয়েছে অথচ প্রতিমা বিসর্জন হয়নি, সেসব মন্দিরের প্রতিমা বিসর্জন দিতে মন্দির কমিটিকে বলা হয়েছে।