হতাশ হলো বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের দুই দিনের সফরের প্রথম দিনেই বাংলাদেশের মানুষ গভীরভাবে হতাশ হয়েছে। গত সোমবার বিকেলেই আমরা নিশ্চিত হয়েছিলাম যে তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি হচ্ছে না। যদিও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি দেশবাসীকে মিথ্যা আশ্বাস দিয়ে আশাবাদ সৃষ্টির চেষ্টা করেছিলেন। তবে গতকাল সকালে বিষয়টি চূড়ান্তভাবে নিশ্চিত হওয়ার পর বাংলাদেশ ট্রানজিট-সংক্রান্ত সম্মতিপত্রে স্বাক্ষর করতে অসম্মতি জানায়। এরপর সীমান্ত-সংক্রান্ত বিরোধগুলোর সমাধানও আটকে গেল।বিগত ২০ মাসের প্রস্তুতির পর মনমোহন সিংয়ের সফরের এ রকম অপ্রত্যাশিত ফল হবে, এটা কেউ আশা করেনি। তবে তাঁর এই সফরের অসফলতার ফলাফল হবে সুদূরপ্রসারী। দুই দেশের মধ্যে সন্দেহ-অবিশ্বাস বাড়বে। মানুষের মধ্যেও নানা প্রশ্নের জন্ম দেবে।মনমোহন সিংয়ের সফরকে ঘিরে যে আশাবাদ সৃষ্টি হয়েছিল, তাতে বাংলাদেশ ও ভারতের শীর্ষপর্যায়ের বৈঠকের ফলাফল বাংলাদেশের জনগণকে নিশ্চিতভাবে আশাহত করবে। এই সফরকে ঘিরে ঢাকা ও দিল্লির উচ্চপর্যায় থেকে দুই দেশের জনগণকে আশাবাদী করে তোলা হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতায় তিস্তার পানি বণ্টন চুক্তিসহ অন্যান্য বিষয়ে সমঝোতা না হওয়াটা দুই দেশের মানুষের সব আশায় পানি ঢেলে দিয়েছে। এই পটভূমিতেই দুই প্রধানমন্ত্রীর শীর্ষ বৈঠকও সংক্ষিপ্ত হয়েছে। এখন বহু আকাঙ্ক্ষিত এই সফরকে কার্যত ব্যর্থ বললেও অত্যুক্তি হবে না।গতকাল দুই দেশ উন্নয়ন সহযোগিতার রূপরেখা চুক্তি ও স্থল সীমানাসংক্রান্ত চুয়াত্তরের চুক্তি বাস্তবায়নে প্রটোকলে সই করেছে। এ ছাড়া নবায়নযোগ্য জ্বালানি, বাংলাদেশ ও নেপালের মধ্যকার ট্রানজিট শুল্ক, বেঙ্গল টাইগার সংরক্ষণ, মৎস্যবিষয়ক, ঢাকা ও জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের মধ্যে সহযোগিতা, বাংলাদেশ টেলিভিশন ও দূরদর্শনের মধ্যে সহযোগিতা এবং দিল্লির এনআইএফটি ও বিজিএমইএর ফ্যাশন ইনস্টিটিউশনের মধ্যে সহযোগিতা বিষয়ে সমঝোতা স্মারকে সই করেছে। এই বিষয়গুলো জরুরি গুরুত্বপূর্ণ হিসেবে কখনো বিবেচিত হয়নি।ফলে ভারতের প্রধানমন্ত্রীর ঢাকা সফরের সর্বশেষ গতিপ্রকৃতি শুধু বাংলাদেশের জনগণকে হতাশ করেনি। আমার সাম্প্রতিক দিল্লি সফরের সময় সে দেশের প্রধানমন্ত্রী, পররাষ্ট্রসচিব ও অন্যদের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে যে আশাবাদ সৃষ্টি হয়েছিল, সেটাও বাস্তবে প্রতিফলিত হলো না। গতকাল ভারতের কূটনীতিক ও সাংবাদিকদের সঙ্গে কথা বলে মনে হয়েছে, তাঁরাও হতাশ হয়েছেন।এখন এটা নিশ্চিত যে, তিস্তার পানি বণ্টন নিয়ে চুক্তি ও সীমান্তসংক্রান্ত বিষয়গুলোর সমাধান না হওয়ায় বাংলাদেশ ও ভারতের সম্পর্কের বিষয়টি নতুন পরিস্থিতির মধ্যে পড়বে। বিএনপি ও এর সমমনা ভারতবিরোধী দলগুলো অবশ্যই এর সুযোগ নেবে। ইতিমধ্যে তাদের সাংসদেরা নেতিবাচক প্রতিক্রিয়া প্রকাশ করেছেন। এমনকি সরকারের জোটভুক্ত দলের সাংসদেরাও হতাশা ব্যক্ত করেছেন।মনমোহন সিংয়ের এই সফরের প্রস্তুতি নিয়ে বাংলাদেশ সরকারও পুরো সময়টাই প্রায় গোপনে অগ্রসর হয়েছে। মন্ত্রিসভা, সংসদ, সংসদীয় কমিটি, রাজনৈতিক দল, নাগরিক সমাজ এবং প্রচারমাধ্যমসহ সবাইকে এ ব্যাপারে এড়িয়ে যাওয়া হয়েছে। আলোচনার সবকিছুই ছিল প্রধানমন্ত্রীর কার্যালয়কেন্দ্রিক এবং দুই উপদেষ্টার তৎপরতার মধ্যে সীমিত। সরকার ও প্রধানমন্ত্রীর কার্যালয় গুটিকয়েক ব্যক্তির বাইরে কাউকে আস্থায় নেওয়ার চেষ্টাও করেনি। ফলে দুই দেশের বহু প্রতীক্ষিত সফরের ব্যর্থতার এটাই স্বাভাবিক পরিণতি ছিল। আমরা আগেই এ নিয়ে সংশয় প্রকাশ করেছিলাম।বর্তমান পরিস্থিতিতে এটাও পরিষ্কার হলো যে, বাংলাদেশ ভারতকে বিশেষ আনুকূল্য দেখানোর পরও ট্রানজিটসহ অন্যান্য বিষয়ে সুবিধা দিতে প্রস্তুত ছিল। ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সীমান্তে নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার পর কোনো বিষয়েই চূড়ান্তভাবে নিশ্চিত না হয়েই ট্রানজিট নিয়ে মন্ত্রী ও উপদেষ্টারা যে উৎসাহ দেখিয়েছেন, তাতে মনে হয়েছে তাঁরা চাওয়া-পাওয়া, বাংলাদেশের দাবি আদায়ের বিষয়টি একেবারে ভুলেই গেছেন। ভারতের সঙ্গে কোনো সমঝোতা বা দাবি আদায় করতে হলে যে জনগণকে সঙ্গে নিতে হয়, দেশে জনমত গঠন করতে হয়, অভিজ্ঞ বিশেষজ্ঞদের সঙ্গে নিতে হয়, তা পুরোপুরি অগ্রাহ্য করেছে সরকার। সরকার পুরোপুরি যেন ভারতের কংগ্রেস সরকার এবং মনমোহন সিং সরকারের সদিচ্ছা বা বন্ধুত্বপূর্ণ মনোভাবের ওপরই নির্ভর করেছে বিশেষভাবে।এটাও আমাদের কাছে বিস্ময়কর লাগছে, পশ্চিমবঙ্গের সরকার, যাদের সঙ্গে বাংলাদেশ সরকারের ঘনিষ্ঠ সম্পর্ক আছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সখ্য আছে, আমাদের উপদেষ্টারাও মমতার সঙ্গে কথা বলেছেন, যোগাযোগ রেখেছেন। তার পরও আমরা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মনোভাব সম্পর্কে আগাম কিছুই আঁচ করতে পারলাম না? কলকাতা ও দিল্লিতে অবস্থানরত কূটনীতিকেরা বা গোয়েন্দা কর্মকর্তারা তাহলে কী করলেন? কোনো কিছুই জানতে পারলেন না তাঁরা? তাহলে সরকারের ভেতরে এত উচ্ছ্বাস, আশাবাদ কিসের ভিত্তিতে সৃষ্টি হয়েছিল? মমতার এই মনোভাবের ব্যাপারে ভারত সরকারও কি কিছুই বুঝতে পারেনি? তাহলে ধরে নিতে হবে, এটা দুই পক্ষের ছিল অপরিপক্বতা, ব্যর্থতা।এখন পুরো বিষয়টি দাঁড়িয়েছে, ভারতকে বিশেষ সুবিধা ও সাহায্য দিয়েও এটা পরিষ্কার যে, এক সফর এবং মাত্র ১৮-২০ মাসের প্রায় গোপন আলোচনায় চার দশকের জমে থাকা সব সমস্যা সমাধানের চেষ্টা করা ছিল অযৌক্তিক। একসঙ্গে সব সমস্যার সমাধান করতে গিয়ে পুরোটাই এখন ভেস্তে গেছে। আর, এর মধ্য দিয়ে এ আলোচনাও এখন জোরদার হবে যে, ভারত কথা দিয়ে কথা রাখে না। ভারতীয় রাজনীতিবিদ ও আমলারা অনুদার।বাংলাদেশ সরকারকে আমরা বলব, সব হতাশা বা ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে ভারতের সঙ্গে শক্ত অবস্থান নিয়ে বাংলাদেশের জনগণের দাবি আদায় করতে সরকারকে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। অন্যের আনুকূল্যের ওপর নির্ভর না করে নিজের শক্তি ও ক্ষমতার ওপর আস্থা রেখে ভারতের সঙ্গে দর-কষাকষির আলোচনা শুরু করতে হবে। মনে রাখতে হবে, ট্রানজিট দেওয়া হয়ে গেলে দর-কষাকষির জন্য বাংলাদেশের হাতে আর কিছু থাকবে না। সে জন্য একটি একটি করে বিষয় নিয়ে অগ্রসর হতে অনুরোধ করব সরকারকে। ভারতকে ট্রানজিট প্রদান হবে আমাদের দাবি আদায়ের সর্বশেষ অবলম্বন। এই ট্রানজিটের বিনিময়ে দুই দেশের অভিন্ন নদীর পানি বণ্টন ও অন্যান্য বিদ্যমান সমস্যা সমাধানের আলোচনা শুরু করতে হবে নতুন করে। কোনো কিছুতে তাড়াহুড়া করার অবকাশ ও প্রয়োজন নেই। ভারতকে নতুন করে আর কোনো ছাড় দেওয়ারও কিছু নেই।মতিউর রহমান: সম্পাদক, প্রথম আলো।