হতাশায় ন্যুব্জ ভেট্টোরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 আরেকবার সাকিবই ব্যবধান গড়ে দিল। ওকে থামানোর কোনো পরিকল্পনাই মনে হয় কাজে লাগছে না?ড্যানিয়েল ভেট্টোরি: ব্যবধান গড়ে দিয়েছে আসলে ৫ উইকেটে ৮০। এত দ্রুত ব্যাটিং লাইনআপের অর্ধেক হারিয়ে ফেললে আর কিছুই করার থাকে না। কেন (উইলিয়ামসন) পরে দুর্দান্ত একটা ইনিংস খেলে আমাদের অনেক কাছে নিয়ে গিয়েছিল, কিন্তু ওই ৫ উইকেট হারিয়েই আসলে আমরা ম্যাচ হেরে গেছি। বৃহত্তর দৃষ্টিকোণ থেকে দেখলে আপনারা সিরিজটা তো সাকিবের কাছেই হারলেন?ভেট্টোরি: আমরা সিরিজ হেরেছি বাজে ব্যাটিংয়ের জন্য। পুরো সিরিজেই আমাদের ব্যাটসম্যানরা দাঁড়াতে পারেনি, প্রতিটি ম্যাচেই শুরুতে অনেক চাপে ফেলে দিয়েছে। বাংলাদেশের বোলাররা সবাই দুর্দান্ত বোলিং করেছে, দেখিয়েছে এই কন্ডিশনে কীভাবে বোলিং করতে হয়। ফিল্ডাররাও দারুণ ফিল্ডিং করেছে। বাংলাদেশের সঙ্গে সিরিজে ৩-০-তে পিছিয়ে—কখনো ভাবতে পেরেছিলেন?ভেট্টোরি: এটা আসলে অবিশ্বাস্য রকমের হতাশার। প্রতিটি ম্যাচই আমরা জয়ের জন্য খেলি, না জিতলে হতাশ হই। আমরা জানতাম, বাংলাদেশ দলটা উন্নতি করছে, কিন্তু তার পরও ওদের বিপক্ষে আমাদের জেতা উচিত। কিন্তু আমরা ভালো খেলতে পারিনি।  পরের ম্যাচের জন্য দলকে উজ্জীবিত করাটা একটু কঠিন হবে না?ভেট্টোরি: এটা আন্তর্জাতিক ক্রিকেট, আমরা দেশের জন্য খেলি। এটাই আমাদের কাজ, প্রতিটি ম্যাচই আমাদের জন্য সমান। কেন আজ যেভাবে খেলেছে, তা থেকে আমরা শিক্ষা নিতে পারি। দলের অনেক অভিজ্ঞ ব্যাটসম্যান ওর কাছ থেকে শিখতে পারে।  উইলিয়ামসনকে আগের ম্যাচগুলোয় না খেলানোয় আফসোস হচ্ছে?ভেট্টোরি: আসলে কেউ একজন এভাবে শতরান করার পর সহজেই অনেক কিছুই বলা যায়। আমরা মনে করি, আমাদের দল নির্বাচন ঠিকই ছিল। আফসোস না করে আমরা বরং ওর সেঞ্চুরি উদ্যাপন করব। ব্যক্তিগতভাবেও সিরিজটা তো ভালো যাচ্ছে না...ভেট্টোরি: বোলিংটা খারাপ করছি না, কিন্তু ব্যাটিংটা ভালো হচ্ছে না। ৬ নম্বরে ব্যাটিং করছি, প্রতিটি মাচেই চাপের মধ্যে নামতে হচ্ছে। কিন্তু আমি অজুহাত দিতে চাই না। আমি নিজেকে হতাশ করেছি, দলকেও হতাশ করেছি। অধিনায়কের উচিত সামনে থেকে নেতৃত্ব দেওয়া, যেটা আমি পারিনি। বিশ্বকাপে বাংলাদেশ তো এই কন্ডিশনেই খেলবে, আপনার কী মনে হয় এভাবে খেলতে থাকলে বাংলাদেশ বিশ্বকাপে ভালো করবে?ভেট্টোরি: অবশ্যই, বাংলাদেশ নিজেদের কন্ডিশনে ভালো দল। কন্ডিশনকে ভালো ব্যবহার করতে জানে তারা। আর তাদের একটা বড় সম্পদ দর্শক। এত দর্শকের সামনে খেললে ক্রিকেটাররা উৎসাহ পাবেই। এত দর্শক মাঠে আসাটা ক্রিকেটের জন্যই ভালো। এত দর্শকের উপস্থিতি কি আপনাদের জন্য চাপ হয়ে দাঁড়িয়েছিল?ভেট্টোরি: না, আমার তো মনে হয় উল্টো। বাংলাদেশের জন্যই বরং আরও চাপ ছিল। দেখা গেল টানা তিনটা বলে রান না নিলেই দর্শক অধৈর্য হয়ে উঠতে পারে।  সিরিজ যেহেতু শেষ পর্যন্ত চার ম্যাচের হয়ে গেল, হোয়াইটওয়াশের শঙ্কা করছেন?ভেট্টোরি: অবশ্যই, সে শঙ্কা তো আছেই। দলের সবাই নিজেদের পারফরম্যান্সে খুব হতাশ। তবে আন্তর্জাতিক ক্রিকেটে মন খারাপ করে বসে থাকার উপায় নেই। আমাদের নিশ্চিত করতে হবে যেন পরের ম্যাচটায় আমরা সেরাটা দিতে পারি। সিরিজটাকে আপনারা বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে নিয়েছিলেন, প্রস্তুতি কেমন হলো?ভেট্টোরি: এখানে তিনটি ম্যাচে যেমন খেললাম, আমার মনে হয় না কেউ আমাদের গোনায় ধরবে। তবে আমাদের প্রতিভার অভাব নেই। ম্যাককালাম, টেলর, রাইডার, উইলিয়ামসন ওদের প্রতিভার প্রমাণ দিয়েছে। সামনে সিরিজগুলোয় যদি আমরা ভালো করতে পারি, আশা করি লোকে আবার বিশ্বাস করতে শুরু করবে যে আমরা বিশ্বকাপ জিততে পারি।