হতাহতের প্রকৃত সংখ্যা জানতে চায় বিএনপি
রাজধানীর শাপলা চত্বর থেকে হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকদের সরিয়ে দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে হতাহতের প্রকৃত সংখ্যা জানানোর জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছে বিএনপি।বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান আজ বুধবার সকাল ১০টার দিকে দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ দাবি জানান। হেফাজতে ইসলাম ও বিরোধীদলীয় নেতা-কর্মীদের ওপর নির্যাতনের প্রতিবাদে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট আজ থেকে দুই দিনের হরতাল ডেকেছে।শামসুজ্জামান বলেন, ‘যেকোনো ঘটনায় প্রধানমন্ত্রী সংসদে বা বাইরে প্রতিক্রিয়া জানান। কিন্তু শাপলা চত্বরে অভিযানের ঘটনায় প্রধানমন্ত্রীর কোনো প্রতিক্রিয়া পাইনি। এখানে আসলে কত হতাহত হয়েছে, কতজন নিহত হয়েছেন, কতটি গুলি হয়েছে—তার হিসাব আমরা জানতে চাই। দেশে-বিদেশে হতাহতের সংখ্যা নিয়ে অনেক গুঞ্জন আছে। এ বিষয়ে সরকারের বক্তব্য আমরা জানতে চাই।’অভিযানের সময় হেফাজতের নেতা-কর্মী ও সমর্থকদের ওপর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সরাসরি গুলি করেছে বলে অভিযোগ করেন বিএনপির চেয়ারপারসনের এই উপদেষ্টা। তিনি প্রশ্ন রেখে বলেন, কোনো ধরনের সতর্কীকরণ ছাড়া এবং কোনো ম্যাজিস্ট্রেটের উপস্থিতি ছাড়া কীভাবে এ ধরনের একটি অভিযান পরিচালিত হয়েছে।শাপলা চত্বরে অভিযানের ঘটনা তদন্তে বিএনপির পক্ষ থেকে একটি সংসদীয় কমিটি গঠন করা হবে বলে জানান শামসুজ্জামান।গত রোববার দিবাগত রাত আড়াইটার দিকে শাপলা চত্বর থেকে হেফাজতের কর্মী-সমর্থককে সরিয়ে দিতে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। এ অভিযানে হতাহতের সংখ্যা নিয়ে, বিশেষ করে ইন্টারনেটভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ব্লগে নানা ধরনের গুজব চলছে। তবে এসব দাবির পক্ষে কেউই সুনির্দিষ্ট সূত্র উল্লেখ করছে না।