হতে পারে, হেরে যাওয়ার আশঙ্কায় সরকার নির্বাচন করতে ভয় পায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা শহরকে দুই ভাগে ভাগ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে। এদিকে অভিযোগ উঠেছে, ঢাকা সিটি করপোরেশনের মেয়াদ অনেক দিন আগেই উত্তীর্ণ হয়ে গেলেও সরকার নির্বাচনে আগ্রহী নয়। আর ভাগের কারণ হিসেবে জনবহুল এই শহরের নাগরিক-সুবিধার যে কথা বলা হচ্ছে, তা নিয়েও প্রশ্ন উঠেছে। এসব নিয়ে প্রথম আলো অনলাইনের সঙ্গে কথা বলেছেন ইউএনডিপির উপদেষ্টা ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ। তাঁর সঙ্গে আলাপচারিতায় উঠে এসেছে বিভিন্ন প্রসঙ্গ।প্রথম আলো: সরকার ঢাকা সিটি করপোরেশনকে ভাগ করার সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন?তোফায়েল আহমেদ: ঢাকা সিটি করপোরেশনকে দুই ভাগ করার বিষয়টি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। কারণ এটি একই সঙ্গে দেশের রাজধানী, প্রধান নগর এবং প্রধান ব্যবসা ও উন্নয়নের কেন্দ্র। দেশের মোট জনসংখ্যার ১০ ভাগের বাস এই ঢাকাতে। তা ছাড়া রাজধানী হিসেবে এটি ভারতের দিল্লি, পাকিস্তানের ইসলামাবাদ বা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের মতো নয়। ভারতের ব্যবসার প্রাণকেন্দ্র মুম্বাই, পাকিস্তানের করাচি এবং যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক। আমাদের সবকিছুই ঢাকাকেন্দ্রিক। এর বাইরে ঢাকার রয়েছে সুদীর্ঘ ইতিহাস। সুতরাং ঢাকাকে ভাগ করার আগে এসব বিষয়কে বিবেচনায় নিতে হবে।প্রথম আলো: এর পিছনে কি সরকারের বিশেষ কোনো উদ্দেশ্য আছে বলে মনে করেন?তোফায়েল আহমেদ: সরকার ঢাকাকে নিয়ে কী করতে চাচ্ছে, তা এখন পর্যন্ত কারও কাছেই পরিষ্কার নয়। প্রশাসনিক কারণে ঢাকাকে যদি ভাগ করা হয়, তাহলে বিশ্বের কাছে একটি ভুল বার্তা যাবে। উত্তর ঢাকা ও দক্ষিণ ঢাকা নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হতে পারে। যেমন বারবার ঢাকার বিমানবন্দরের নাম পরিবর্তন করাতেও বিদেশিরা বিভিন্ন সময়ে বিভ্রান্ত হয়েছেন। বরং ঢাকাকে দুই ভাগ না করে সচিবালয়কে শেরেবাংলা নগরে নিয়ে গেলে তাতে অনেক সমস্যার সমাধান হতো।প্রথম আলো: কেউ কেউ বলছেন, ঢাকাকে খণ্ডিত করার পেছনে সরকারের রাজনৈতিক উদ্দেশ্য আছে...।তোফায়েল আহমেদ: এর পেছনে সরকারের বিশেষ কোনো উদ্দেশ্য আছে কি না, সেটা ভবিষ্যত্ই বলবে। কিন্তু এটা সত্য, ডিসিসি নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন দুবার উদ্যোগ নিয়েছিল। তত্ত্বাবধায়ক সরকারের সময়ে সব রাজনৈতিক দলের এবং পরেরবার বর্তমান সরকারের আপত্তিতে নির্বাচন হয়নি। এখন সব নির্বাচন হচ্ছে, হচ্ছে না শুধু ঢাকা সিটি করপোরেশন নির্বাচন। হতে পারে হেরে যাওয়ার আশঙ্কায় সরকার এখানে নির্বাচন করতে ভয় পায়। সে জন্য সময় ক্ষেপণ করার কৌশল হিসেবে ঢাকাকে ভাগ করার সিদ্ধান্ত নিয়েছে।প্রথম আলো: এ ক্ষেত্রে সরকার কি একতরফাভাবে সিদ্ধান্ত নিয়েছে বলে আপনি মনে করেন?তোফায়েল আহমেদ: অবশ্যই সরকার একতরফাভাবে সিদ্ধান্ত নিয়েছে। ঢাকাকে ভাগ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে এ নিয়ে উন্মুক্ত আলোচনার দরকার ছিল। আলোচনা করা যেত বিশেষজ্ঞদের সঙ্গে। এতে করে ভাগ করার প্রকৃত কারণটি দেশবাসীকে জানানো সম্ভব হতো। অবশ্য আলোচনার সুযোগ এখনো আছে। কারণ সরকারের গৃহীত সিদ্ধান্তটি নীতিগত পর্যায়ের। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে উন্মুক্ত আলোচনা এবং বিশেষজ্ঞ মত নেওয়া হলে ভুল-ত্রুটি এড়ানো সম্ভব হবে।প্রথম আলো: সরকার বলছে, সেবার মান বাড়াতে ভাগ করা হচ্ছে।তোফায়েল আহমেদ: সরকার বলছে, রাজধানীতে জনসংখ্যা বেশি। সেবার মান বাড়াতে হলে ভাগ করতে হবে। আমি তাদের সঙ্গে একমত। কিন্তু ভাগের আগে অন্যান্য সমস্যার সমাধান করতে হবে। ঢাকাকে ভাগ করার ক্ষেত্রে বেশ কয়েকটি দিক পর্যালোচনা করতে হবে। পর্যালোচনা করলে দেখা যাবে, ঢাকাকে ভাগ করার আগে এর রাজনৈতিক, ব্যবস্থাপনাগত, কাঠামো এবং আইনি সমস্যাগুলোর সমাধান করতে হবে। কেন্দ্রীয় সরকারকে অস্বীকার করে স্থানীয় সরকারের কোনো উন্নয়ন হবে না। কিন্তু তাই বলে স্থানীয় সরকারব্যবস্থার ওপর রাজনৈতিক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া যাবে না। এখন নারায়ণগঞ্জ নিয়ে দেশের জাতীয় রাজনীতি অস্থির হয়ে পড়েছে। এটি শুভ লক্ষ্মণ নয়। এটি গেল রাজনৈতিক সমস্যা। আইনগত সমস্যা হলো সিটিতে সব ক্ষমতা মেয়রের। যে কারণে নির্বাচনে সবাই মেয়রকে নিয়ে ব্যস্ত থাকে। কাউন্সিলরদের কোনো খবর থাকে না। অথচ আমাদের পাশের দেশের সিটিগুলোর কাঠামো-চিত্র ভিন্ন। কলকাতা মিউনিসিপ্যাল করপোরেশনে ২৪১টি ওয়ার্ড রয়েছে। সেখানে মেয়র নির্বাচন হয় না। হয় কাউন্সিলর নির্বাচন। পরে কাউন্সিলরদের ভোটে একজন কাউন্সিলর মেয়র নির্বাচিত হন এবং ১০ জন কাউন্সিলর নিয়ে নির্বাহী পরিষদ গঠিত হয়। যে কারণে সেখানে মেয়রের একচ্ছত্র আধিপত্য থাকে না। সুতরাং সিটি করপোরেশন কার্যকর করতে আইন সংশোধন করতে হবে। মেয়রের একচ্ছত্র ক্ষমতার কারণেই ঢাকা সিটি করপোরেশনে ১০৯টি মাসিক সভার মধ্যে মাত্র ১৬টি হয়েছে। স্থানীয় কমিটিগুলো অকার্যকর। তাদের কোনো সভাও হয় না। যে কারণে নগরবাসী সিটি করপোরেশনের দুর্নীতিবাজ কর্মচারীদের কাছে জিম্মি। তাঁদের সঙ্গে জড়িত রয়েছেন কিছু কাউন্সিলর। এসব কর্মচারী নিয়োগ হয়ে থাকে রাজনৈতিক বিবেচনায়। ঠিকাদারদের ক্ষমতাও অসীম। তাঁদের হয়ে তদবিরের কাজ করেন কাউন্সিলররা। রাজস্ব দিচ্ছে নগরবাসী। সেটাও মেরে দিচ্ছেন কর্মচারীরা। অর্থাত্ সিটি করপোরেশনগুলোর রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। যার সঙ্গে কর্মচারী থেকে মেয়র পর্যন্ত জড়িত। এত সমস্যার মধ্যে সাধারণ মানুষ সেবা পাবে কোত্থেকে? তাই এসব সমস্যার সমাধান না করে ঢাকাকে দুই করা হলে তাতে কোনো ভালো ফল আসবে না। প্রথম আলো: দুটি সিটি করপোরেশন হলে সমন্বয়ে কোনো সমস্যা হবে বলে মনে করেন?তোফায়েল আহমেদ: ঢাকা শহরে ১৯টি মন্ত্রণালয়ের ৫২টি বিভাগ কাজ করছে। এসব বিভাগের মধ্যে কোনো সমন্বয় নেই। সরকার একাধিকবার বিভিন্নভাবে চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। এর কারণ কেউ কাউকে মানে না। ওয়াসা, ডেসা, বিটিসিএল নিজেদের মতো করে খোঁড়াখুঁড়ি করে। রাজউক জলাশয় ভরাট করে। এসব কাজে তাদের মধ্যে কোনোই সমন্বয় নেই। এখন উত্তর-দক্ষিণে ভাগ করা হলে কি এসব সমস্যা দূর হবে? হবে না। বরং সমস্যা বাড়বে। করপোরেশন দুটি হলেও শহর কিন্তু একটিই রয়ে যাচ্ছে। এতে সমন্বয় করতে গিয়ে দুই মেয়রের মধ্যে বিবাদ বাধতে পারে। ৫৬টি ওয়ার্ড দক্ষিণের এবং ৩৬টি ওয়ার্ড উত্তরের, এতে সুষম বণ্টনে সমস্যা হবে। রাজউক, ডেসা, ওয়াসা তো একটিই প্রতিষ্ঠান। এসবের মধ্যে সমন্বয় কীভাবে হবে? হিসাব অনুযায়ী বেশির ভাগ সম্পদ থাকছে দক্ষিণে। সচিবালয়, নগরভবনসহ গুরুত্বপূর্ণ সব ভবন ও স্থাপনা হয়ে যাবে দক্ষিণের। এতে করে সরকারকে নতুন করে অনেক স্থাপনা তৈরি করতে হবে। ব্যয় হবে প্রচুর অর্থ। এসব স্থাপনা তৈরিতে বিলম্ব হলে উত্তরের নগরবাসীর মধ্যে অসন্তোষ দেখা দিতে পারে।