হতে পারেন করপোরেট খাতের পেশাজীবী
সমাজে মর্যাদাশীল জীবনের জন্য প্রয়োজন একটি তাৎপর্যপূর্ণ পেশা বা চাকরি। সেজন্য দরকার উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা। তবে বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশে গতানুগতিক সাধারণ শিক্ষায় চাকরি পাওয়াটা অনেক সময়ই কঠিন হয়ে পড়ে। সে জন্য এখানে ব্যতিক্রমধর্মী ও সময়োপযোগী কিছু পেশাগত শিক্ষা বা প্রশিক্ষণ দ্রুত সম্ভাবনাময় চাকরি পেতে সহায়ক হতে পারে। তেমনি একটি সুযোগ করে দিচ্ছে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি)। চাকরিপ্রত্যাশী সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি চাকরিজীবীরাও এই প্রতিষ্ঠান থেকে চার্টার্ড সেক্রেটারিশিপ অর্জন করতে পারেন। কেন এই কোর্স: বিশ্বজুড়ে কোম্পানি সুশাসন আজ একটি আলোচিত বিষয়। সে অনুযায়ী করপোরেট খাতে সুশাসন প্রতিষ্ঠায় সহযোগী শক্তি হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে চার্টার্ড সেক্রেটারি বা কোম্পানি সচিব। এটি ইতিমধ্যে বিশ্বব্যাপী একটি গুরুত্বপূর্ণ ও সম্মানজনক পেশা হিসেবে পরিচিতি পেয়েছে। সেজন্য কোম্পানি সচিব পেশাগত শিক্ষায় প্রশিক্ষিত হলে সেটি তাঁর ও প্রতিষ্ঠানের উভয়েরই লাভ। পেশা হিসেবে সম্ভাবনা: আইসিএসবির সভাপতি মোহাম্মদ সানাউল্লাহ বলেন, এখনকার পৃথিবী দ্রুত বদল হচ্ছে। সেই আলোকে পড়াশোনা আর কাজের ক্ষেত্রেও নতুন নতুন বিষয় যোগ হচ্ছে। তেমনই একটি বিষয় হলো চার্টার্ড সেক্রেটারিশিপ। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কোম্পানি, ব্যাংক, বিমা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে সার্বিকভাবে কোম্পানি সচিব ও করপোরেট ব্যবস্থাপকের পদে উপযুক্ত প্রার্থীর যথেষ্ট সংকট রয়েছে। তাই যে কেউ চাহিদাসম্পন্ন এই কোর্স করে করপোরেট খাতে কর্মজীবন গড়তে পারেন।কাজ কী: ব্যাংক, বিমা বা বাণিজ্যিক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে একজন কোম্পানি সচিব পরিচালনা পর্ষদের নানা কাজে সহায়তা ও পরামর্শ প্রদানের কাজ করে থাকেন। প্রতিষ্ঠানের আইন, বিধিমালা, আর্থিক ব্যবস্থাপনা, ব্যবসায় প্রশাসন ইত্যাদি নিয়েও কাজ করতে হয় তাঁকে।ভালো করতে হলে: মোহাম্মদ সানাউল্লাহ জানান, এ খাতে ভালো করতে হলে পরিশ্রমী হতে হবে। তবে ইংরেজিতে দক্ষতা ও তথ্যপ্রযুক্তিতে ভালো জ্ঞান না থাকলে এ ক্ষেত্রে ভালো করা খুবই কঠিন। এ কারণে ইংরেজিতে দক্ষতা ও আধুনিক তথ্যপ্রযুক্তি সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। এসবের পাশাপাশি আর্থিক আইন, শ্রম আইন, নীতিমালা ও করপোরেট বিষয়ের সবকিছুতে জানাশোনা থাকতে হবে। আরেকটি দরকারি যোগ্যতা হলো যোগাযোগের দক্ষতা। সম্ভাব্য চাকরি: আইসিএসবি সূত্রে জানা গেছে, আড়াই বছরের চার্টার্ড সেক্রেটারিশিপ এই কোর্স সম্পন্ন করলে চাকরিপ্রার্থীদের চাকরি পাওয়া এবং কর্মরতদেরও পেশাগত উন্নয়ন সহজ হয়ে ওঠে। এই কোর্স করে কোম্পানি সচিব, ডেপুটি কোম্পানি সচিব, সহকারী কোম্পানি সচিব, করপোরেট ম্যানেজার বা ব্যবস্থাপক বা এগুলোর সমমর্যাদাসম্পন্ন চাকরি পাওয়া যায়। তাও আবার উচ্চতর প্রারম্ভিক বেতনেই শুরু হয় চাকরিটা। ভর্তির যোগ্যতা: এ কোর্সটি করতে চাইলে আপনাকে ন্যূনতম যেকোনো শাখায় স্নাতক (বিএ/বিকম/বিএসসি/বিবিএ) বা সমমানের ডিগ্রি এবং কমপক্ষে ছয় পয়েন্টের অধিকারী হতে হবে। ভর্তির সময় ও শিক্ষাপদ্ধতি: আইসিএসবিতে চার্টার্ড সেক্রেটারিশিপ কোর্সে বছরে দুবার, ডিসেম্বর ও জুন মাসে ভর্তি হওয়া যায়। ৩১তম ব্যাচের (শীতকালীন) ভর্তির কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে, যা চলবে আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত।আড়াই বছর মেয়াদি এই কোর্স মোট পাঁচটি সেমিস্টারে বিভক্ত। প্রথম তিন সেমিস্টারকে বলা হয় ইন্টারমিডিয়েট লেভেল এবং শেষ দুটিকে বলা হয় ফাইনাল গ্রুপ। প্রতিটি সেমিস্টার ছয় মাসের। কোর্সের বিষয়গুলো: পাঁচটি সেমিস্টারে মোট ১৮টি বিষয় পড়তে হয়। ক. প্রথম সেমিস্টারে সংগঠন ও মানবসম্পদ ব্যবস্থাপনা (এইচআরএম); সাধারণ ও বাণিজ্যিক আইন, বিজনেস ইকোনমিকস ও পরিসংখ্যান। খ. দ্বিতীয় সেমিস্টারে ব্যবসায়িক যোগাযোগ ও প্রতিবেদন লিখন; প্রত্যক্ষ ও পরোক্ষ কর আইন, ফিন্যান্সিয়াল, কস্ট ও ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং; গ. তৃতীয় সেমিস্টারে কোম্পানি আইন ও প্র্যাকটিস-১; কোম্পানি সেক্রেটারিয়েল প্র্যাকটিস-১; অর্থনীতি; শিল্প ও শ্রম আইন; ব্যাংকিং, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান আইন। চূড়ান্ত দুটি সেমিস্টারে চারটি করে আটটি কোর্স রয়েছে: কোম্পানি আইন ও প্র্যাকটিস-২; কর আইন ও প্র্যাকটিস; করপোরেট অর্থায়ন ও বিনিয়োগ; ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ ও তথ্য ব্যবস্থাপনা; কোম্পানি সেক্রেটারিয়েল প্র্যাকটিস-২; প্রফেশনাল অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট প্র্যাকটিস; সিকিউরিটিজ আইন ও পুঁজিবাজার এবং সাচিবিক ও ব্যবস্থাপনা নিরীক্ষা। ইন্টার্নশিপ: আড়াই বছরের চার্টার্ড সেক্রেটারিশিপ কোর্স সম্পন্নকারীদের তিন মাসের জন্য ইন্টার্নশিপ করতে হয়। এই ইন্টার্নশিপের ব্যাপারে ইনস্টিটিউট থেকে সার্বিক সহায়তা দেওয়া হয় বলে আইসিএসবির কর্মকর্তারা জানান। শিক্ষক হিসেবে আছেন যাঁরা: আর্থিক খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, বহুজাতিক কোম্পানির পরিচালক, জ্যেষ্ঠ কোম্পানি সচিব, জ্যেষ্ঠ ব্যবস্থাপক, জ্যেষ্ঠ আইনজীবী এবং বিভিন্ন ইনস্টিটিউটের বিশেষজ্ঞ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা পাঠদান করে থাকেন। শিক্ষা ব্যয়: ভর্তির সময় রেজিস্ট্রেশন, সেশন চার্জ, লাইব্রেরি কার্ড ও কোচিং ফি সব মিলিয়ে ১৩ হাজার ৬০০ টাকা জমা দিতে হবে। ভর্তির আবেদনপত্র ও স্টুডেন্টস হ্যান্ড বুকের জন্য দিতে হবে এক হাজার টাকা। ইন্টারমিডিয়েট পর্যায়ের ১০টি বিষয়ের জন্য মোট ৬৩ হাজার ৩৭৫ টাকা ও ফাইনাল গ্রুপ পর্যায়ে আটটি বিষয়ের জন্য মোট ৫৭ হাজার ১০০ টাকা খরচ পড়বে। বছরে দুবার পরীক্ষা অনুষ্ঠিত হয়, জানুয়ারি ও জুলাই মাসে।কোচিং ক্লাস: এই কোর্সে ভর্তি হলে সন্ধ্যাকালীন কোচিং ক্লাস করানো হয় সপ্তাহে তিন-চার দিন। সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত ক্লাস চলে। দিবা শাখায় শুক্র ও শনিবার সকাল সাড়ে আটটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত কোচিং অনুষ্ঠিত হয়।আইসিএসবির পরিচিতি: আইসিএসবি এক যুগেরও বেশি সময়ধরে দেশে সম্ভাবনাময় ও চাহিদাসম্পন্ন এই পেশাভিত্তিক কোর্স পরিচালনা করে আসছে।বিস্তারিত তথ্যের জন্য: ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি), ১০৭/ কাকরাইল (দ্বিতীয় তলা), ঢাকা-১০০০, ফোন: ৯৩৪৯৫৭৮। ই-মেইল: [email protected], www.icsb.edu.bd