হতে পারেন গাড়ির ডাক্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যস্ত নগরের মানুষের প্রধান বাহন যে গাড়ি তা বলার অপেক্ষা রাখে না। গাড়ি আমাদের নিত্যসঙ্গী। কমতি নেই ব্র্যান্ডের দিক থেকেও। রাজধানী ছাড়া দেশের প্রায় সব নগরে ও গ্রামে গাড়ির ব্যবহার চোখে পড়ার মতো। আগের তুলনায় বর্তমানে দেশে অনেক বেশিগাড়ি আমদানি হচ্ছে। ফলে পরবর্তী সময়ে গাড়িগুলো মেরামত ও সার্ভিসিং করার কাজও বাড়ছে। আর একজন দক্ষ অটোমোবাইল প্রকৌশলী ছাড়া এ কাজ সম্পন্ন করা প্রায় অসম্ভব। চাহিদা অনুসারে গাড়ির আমদানিকারক প্রতিষ্ঠান যেমন বাড়ছে, তেমনই পাশাপাশি তৈরি হচ্ছে বড় মাপের অনেক ওয়ার্কশপ। এ ক্ষেত্রে অটোমোবাইল প্রকৌশলীদের কাজের ব্যাপক সুযোগ সৃষ্টি হচ্ছে। আপনি এ পেশায় গড়তে পারেন নিশ্চিত আয়ের উজ্জ্বল ভবিষ্যৎ।কাজের ধরনর্যাংগস ওয়ার্কশপ লিমিটেডের সহকারী মহাব্যবস্থাপক এবং অপারেশন ইনচার্জ মুহাম্মদ আবুল হাশেম বলেন, একজন অটোমোবাইল প্রকৌশলী গাড়ি তৈরি থেকে শুরু করে বিক্রয় ও পরবর্তী সার্ভিসিং এবং মেরামতসহ যাবতীয় কাজে যুক্ত থাকেন। তবে সাধারণত এ ক্ষেত্রে কাজের তিনটি ভাগ রয়েছে। উৎপাদন ক্ষেত্রে, সেলস এবং সেলস পরবর্তী সার্ভিসিং। উৎপাদনের ক্ষেত্রে কয়েকটি ভাগ রয়েছে যেমন—ডিজাইন, ড্রয়িং ও ক্যালকুলেশন ইত্যাদি। সেলস বিভাগে গাড়ি বিপণন, বিক্রয় ও বিতরণের কাজ করতে হয়। মূলত গ্রাহকের চাহিদা বুঝে গাড়ি সম্পর্কে আরও ভালো ধারণা উপস্থাপন করাই হলো এখানকার মূল দায়িত্ব। বিক্রয়-পরবর্তী সার্ভিসিং বলতে ওয়ারেন্টিযুক্ত বা সার্ভিস ফি দিয়ে গাড়ির বিভিন্ন ধরনের মেরামত ও সার্ভিসিং করা হলো এই বিভাগের কাজ।পেশার চাহিদা: ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর (অটোমোবাইল) এবং বাংলাদেশ অটোমোবাইল ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মোসাদ্দেক হোসেন বলেন, ১৯২৪ সালে অস্ট্রিন সেভেন টুরা (ব্রিটিশ) গাড়ির মাধ্যমে এ দেশে মোটরগাড়ির যাত্রা শুরু হয়, যা এখনো সচল অবস্থায় রয়েছে। এর কারণ, সময় অনুযায়ী মেরামত ও সার্ভিসিং করা। এতে বোঝা যায়, এ পেশার চাহিদা আগেও ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে। মুহাম্মদ আবুল হাশেম আরও বলেন, দেশে-বিদেশে—দুই জায়গায়ই এ পেশার ব্যাপক চাহিদা রয়েছে। কারণ, কোনো দেশের সার্বিক উন্নয়নের জন্য যে বিষয়ে জোর দিতে হয়, তা হলো যোগাযোগব্যবস্থা। তবে রেলগাড়ি, নৌযান ও উড়োজাহাজ যোগাযোগব্যবস্থায় যতটুকু সুবিধা পাওয়া যায়, মোটরযানব্যবস্থা একাই তার চেয়ে বেশি সুবিধা দিতে সক্ষম। মধ্যপ্রাচ্যসহ তাইওয়ান, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ইউরোপে এই পেশায় অনেকেই কাজ করছেন এবং এর অনেক চাহিদাও রয়েছে।কাজের ক্ষেত্র: সহজভাবে বলতে গেলে যে প্রতিষ্ঠানে ইঞ্জিনের ব্যবহার আছে, সেখানেই অটোমোবাইল প্রকৌশলীদের কাজের সুযোগ রয়েছে। বর্তমানে আমাদের দেশে প্রায় ২৫টির বেশি গাড়ি আমদানিকারক প্রতিষ্ঠান রয়েছে, যেখানে আছে কাজের অনেক সুযোগ। এ পেশার কর্মক্ষেত্র অনেক বিস্তৃত। মোটর প্রতিষ্ঠান ছাড়াও অন্যান্য আরও প্রতিষ্ঠান যেমন—পাওয়ার প্ল্যান্ট, কৃষিক্ষেত্র ও নৌযানে কাজের সুযোগ আছে বলে জানান মুহাম্মদ আবুল হাশেম। একজন অটোমোবাইল প্রকৌশলী কোনো প্রতিষ্ঠানে টেকনিক্যাল কর্মকর্তা, সুপারভাইজার, টেকনিক্যাল ম্যানেজার, ওয়ার্কশপ ম্যানেজার, ওয়ার্কশপ অপারেশন ম্যানেজার, জেনারেল ম্যানেজার সার্ভিস ইত্যাদি পদে চাকরির সুযোগ পান।সুবিধা-অসুবিধা: একজন অটোমোবাইল প্রকৌশলীর বেতন ২০ হাজার টাকা থেকে শুরু করে দক্ষতার ভিত্তিতে লক্ষাধিক টাকা হতে পারে। এ পেশায় দক্ষতা দিয়ে প্রতিষ্ঠানে বছরে তিনটি পদোন্নতি পাওয়া সম্ভব। এ ছাড়া চাকরি না করে গাড়ি মেরামতের গ্যারেজ দিয়ে স্বাধীনভাবে কাজ করার সুযোগও রয়েছে বলে জানান মুহাম্মদ আবুল হাশেম। তিনি আরও জানান, অনেক সময় অটোমোবাইল প্রকৌশলীর ঘাটতি পূরণ করতে যন্ত্র প্রকৌশলীদের এ পেশায় নিয়োগ দেওয়া হয়ে থাকে। শিক্ষার্থীদের এ বিষয়ে আগ্রহী করে তোলা উচিত। একাডেমিক কোনো ডিগ্রি নেই এমন অনেকেই শুধু অভিজ্ঞতা দিয়ে কাজ করছেন। কিন্তু বর্তমানে যে ধরনের গাড়ি তৈরি বা আমদানি হচ্ছে, প্রায় সবই উচ্চ প্রযুক্তিসম্পন্ন। ফলে এ কাজ করা দক্ষ প্রকৌশলী ছাড়া সম্ভব নয়। এ বিষয়ে ডিপ্লোমা পর্যায়ে পড়ার সুযোগ থাকলেও স্নাতক পর্যায়ে পড়ার সুযোগ নেই। চাহিদার ভিত্তিতে স্নাতক পর্যায়ে শিক্ষার সুযোগ করা উচিত।এ পেশায় ভালো করতে: পড়াশোনার ক্ষেত্রে তাত্ত্বিক ও ব্যবহারিক উভয় দিকেই গুরুত্ব দেওয়া হয়। তবে চাকরির ক্ষেত্রে এ পেশায় ব্যবহারিক কাজের প্রাধান্যই বেশি। তাই এখানে ভালো করতে নিখুঁতভাবে গুরুত্বের সঙ্গে কাজ করতে হবে। পাশাপাশি প্রায় প্রতিষ্ঠানেরই নিজস্ব ম্যানুয়েল থাকে, সেই বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে বলে জানান মো. মোসাদ্দেক হোসেন।ভর্তির যোগ্যতা: চার বছর মেয়াদি ডিপ্লোমা-ইন অটোমোবাইল টেকনোলজিতে ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীদের ন্যূনতম এসএসসি বা সমমানের পাস হতে হবে। এ বিষয়ে মেয়েদেরও পড়ার সুযোগ রয়েছে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের উপপরিচালক (গবেষণা) দীল মোহাম্মদ আলী জানান, দুটি সরকারিসহ মোট আটটি ইনস্টিটিউটে এ বিষয়ে পড়ার সুযোগ রয়েছে। যোগাযোগ করতে পারেন—সরকারিঅটোমোবাইল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, তেজগাঁও, ঢাকা-১২০৮। বাংলাদেশ-সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট কাপ্তাই, রাঙামাটি। বেসরকারিবাংলাদেশ পলিটেকনিক ইনস্টিটিউট। ই-৩৯৫, হাতেমখাঁ তমিজউদ্দিন রোড, রাজশাহী।সাকিনা আজহার টেকনিক্যাল কলেজ, মূলঘর, ফকিরহাট, বাগেরহাট।শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট, ১৬/সি-ডি, ব্লক-ডি, নূরজাহান রোড, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭।চট্টগ্রাম শাখা: ১৩২ নাসিরাবাদ হাউজিং সোসাইটি, মুরাদপুর, চট্টগ্রাম।মটস ইনস্টিটিউট অব টেকনোলজি, পল্লবী, মিরপুর-১২, ঢাকা-১২১৬। মিরপুর পলিটেকনিক্যাল ইনস্টিটিউট, ৩২৩, ৩৩১, আহম্মদনগর, মিরপুর-১, ঢাকা-১২১৬। চিটাগাং টেকনিক্যাল কলেজ, ১২৯ মুরাদপুর, বিশ্বরোড, চট্টগ্রাম।