হতে পারেন শারীরিক শিক্ষার শিক্ষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজকাল সন্তানকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, নাচ-গানসহ নানা বিষয় শেখাতে আগ্রহের কমতি নেই অভিভাবকদের। নিজের সন্তানকে যুগের সঙ্গে তাল মিলিয়ে সব দিকেই তৈরি করতে ক্লান্তি নেই অনেক মা-বাবার। বাদ যায় না তাদের শারীরিক সুস্থতার দিকটাও। তাই তাঁরা যেমন সন্তানের খাবারদাবারের দিকে জোর দিচ্ছেন, তেমনি শরীরচর্চার প্রতিও। তা ছাড়া ছোট-বড় সব বয়সের মানুষই এখন শরীরের প্রতি অনেক সচেতন। সে অনুযায়ী বিভিন্ন পাড়া-মহল্লায় বা শপিং কমপ্লেক্সেও গড়ে উঠেছে শরীরচর্চাকেন্দ্র বা ব্যায়ামাগার। তবে স্কুল-কলেজে এবং ব্যায়ামাগারে নির্দেশক হিসেবে একজন শারীরিক শিক্ষার অভিজ্ঞ শিক্ষক বা প্রশিক্ষকের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শারীরিক শিক্ষা বিষয়ে পড়ার সুযোগ আছে। ইতিমধ্যেই শারীরিক শিক্ষা বিষয়ে ২০১২ সালের শিক্ষাবর্ষে ব্যাচেলর অব ফিজিক্যাল এডুকেশন (বিপিএড) কোর্সে ভর্তিবিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এক বছর মেয়াদি এই কোর্স সম্পন্ন করে শারীরিক শিক্ষা বিষয়ে প্রশিক্ষক হয়ে আপনিও শুরু করতে পারেন ক্যারিয়ার বা কর্মজীবন।ভর্তির যোগ্যতা: আগ্রহী প্রার্থীদের ন্যূনতম স্নাতক বা সমমানের পাস হতে হবে। ছেলেমেয়ে উভয়ের পড়ার সুযোগ আছে। কর্মরত শিক্ষকেরাও আবেদন করতে পারবেন। বয়স ২০১১ সালের ৩০ ডিসেম্বর ৩৫ বছরের মধ্যে হতে হবে। শিক্ষকদের ক্ষেত্রে বয়স ৪০ বছর পর্যন্ত গ্রহণযোগ্য। সাধারণত পরীক্ষা ছাড়াই সরাসরি ভর্তির সুযোগ পাওয়া যায়। বিলম্ব ফিসহ আগামী বছরের ১০ জানুয়ারি পর্যন্ত ভর্তির সুযোগ রয়েছে।আবেদন-প্রক্রিয়া: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে ছবিসহ শিক্ষাগত যোগ্যতার সব সনদ ও নম্বরপত্রের ফটোকপি জমা দিতে হবে। শিক্ষকদের ক্ষেত্রে অভিজ্ঞতার সনদ জমা দিতে হবে। তবে ভর্তির সময় সব শিক্ষকতার মূল কাগজপত্র জমা রাখতে হবে, যা কোর্স শেষে ফেরত দেওয়া হবে। যেখানে পড়ার সুযোগ: ক্রীড়া পরিদপ্তরের উপপরিচালক মো. হাবিবুর রহমান জানান, তাঁদের সংস্থার আওতায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত সরকারি শারীরিক শিক্ষা কলেজ, রাজশাহী জেলার সুপরার রাজশাহী সরকারি শারীরিক শিক্ষা কলেজ, চট্টগ্রামের বড়পুলের চট্টগ্রাম বিভাগীয় সরকারি শারীরিক শিক্ষা কলেজ, বাগেরহাট জেলার শ্রীঘাটের খুলনা বিভাগীয় সরকারি শারীরিক শিক্ষা কলেজ, ময়মনসিংহ জেলার মুক্তাগাছার ময়মনসিংহ সরকারি শারীরিক শিক্ষা কলেজ এবং বরিশালের টঙ্গীবাড়ীর বরিশাল বিভাগীয় সরকারি শারীরিক শিক্ষা কলেজে বিপিএড কোর্সে পড়ার সুযোগ আছে। প্রতিটি কলেজে মোট ২৫০টি আসন করে মোট দেড় হাজার শিক্ষার্থী ভর্তির সুযোগ রয়েছে। তবে ৫০টি আসন মেয়েদের জন্য নির্ধারিত থাকবে। এ ছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আরও ২৩টি বেসরকারি কলেজেও পড়ার সুযোগ আছে। যা শেখানো হয়: বরিশাল বিভাগীয় সরকারি শারীরিক শিক্ষা কলেজের প্রভাষক মো. আবদুল হাকিম মিয়া বলেন, এখানে প্রশিক্ষণার্থীকে তাত্ত্বিক ও ব্যবহারিক কোর্সে ৫০০ নম্বর করে মোট ১০০০ নম্বরের পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। তাত্ত্বিক বিষয়ে শারীরিক শিক্ষার ইতিহাস, তত্ত্বনীতি, শিক্ষাদানপদ্ধতি, খেলাধুলার আইন-কানুন, ক্রীড়া মনোবিজ্ঞান, শারীরিক শিক্ষা ফিজোলজি, সংঘটন ও প্রশাসন, স্বাস্থ্যবিদ্যা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ে পড়ানো হয়। ব্যবহারিক ক্ষেত্রে খেলাধুলা প্রথম পত্র নামে রয়েছে ফুটবল, ভলিবল, হ্যান্ডবল, ক্রিকেট ও হকি নিয়ে একটি বিষয়। খেলাধুলা দ্বিতীয় পত্রে রয়েছে কাবাডি, বাস্কেট বল, টেবিল টেনিস ও ব্যাডমিন্টন। এ ছাড়া জিমন্যাস্টিকস, অ্যাথলেটিকস, ক্রীড়া ব্যবস্থাপনা ও স্কোয়াড ড্রিল এবং প্র্যাকটিস ট্রেনিং লেসন বা পাঠদান—সব মিলিয়ে ব্যবহারিক ক্ষেত্রে আটটি বিষয়ে শেখানো হয়। মোটকথা, শারীরিক শিক্ষাসহ সব ধরনের খেলাধুলা বিষয়ে শেখানো হয় এই কোর্সে। কাজের সুযোগ: এ বিষয়ে মো. হাবিবুর রহমান বলেন, প্রতিটি জেলায় একজন করে ক্রীড়া কর্মকর্তা নিয়োগের পদ আছে। কিন্তু এ বিষয়ে জনবলের অভাবে বর্তমানে ৩০টির বেশি জেলায় পদ খালি রয়েছে। এ ছাড়া সরকারি-বেসরকারি বিভিন্ন স্কুল-কলেজে এ বিষয়ে শিক্ষকের শূন্য রয়েছে। এ থেকে কিছুটা হলেও ধারণা পাওয়া যায়, এই খাতে প্রশিক্ষিত জনবলের চাহিদা কতখানি। এখানে ছেলেদের পাশাপাশি মেয়েদেরও কাজের সুযোগ আছে। ফলে একজন কোর্স করে তাঁর ক্যারিয়ার গড়তে পারেন।কাজের সুযোগ সম্পর্কে আবদুল হাকিম মিয়া বলেন, বর্তমানে সরকারি ফিজিক্যাল কলেজে প্রভাষক পদে প্রায় ৩০টিরও অধিক পদ খালি রয়েছে। ফলে এখানে কাজের প্রচুর সুযোগ আছে। বিভিন্ন স্কুল-কলেজে শিক্ষকতা কিংবা সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করতে পারবেন। এ ছাড়া নিজেও ব্যয়ামাগার খুলে স্বাধীন ব্যবসা করার সুযোগ তো থাকছেই। দেশের বাইরেও এ পেশার দারুণ কদর রয়েছে এবং বৃত্তি পাওয়া যায়।যাঁদের আসা উচিত: সাভার সিটি ইন্টারন্যাশনাল স্কুলের শারীরিক শিক্ষার শিক্ষক নাজনিন নাহার জানান, এখানে যাদের শরীরচর্চা ও খেলাধুলার প্রতি আগ্রহ রয়েছে তাদের আসা উচিত, যেমনটা তিনি এসেছেন বিপিএড কোর্স সম্পন্ন করে। কারণ পুরো বিষয়টাই খেলাধুলা নিয়ে। ভালো করতে হলে অবশ্যই মনোযোগ দিয়ে ক্লাস ও ব্যবহারিক বিষয়ে অংশগ্রহণ করতে হবে।শিক্ষক নিবন্ধনের আবশ্যকতা: আবদুল হাকিম মিয়া আরও বলেন, বেসরকারি স্কুল-কলেজে শিক্ষকতা করতে হলে অবশ্যই নন-গভর্নমেন্ট টিচার রেজিস্ট্রেশন সার্টিফিকেট অথরিটি (এনটিআরসিএ) থেকে নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বছরে একবার এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১০০ নম্বর করে দুই ভাগে মোট ২০০ নম্বরের পরীক্ষায় অংশ নিতে হয়। উত্তীর্ণ হতে আলাদাভাবে ৪০ নম্বর করে মোট ৮০ নম্বর পেতে হবে। সুযোগ-সুবিধা: মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ তারেক ইকবাল খান মজলিস বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বেসরকারি আরও ২৩টি কলেজে বিপিএড কোর্সে পড়ার সুযোগ আছে। তবে সরকারি ছয়টি কলেজে পর্যাপ্ত আধুনিক খেলাধুলার জিনিসপত্র, মাঠ ও অভিজ্ঞ শিক্ষক দিয়ে পরিচালিত হয়। ফলে এখানে একজন প্রশিক্ষণার্থী হাতে-কলমে শেখার যথেষ্ট সুযোগ পান। এ ছাড়া প্রত্যেক শিক্ষার্থীকে মাসিক ৩৩০ টাকা ভাতা দেওয়া হয়। রয়েছে বিনা খরচে থাকার সুযোগ। আধুনিক খেলাধুলার জিনিসপত্রসহ আছে লাইব্রেরির সুবিধা। রয়েছে চিকিৎসাসুবিধাও। আরও জানতে: ভর্তি হতে আগ্রহী ব্যক্তিরা উল্লিখিত কলেজগুলোয় যোগাযোগ করতে পারেন। আরও যোগাযোগ করা যাবে: ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, মওলানা ভাসানী স্টেডিয়াম, ঢাকা। ফোন: ৭১৭০৬৩১।