হত্যা, ধর্ষণ ও নির্যাতনের শিকার সিরিয়ার শিশুরা
হত্যা, ধর্ষণ ও নির্যাতনের নিয়মিত শিকার হচ্ছে সিরিয়ার শিশুরা। দেশটিতে দুই বছর ধরে চলতে থাকা রক্তক্ষয়ী গৃহযুদ্ধে একের পর এক নির্যাতনে মানসিক অবসাদে ভুগছে এসব শিশু। লন্ডনভিত্তিক দাতব্য সংস্থা সেভ দ্য চিলড্রেনের প্রধান নির্বাহী জাস্টিন ফরসিথ রয়টার্সের কাছে এসব কথা বলেন। আজ বুধবার প্রকাশিত ওই আন্তর্জাতিক দাতব্য সংস্থার এক প্রতিবেদনে নির্যাতনের এই চিত্র তুলে ধরা হয়।প্রতিবেদনে ১২ বছর বয়সী এক কিশোরের কথা বলা হয়েছে, যার সামনে তার সবচেয়ে প্রিয় বন্ধুটিকে গুলি করে হত্যা করা হয়েছে। ১৫ বছর বয়সী আরেক কিশোরের কথা বলা হয়েছে, যাকে আরও ১৫০ জন মানুষের সঙ্গে একসঙ্গে একটি কারাকক্ষের ভেতর রাখা হয়েছে। তাকে প্রতিদিন একটি বড় চাকায় ঘোরানো হয়। একই সঙ্গে দেওয়া হয় জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা। প্রতিবেদনের তথ্যমতে, চলমান যুদ্ধে যৌন নিপীড়নের শিকার যারা হয়েছে, তাদের ৫০ শতাংশই শিশু।প্রতিবেদনের তথ্যে বলা হয়েছে, সিরিয়ায় এ পর্যন্ত ২০ লাখ শিশু অপুষ্টি, অসুস্থতা, বাল্যবিয়ে ও মারাত্মক মানসিক বিপর্যয়ের শিকার হয়েছে। দেশটির দুই-তৃতীয়াংশ শিশু তাদের পরিবারের সদস্যদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অনেক শিশু চোখের সামনে তাঁর পরিবারের সদস্য বা স্বজনের মৃত্যু দেখেছে।সেভ দ্য চিলড্রেনের প্রধান নির্বাহীর মতে, চলমান যুদ্ধে যেসব শিশু ভয়াবহ অভিজ্ঞতা লাভ করেছে, তাদের মনের গভীরে পরতে পরতে জমেছে মানসিক অবসাদ।গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে সিরিয়া থেকে প্রতিবেশী দেশগুলোতে লাখ লাখ মানুষ পালিয়ে গেছে। সংস্থাটির ভাষ্য, ৮০ হাজার মানুষ গোলাঘর, উদ্যান ও গর্তের ভেতরে মানবেতর দিন কাটাচ্ছে। শিশুরা পাচ্ছে না পর্যাপ্ত খাবার।প্রতিবেদনে বলা হয়, যুদ্ধে সরকার ও বিরোধীপক্ষ উভয়ই শিশুদের ওপর নিপীড়ন চালাচ্ছে। কিছু সশস্ত্র দল আছে, যারা শিশুদের ভারবাহী কুলি ও পত্রবাহক হিসেবে ব্যবহার করে থাকে। এমনকি তাদের যুদ্ধের সময় সামনের সারিতে দাঁড় করিয়ে মানববর্ম হিসেবেও ব্যবহার করছে তারা।