হত্যা আর ধ্বংসের কালরাত আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হুকুম দিয়ে ইয়াহিয়া ঢাকা থেকে করাচিতে পিঠটান দিয়েছেন। ভুট্টো ঘুমোচ্ছেন হোটেল ইন্টার-কন্টিনেন্টালের (পরে শেরাটন) ১২ তলার কক্ষে। সারা দিনের কর্মক্লান্তির পর প্রতিদিনের মতোই সে রাতেও ঘুমিয়ে গেছে ঢাকার মানুষ। এমন সময় মৃত্যুক্ষুধা নিয়ে জলপাই রঙের ট্যাংক নেমে এল। বিভীষিকার মতো দিকে দিকে ছুটে গেল সাঁজোয়া গাড়ির সারি। রাতের স্তব্ধতা গুঁড়িয়ে দিয়ে গর্জে উঠল বন্দুক, কামান আর ট্যাংক। নিরীহ মানুষের আর্তনাদে ভারী হলো রাতের বাতাস।এভাবেই শুরু হয়েছিল ‘অপারেশন সার্চলাইট’। মানব ইতিহাসের পাতায় রচিত হলো কালিমালিপ্ত আরেকটি অধ্যায়। নিরস্ত্র, ঘুমন্ত মানুষকে বর্বরোচিতভাবে হত্যার ঘটনায় স্তম্ভিত হলো বিশ্ববিবেক।সেই শোকস্মৃতিবাহী গণহত্যা আর ধ্বংসের কালরাত আবার ফিরে এল বাঙালির জীবনে। আজ পঁচিশে মার্চ। জাতি গভীর বেদনায় স্মরণ করবে ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর কাপুরুষোচিত হামলায় আত্মদানকারীদের। তবে বাঙালির স্বাধীনতার স্বপ্নকে নস্যাত্ করে দিতেই গণহত্যা চালালেও তাদের সে লক্ষ্য পূরণ হয়নি। প্রতিরোধের সূচনাও হয়েছিল সে রাতেই।ট্যাংক, কামান, সাঁজোয়া গাড়ির বহর নিয়ে পাকিস্তানি সেনারা হামলা চালিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও সংলগ্ন এলাকা, রাজারবাগ পুলিশ লাইন, পিলখানা ও আশপাশের এলাকায়। সে সময় বিদ্যুৎ ছিল না। টর্চলাইটের আলোয় খুঁজে খুঁজে হানাদারেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের বিভিন্ন কক্ষ থেকে ছাত্র ও শিক্ষকদের ধরে এনে মাঠে গুলি করে হত্যা করে। ইকবাল হলেও (পরে জহুরুল হক হল) তারা নির্বিচারে হত্যাকাণ্ড চালাতে থাকে। অধ্যাপক গোবিন্দ চন্দ্র দেব, জ্যোতির্ময় গুহঠাকুরতা, সন্তোষ ভট্টাচার্য, মনিরুজ্জামানসহ নয়জন শিক্ষক ও বহু ছাত্রকে হত্যা করা হয়। মেডিকেল কলেজ হোস্টেল ও এর আশপাশের এলাকায়ও লুণ্ঠন, অগ্নিসংযোগ ও হত্যাযজ্ঞ চালায় খান সেনারা। সে রাতে ঘুমাতে পারেনি ঢাকাবাসী। রাতভর তাণ্ডবে গোটা শহর পরিণত হয় এক মৃত্যুপুরীতে। রাজারবাগ পুলিশ লাইনে অবশ্য বাঙালি পুলিশ ও স্থানীয় জনসাধারণ হাতের কাছে থাকা যৎসামান্য অস্ত্র নিয়েই বীরত্বের সঙ্গে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। তবে ট্যাংক-কামান-মেশিনগানসজ্জিত হত্যার উন্মাদনায় মত্ত সেনাবাহিনীর কাছে ওই প্রতিরোধ টিকতে পারেনি। পুলিশের বেশ কিছু সদস্য শহীদ হন রাজারবাগে।বাঙালিদের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সে রাতেই গ্রেপ্তার করে পশ্চিম পাকিস্তানের উদ্দেশে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু স্বাধীনতাকামী বাঙালির আন্দোলন থেমে যায়নি। বরং ২৫ মার্চ রাতের হত্যাযজ্ঞ আরও দৃঢ়প্রতিজ্ঞ ও সাহসী করে তুলেছিল অনমনীয় এ জাতিকে। উদ্বুদ্ধ করেছিল মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে।দেশজুড়ে চলে প্রতিরোধ গড়ে তোলার পালা। তারপর নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধ আর অনেক ধ্বংসযজ্ঞের পর উদিত হয় স্বাধীনতার সূর্য। কর্মসূচি: একাত্তরের সেই কালরাতের স্মৃতি স্মরণ করতে বিভিন্ন সংগঠন নিয়েছে নানা কর্মসূচি। রাত আটটায় কেন্দ্রীয় শহীদ মিনারে ‘একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি’ মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের অংশগ্রহণে সমাবেশ এবং মোমবাতি নিয়ে আলোর মিছিল করবে। এ মিছিল জগন্নাথ হলে গিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবে।জগন্নাথ হল পরিবার ও জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে হল প্রাঙ্গণে রাত ১০টা থেকে একটা পর্যন্ত চারুকলা ও নাট্যকলা বিভাগের পরিবেশনায় হবে বিভিন্ন অনুষ্ঠান।রাজারবাগে বাংলাদেশ পুলিশ সাহিত্য ও সাংস্কৃতিক উপপরিষদ এবং সম্মিলিত সাংস্কৃতিক জোট যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করেছে রাত ১০টায়।আজ সূর্যাস্ত থেকে ২৬ তারিখ সূর্যোদয় পর্যন্ত মানিক মিয়া এভিনিউতে ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভ দেশের নবীন-প্রবীণ শিল্পীদের অংশগ্রহণে পথচিত্র অংকন, মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শনী, নাটক, গণসংগীত ও আবৃত্তির আয়োজন করেছে। এ ছাড়া শিল্পকলা একাডেমী ও একাত্তরের যাত্রী যৌথভাবে ‘মুক্তিযোদ্ধার ক্যামেরায় মুক্তিযুদ্ধ’ নামে সপ্তাহব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে জাতীয় চিত্রশালায়। এর উদ্বোধন করা হবে আজ বেলা ১১টায়। কেন্দ্রীয় খেলাঘর আসর সন্ধ্যা সাড়ে ছয়টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা কেন্দ্রে কালরাত স্মরণে প্রদীপ প্রজ্বালন অনুষ্ঠানের আয়োজন করেছে। ঐকতান সংস্কৃতিচর্চা কেন্দ্র পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে আয়োজন করেছে তিন দিনব্যাপী শিশু-কিশোরদের আঁকা চিত্র প্রদর্শনীর। এটি শুরু হবে আজ সকাল ১০টায়। ১০টা ৫০ মিনিটে টিএসসি মিলনায়তনে আইন বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকদের আয়োজনে হবে প্রতীকী যুদ্ধাপরাধ বিচার।সাউথইস্ট ইউনিভার্সিটির সেমিনার হলে বিকেল তিনটায় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মধ্যরাতে জগন্নাথ হলের শহীদবেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করবে। কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করবে বিকেল চারটায়। মণি সিংহ-ফরহাদ স্মৃতি ট্রাস্ট সন্ধ্যা সাতটায় পুরানা পল্টনে তাদের ভবনের সামনে ‘কালরাত্রির আঁধার পেরিয়ে’ নামের অনুষ্ঠানের আয়োজন করেছে। জাতীয় স্বাধীনতা পরিষদ সাড়ে তিনটায় আলোচনা সভার আয়োজন করেছে জাতীয় প্রেসক্লাবে।