হত্যা ও অন্তর্ধান-রহস্য জানতে বিচার কমিশন গঠন জরুরি ছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন সাংবাদিক লরেন্স লিফশুলজ বলেছেন, সত্তর দশকের মাঝামাঝি ঘটে যাওয়া অন্তর্ধান ও অমীমাংসিত হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনের জন্য অনেক আগেই একটি নিরপেক্ষ সত্য ও বিচার কমিশন গঠন করা উচিত ছিল।আজ বৃহস্পতিবার কর্নেল আবু তাহেরের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে লরেন্স লিফশুলজ এ মন্তব্য করেন। ‘তাহের হত্যা মামলায় ন্যায়বিচারের জন্য সংগ্রাম’ শীর্ষক আলোচনায় ‘যেকোনো জায়গায় অবিচার সর্বত্রই ন্যায়বিচারের জন্য হুমকি’ শিরোনামে তিনি মূল প্রবন্ধ উপস্থাপন করেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে কর্নেল তাহের সংসদ আয়োজিত আলোচনায় সভাপতিত্ব করেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি গোলাম রাব্বানী।লিফশুলজ বলেন, ‘৩৫ বছর আগে আজকের দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে এমন একজন মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল, যাঁকে আমাদের অনেকেই চিনতেন, শ্রদ্ধা করতেন, অনেকেই যাঁর গুণগ্রাহী ছিলেন। তবে এ বছর আমরা শুধু মৃত্যুবার্ষিকী পালন করছি না, আমরা একদল দৃঢ়সংকল্প মানুষের সারা জীবনের লক্ষ্যপূরণও উদযাপন করছি। তাঁদের অভীষ্ট ছিল ন্যায়বিচার অন্বেষণ, তাঁদের অধরা আশা ছিল একদিন ন্যায়বিচার পাওয়া যাবে। চলতি বছরের ২২ মার্চ এমনই এক স্বপ্ন সত্যি হয়েছে। দেশের জন্য এটা এক ঐতিহাসিক মুহূর্ত। আর তাহেরের পরিবারের কাছে অত্যন্ত আবেগঘন ব্যাপার। তাঁরা ভাবতেও পারেনি, এমন দিন আসবে। যা ঘটেছে, তার তাত্পর্য আমার দৃষ্টিতে এ দেশের সমাজের জন্যও বিরাট। অন্যায়-অবিচারে পরিপূর্ণ পৃথিবী ও সমাজে ন্যায়বিচারের দিকে একটি পদক্ষেপের মানে আশার দিকে একটি পদক্ষেপ।’সুপ্রিম কোর্টের বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাকির হোসেনের বেঞ্চ রায়ে বলেছেন, সামরিক আদালতে আবু তাহেরের বিচার ছিল অবৈধ ও অসাংবিধানিক।অধুনালুপ্ত হংকংভিত্তিক সাময়িকী ফার ইস্টার্ন ইকোনমিক রিভিউর সাবেক দক্ষিণ এশিয়া প্রতিনিধি লিফশুলজ বলেন, ১৯৭৬ সালের জুলাইয়ে ট্রাইব্যুনালে তাহের যে জবানবন্দি দিয়েছিলেন, তা সত্যিই দূরদর্শী। তাহেরের ভাষ্য ছিল: ‘১৯৭৬ সালের ১৫ জুন যে অধ্যাদেশ ঘোষণা করা হয়েছে, তা একটি কালো আইন। সরকারের মতলব চরিতার্থ করতেই এই অধ্যাদেশ ঘোষিত হয়েছে। অধ্যাদেশটি অবৈধ। তাই এ ট্রাইব্যুনালের আইনগত অথবা নৈতিক কোনো অধিকার নেই আমার বিচার করার।...সময়ের শুরু থেকে আজ অবধি নিরন্তর চেষ্টার ফলে মানবসভ্যতার যা কিছু ভালো অর্জন, সেসবকেই লজ্জায় ফেলে দিয়েছে এ ট্রাইব্যুনালের কর্মকাণ্ড।’মার্কিন এ সাংবাদিকের মতে, একটি স্বাধীন সত্য ও বিচার কমিশন গঠন অনেক আগে থেকেই প্রত্যাশিত ছিল। ওই সময়ের সব অন্তর্ধান আর অধিকাংশ হত্যাকাণ্ড যেগুলোর সুরাহা আজও হয়নি, তা মীমাংসার জন্য এ কমিশন গঠন করা উচিত।