বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, হত্যা ও গুমের মাধ্যমে এবং বিরোধী দলের গণতান্ত্রিক অধিকারে বাধা দিয়ে সরকার দেশকে অন্ধকার রাজনীতির দিকে ঠেলে দিচ্ছে।গতকাল সোমবার রাজধানীর নয়াপল্টনে ১৮ দলীয় জোটের প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় মির্জা ফখরুল এই অভিযোগ করেন। তিনি সরকারকে এ পথ থেকে সরে আসার আহ্বান জানান।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সরকার রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। এ জন্য বিরোধী দলের ওপর নির্যাতন চালাচ্ছে। বিরোধী দলকে নিশ্চিহ্ন করার চক্রান্ত করছে। তিনি বলেন, বিএনপি সরকারকে ৯০ দিন সময় দিয়েছে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের জন্য। এর মধ্যে দাবি আদায় না হলে কঠোর ও দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তার কথা বলেছেন। অন্যান্য দেশের রাষ্ট্রদূতদের বক্তব্যে প্রমাণিত হয়েছে, এই দাবি বিশ্বে জনমত সৃষ্টি করেছে। তিনি বলেন, ‘আমার বন্ধু সুরঞ্জিত সেনগুপ্ত হাতেনাতে ধরা পড়লেন। আমরা তখনই বলেছিলাম, এই তদন্ত কমিটির কোনো গ্রহণযোগ্যতা নেই। এই রহস্য উদ্ঘাটিত হবে না।’সভাপতির বক্তব্যে ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা বলেন, ‘যত নির্যাতনই করুন, আগামী দিনে আপনারা সরকারে থাকবেন না, এটা নিশ্চিত। তাই পুলিশসহ অন্য কর্তৃপক্ষকে বলি, আপনারা সতর্ক হয়ে যান। আন্দোলনে এমন ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে, কেউ রেহাই পাবেন না।’জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুজিবুর রহমান প্রধানমন্ত্রীর প্রতি ইঙ্গিত করে বলেন, ‘এ সরকারকে আমি অসভ্য সরকার বলতে চাই না। যদি গুম হওয়া লোকদের ফেরত না দেন, জনমত উপেক্ষা করে যদি দলীয় সরকারের অধীনে নির্বাচন দেন, তাহলে ইতিহাসে অসভ্য সরকার হিসেবে বিবেচিত হবেন।’ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী বলেন, এই সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন ছাড়া অসহ্য যন্ত্রণা থেকে মুক্তির আর কোনো পথ নেই।বিজেপির মহাসচিব শামীম আল মামুন বলেন, ইলিয়াস আলীকে ফেরত দিতে হবে, সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। নইলে প্রধানমন্ত্রীকে হুকুমের আসামি করে মামলা করা হবে।সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, এলডিপির সভাপতিমণ্ডলীর সদস্য রেদোয়ান আহমেদ, এনডিপির সভাপতি গোলাম মোর্ত্তুজা প্রমুখ বক্তব্য দেন।গণমিছিলের পরিবর্তে সমাবেশ: বিএনপির গুম হওয়া নেতা ইলিয়াস আলীকে জীবিত ফেরত, জোটের কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও তত্ত্বাবধায়ক সরকারপদ্ধতি পুনর্বহালের দাবিতে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট গতকাল রাজধানীতে গণমিছিলের কর্মসূচি দিয়েছিল। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে বিকেল চারটায় গণমিছিল শুরুর কথা থাকলেও পরে প্রতিবাদ সমাবেশ করার সিদ্ধান্ত নেয় ১৮ দলীয় জোট।মির্জা ফখরুল তাঁর বক্তব্যে বলেন, বিএনপির চেয়ারপারসনের সিদ্ধান্তে গণমিছিল না করে তাঁরা প্রতিবাদ সমাবেশ করেছেন। তবে তিনি এ-ও দাবি করেন, বিএনপির শান্তিপূর্ণ গণমিছিল কর্মসূচি করতে পুলিশ বাধা দিয়েছে।জানতে চাইলে পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, বিএনপিকে গণমিছিলের জন্য অনুমতি দেওয়া হয়নি। তারা সমাবেশের অনুমতি পেয়েছে।কর্মসূচি সফল করতে গতকাল দুপুরের পর থেকে বিএনপি, জামায়াতে ইসলামীসহ শরিক দলের নেতা-কর্মীরা ব্যানার, ফেস্টুন নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে জড়ো হতে থাকেন। বিকেল চারটার মধ্যে সড়কের দুই পাশে বিপুলসংখ্যক নেতা-কর্মী জড়ো হন। এ সময় দুই পাশের সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। বেলা তিনটার দিকে প্রচার হয়ে যায় গণমিছিল হবে না, প্রতিবাদ সমাবেশ হবে। এরপর ১৮ দলীয় জোটের কেন্দ্রীয় নেতারা বক্তব্য শুরু করেন। সমাবেশে বিভিন্ন দল ও অঙ্গ সহযোগী সংগঠনের ৩০ জনের মতো নেতা বক্তব্য দেন। তবে গণমিছিল হবে না, এ খবর জানার পর সমাবেশ শেষ হওয়ার আগেই বহু নেতা-কর্মী সমাবেশস্থল ত্যাগ করেন। জামায়াতের নেতাদের বক্তব্যের পর তাঁদের দলীয় কর্মীদের বড় অংশ সেখান থেকে চলে যায়।জানতে চাইলে ঢাকা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘মিছিল হবে না, এটা নেতা-কর্মীরা আগেই জেনে গেছেন। এ কারণে অনেকে চলে গেছেন।’ছাত্রদল-শিবির ধাক্কাধাক্কি: বেলা সাড়ে তিনটার দিকে জামায়াত-শিবিরের একাধিক মিছিল সমাবেশস্থলে উপস্থিত হয়। তারা মঞ্চের সামনে এবং ডান পাশে অবস্থান নেয়। এরপর ছাত্রদল, যুবদলের নেতা-কর্মীরা আসেন। জায়গা না পেয়ে এ সময় ছাত্রদলের কর্মীরা ছাত্রশিবিরের সঙ্গে মৃদু ধাক্কাধাক্কি করেন। পরে দুই পক্ষের নেতারা কর্মীদের সামাল দেন।১৮ দলীয় জোটের সমাবেশ হলেও বেশির ভাগ দলের কার্যত কোনো উপস্থিতি ছিল না। বিএনপির পর লক্ষণীয় উপস্থিতি ছিল জামায়াত ও ছাত্রশিবিরের। গণমিছিলের অসংখ্য পোস্টার, ব্যানার ও প্ল্যাকার্ডসহ তারা অংশ নেয়। এ ছাড়া জোটের শরিকদের মধ্যে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), ইসলামী ঐক্যজোট, খেলাফত মজলিস, বাংলাদেশ ন্যাপ, লেবার পার্টি, পিপলস লীগ, এনডিপি, এনপিপির ব্যানার দেখা যায়।