হত্যা করে লাশ ফেলে রাখার ঘটনা বেড়েছে
রাজধানীর মিরপুর থানার নোটিশ বোর্ডে ঝুলছে সাতটি অজ্ঞাতনামা লাশের ছবিসংবলিত পোস্টার। বিভিন্ন এলাকায় খুন করে ফেলে রাখা হয় লাশগুলো। গুলি করে, গলা কেটে, ছুরিকাঘাতে ও শ্বাসরোধে এদের হত্যা করা হয়েছে। ছবি দিয়ে এদের পরিচয় জানতে চেয়েছে সংশ্লিষ্ট থানার কর্তৃপক্ষ। এসব লাশের পরিচয় মিললেও খুনিরা থেকে যায় অজ্ঞাত। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মাসিক অপরাধ পর্যালোচনা প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে।গত মঙ্গলবার পুলিশের অপরাধ পর্যালোচনা সভায় এসব হত্যাকাণ্ডকে ‘গুপ্তহত্যা’ হিসেবে উল্লেখ করে এ ধরনের অপরাধ বন্ধ করার তাগিদ দেওয়া হয়।তবে ডিএমপির কর্মকর্তাদের দাবি, সাম্প্রতিক সময়ে (গত দুই মাসে) চাঞ্চল্যকর কয়েকটি হত্যাকাণ্ড ঘটলেও গড় হিসাবে খুনের সংখ্যা বাড়েনি। ব্যক্তিগত, পারিবারিক দ্বন্দ্ব থেকেই বেশির ভাগ হত্যাকাণ্ড ঘটছে। এ ছাড়া চাঁদাবাজ ও ছিনতাইকারীদের হাতে খুন হয়েছে কয়েকজন। এখন পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ডিএমপির প্রতি মাসে দেওয়া তথ্য অনুযায়ী, ২০০৯ সালের এপ্রিল থেকে গত মার্চ পর্যন্ত ১২ মাসে ঢাকা শহরে ৩০৫ জন খুন হয়েছে। সে হিসাবে প্রতি মাসে গড়ে খুন হয় ২৫ জন। এদের মধ্যে ১৪১ জনের খুনিই পুলিশের প্রতিবেদনে ‘অজ্ঞাত’ বলে উল্লেখ করা হয়েছে। তবে প্রতিবেদন প্রকাশের পর তদন্তে পুলিশ, গোয়েন্দা পুলিশ, অন্যান্য গোয়েন্দা সংস্থা ও র্যাব কিছু মামলার রহস্য উদ্ঘাটনে সক্ষম হয়েছে বলে জানা গেছে।মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপকমিশনার মাহাবুবুর রহমান প্রথম আলোকে বলেন, ঢাকা শহরে খুনের সুনির্দিষ্ট কোনো ধারা নেই। বেশির ভাগ খুনই হয় ব্যক্তিগত আক্রোশের কারণে। এখানে রাজনৈতিক ও সন্ত্রাসী দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বে খুনের সংখ্যা কম।প্রায় এক যুগ ধরে ঢাকা মহানগর পুলিশের মাঠপর্যায়ে কাজ করছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম। তিনি বলেন, খুন সাধারণত আইনশৃঙ্খলা পরিস্থিতির সঙ্গে সংযুক্ত নয়। পাহারা দিয়ে, আগাম সতর্কবাণী দিয়ে চুরি-ডাকাতি ঠেকানো গেলেও খুন ঠেকানো যায় না। কেউ যদি কাউকে মারার পরিকল্পনা করে, তাহলে সেটা পুলিশের পক্ষে ঠেকানো কঠিন। অপরাধী তার মনের ভেতরে খুনের পরিকল্পনা তৈরি করে। সেটা পুলিশের পক্ষে জানা অসম্ভব। ব্যক্তিগত খুনের কারণ হিসেবে তিনি বলেন, প্রতিশোধস্পৃহা, পূর্বশত্রুতা, টাকা-পয়সা, জমি, সম্পর্ক, প্রতিযোগিতা ইত্যাদিই ঢাকা শহরে খুনের মূল কারণ। ঢাকায় রাজনৈতিক হত্যাকাণ্ডের ঘটনা খুব কম। এ ছাড়া সন্ত্রাসী দলগুলোর দ্বন্দ্বেও খুনের ঘটনা কম। সাম্প্রতিক সময়ে পুরান ঢাকায় বিএনপির নেতা ও কমিশনার আহাম্মদ হোসেন খুন হয়েছেন। তবে এর কারণ ব্যক্তিগত শত্রুতা।সাম্প্রতিক হত্যাকাণ্ড: গত বছরের ১৯ জুন বাসায় ঢোকার সময় অজ্ঞাতনামা বন্দুকধারীরা মাইক্রোবাসে তুলে নিয়ে যায় যুবদলের নেতা মঞ্জুর মোর্শেদকে। এরপর ২০ জুন ভোরে তাজমহল রোডের খেলার মাঠে তাঁর গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। তাঁর শরীরে, পায়ের পাতায় নির্যাতনের চিহ্ন ছিল। এখনো মোর্শেদ হত্যার কোনো সূত্রই পাওয়া যায়নি। গত ২৭ এপ্রিল মোহাম্মদপুরে তুরাগতীরে একটি আবাসন প্রকল্পে এক গর্তের ভেতর থেকে মিজানুর রহমান (৪০), তাঁর বন্ধু নাজমুল হক (২৮) ও তাঁদের সঙ্গী ফোরকানের (১৮) লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ এক যুবককে গ্রেপ্তার করলেও এখনো হত্যার রহস্য উদ্ঘাটিত হয়নি। এর আগের দিন ২৬ এপ্রিল পল্লবীর বেড়িবাঁধ এলাকা থেকে উদ্ধার করা হয় সন্ত্রাসী শহীদুল্লাহ সুমনের (২৮) গুলিবিদ্ধ লাশ। ১৮ এপ্রিল গাজীপুর থেকে নারায়ণগঞ্জের সন্ত্রাসী নুরুল আমিনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। উভয়ের পরিবারের অভিযোগ, লাশ পাওয়ার আগে কয়েক দিন থেকে এঁরা নিখোঁজ ছিলেন।স্বজনেরা জানান, গত ১৪ এপ্রিল রাতে স্ত্রী রানী আক্তারকে নিয়ে মোটরসাইকেলে ঢাকা থেকে সাভারের বাসায় যাওয়ার পথে আমিনবাজারে র্যাব পরিচয়ে তাঁদের দুজনকেই ধরে নিয়ে যাওয়া হয়। পরদিন সকালে রানীকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে নামিয়ে দেওয়া হয়। এরপর ২৬ এপ্রিল তাঁর স্বামীর লাশ বেড়িবাঁধ এলাকা থেকে উদ্ধার করা হয়। সর্বশেষ গত মঙ্গলবার খিলগাঁও রেলগেট থেকে অজ্ঞাতনামা এক যুবককে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় মতিঝিল থানার পুলিশ। চিকিৎসাধীন অবস্থায় এক ঘণ্টার মধ্যেই তাঁর মৃত্যু হয়। ওই যুবকের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এখনো পুলিশ তাঁর পরিচয় খুঁজে বেড়াচ্ছে। পরিচয় না পেলে এই যুবকের ছবিও চলে যাবে থানার নোটিশ বোর্ডে।নিখোঁজ: সাম্প্রতিক সময়ে নিখোঁজ হওয়ার ঘটনাও বেড়েছে। কয়েক মাসে সংবাদ সম্মেলন করে এ রকম কয়েকটি পরিবার তাদের স্বজনদের হারিয়ে যাওয়ার অভিযোগ করেছে। গত ২৭ মার্চ সংবাদ সম্মেলন করেন গাজীপুরের কাপাসিয়ার ফল বিক্রেতা মো. সেলিমের স্ত্রী ও মা। তাঁদের অভিযোগ, গত ১৯ ফেব্রুয়ারি র্যাব পরিচয়ে কাপাসিয়া থেকে সেলিমকে ধরে নিয়ে যাওয়া হয়। এর পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।গত ১০ মার্চ র্যাবে কর্মরত পুলিশের কনস্টেবল নূর নবী চৌধুরীর স্ত্রী ইয়াসমিন আক্তার অভিযোগ করেন, তাঁর স্বামীকে র্যাব-৩-এর ঊর্ধ্বতন এক কর্মকর্তা যোগসাজশ করে হত্যার পর লাশ গুম করেছেন। গত বছরের ৫ মে থেকে র্যাব-১-এ কর্মরত থাকা অবস্থায় নিখোঁজ হন নূর নবী।গত বছরের জানুয়ারিতে শীর্ষ সন্ত্রাসী লিয়াকতকে র্যাব ধরে নিয়ে গেছে বলে সংবাদ সম্মেলন করেন তাঁর পরিবারের সদস্যরা। এর পর থেকে লিয়াকতের কোনো খোঁজ পাওয়া যায়নি।এ বিষয়ে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার এম সোহায়েল গতকাল প্রথম আলোকে বলেন, সব কটি বিষয়ই র্যাবের গোচরে এসেছে এবং র্যাব ব্যবস্থা নিয়েছে।র্যাবের সদস্য নূর নবী নিখোঁজের বিষয়ে এম সোহায়েল বলেন, এ বিষয়ে বিশদ ও বিস্তারিত তদন্ত হয়েছে। তদন্তে তিনি পালিয়ে গেছেন বলে প্রতীয়মান হয়েছে। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছে।গুপ্তহত্যা বেশি কেন: পুলিশ কর্মকর্তাদের মতে, ঢাকায় বিভিন্ন জায়গা থেকে লোক এসে থাকে। বিভিন্ন জায়গা থেকে অপরাধ করেও অনেকে ঢাকায় আসে। এখানে বেশির ভাগ লোকেরই ঠিকানা অস্থায়ী। অনেক ক্ষেত্রে নিহত ব্যক্তিদের পেছনের ঘটনা জানা যায় না। ফলে অজ্ঞাতই থেকে যায় খুনি। মামলার রহস্যও উদ্ঘাটিত হয় না।খুন ও মামলা: গুপ্তহত্যা মামলাগুলোর বেশির ভাগ ক্ষেত্রে আসামি না পেয়ে চূড়ান্ত প্রতিবেদন দেয় পুলিশ। কিছু মামলা তদন্তের জন্য যায় গোয়েন্দা পুলিশ বা অন্য সংস্থার কাছে। এক বছরের মধ্যে খিলগাঁও থানায় অজ্ঞাতনামা খুনিদের নামে করা এ রকম পাঁচটি মামলার মধ্যে দুটি তদন্তাধীন রয়েছে। একটি মামলার তদন্তে প্রাথমিক সত্যতা না পাওয়ায় চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। একটি মামলা তদন্ত করছে গোয়েন্দা পুলিশ।শহরতলিতে খুন বেশি: পুলিশের হিসাবে ঢাকা মহানগরের ৪১ থানার মধ্যে সবচেয়ে বেশি খুন হয় পল্লবী, কদমতলী, খিলগাঁও, যাত্রাবাড়ী থানা এলাকায়। গত মার্চ পর্যন্ত ১১ মাসে পল্লবী থানায় খুন হয়েছে ১৭ জন, কদমতলী আর খিলগাঁওয়ে ১৬, যাত্রাবাড়ীতে ১৫ ও মিরপুরে ১৩ জন খুন হয়েছে।