হত্যা-গুমের কিছু ঘটনায় আইন-শৃঙ্খলা বাহিনী সম্পৃক্ত
হত্যা, গুম ও নিখোঁজের দু-একটি ঘটনায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। আজ শনিবার জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান।রাজধানীর ব্র্যাক সেন্টারে অধিকার ও দি ফিনিস এনজিও ফাউন্ডেশন ফর হিউম্যান রাইটস আয়োজিত নারীর প্রতি সহিংসতা রোধ-বিষয়ক এক পরামর্শ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজানুর রহমান।হত্যা, গুম ও নিখোঁজের ঘটনা তদন্তে জাতীয় মানবাধিকার কমিশন কী করছে—এমন প্রশ্নে মিজানুর রহমান বলেন, দু-একটি ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্পৃক্ততা পাওয়া গেছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যুক্ত আছেন—এমন ঘটনা তদন্ত করে দেখার কোনো এখতিয়ার কমিশনের নেই। তাই তাদের সত্যানুসন্ধানের মধ্যেই সীমাবদ্ধ থাকতে হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়বদ্ধতা বা শিথিলতা আছে, এমন ক্ষেত্রে কমিশন সুনির্দিষ্ট কিছু সুপারিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে করেছে।মিজানুর রহমান বলেন, নিখোঁজ হওয়ার ঘটনা অনেকভাবে ঘটে থাকতে পারে। কেউ স্বেচ্ছায় লোকচক্ষুর অন্তরালে চলে যেতে পারেন, কোথাও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় ব্যবহার করে অপহরণ ও গুমের ঘটনা ঘটতে পারে। রাষ্ট্রের দায়িত্ব এ ধরনের অপরাধীদের খুঁজে বের করা। কিন্তু রাষ্ট্র যদি নিজেই অপরাধে জড়িয়ে পড়ে, সেটি আরও খারাপ দৃষ্টান্ত হয়ে দাঁড়ায়।বিএনপির নেতা ইলিয়াস আলীর নিখোঁজ হওয়া প্রসঙ্গে মিজানুর রহমান বলেন, ঘটনার পরপরই স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী ইলিয়াস আলীর বাসায় গেছেন। প্রধানমন্ত্রী সব কটি সংস্থাকে দায়িত্ব দিয়েছেন ইলিয়াস আলীকে উদ্ধারের বিষয়ে। এ ক্ষেত্রে সরকারের কোনো উদাসীনতা তিনি দেখতে পাচ্ছেন না বলে মন্তব্য করেন। এ ঘটনার তদন্ত যেন দ্রুত ও সঠিকভাবে হয়, সে ব্যাপারেও তিনি আহ্বান জানান। তবে মিজানুর রহমান বিরোধী দলের প্রতি লাগাতার হরতাল না দেওয়ার অনুরোধ জানিয়েছেন। তিনি বলেছেন, একটি অধিকার রক্ষা করতে গিয়ে যেন আর একটি অধিকার খর্ব না হয়, সেদিকে লক্ষ রাখা উচিত। এইচএসসি পরীক্ষার্থীদের বিষয়টি বিবেচনা করার জন্য তিনি বিরোধী দলের প্রতি আহ্বান জানান।সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যাকাণ্ড ঘটনায় মামলার অগ্রগতি সম্পর্কে আদালতে পুলিশের দেওয়া বক্তব্যের সমালোচনা করেছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। তিনি বলেন, একটি দেশের তদন্তকারী সংস্থা যখন বলে, তারা ব্যর্থ, তখন মানুষের আস্থা চলে যায়। কেন তারা ব্যর্থ হলো? খতিয়ে দেখা প্রয়োজন ও দোষী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তির আওতায় আনা উচিত বলে তিনি মন্তব্য করেন।