হত্যা বন্ধে দুই দেশকেই এগিয়ে আসতে হবে: ভারতীয় উপহাইকমিশনার
ভারতীয় উপহাইকমিশনার সন্দ্বীপ চক্রবর্তী বলেছেন, সীমান্তে হত্যা খুবই দুঃখজনক। হত্যা বন্ধ করতে হলে দুই দেশকেই এগিয়ে আসতে হবে। এ ধরনের ঘটনা প্রশ্রয় দেওয়া যায় না। তিনি বলেন, সীমান্তে অপরাধ কর্মকাণ্ড করতে দেওয়া যাবে না। অপরাধ কর্মকাণ্ড হলে এটার (হত্যা) আশঙ্কা বেড়ে যায়।আজ শুক্রবার দুপুরে কুষ্টিয়া শিলাইদহ কুঠিবাড়ীতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভারতীয় উপহাইকমিশনার সন্দ্বীপ চক্রবর্তী এসব কথা বলেন।ভারতীয় উপহাইকমিশনার বলেন, ‘সীমান্তে যারা মারা যায়, সেই সব মানুষ একই। কেউ গরুর ব্যবসা করছে, ফেনসিডিলের ব্যবসা করছে, আবার কেউ মাদকের ব্যবসাও করছে। এগুলো আমাদের আটকাতে হবে। একটা প্রাণও যেন আমরা না হারাই।’ রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল প্রাপ্তির শতবর্ষ উদযাপন উপলক্ষে আজ বিকেলে শিলাইদহে বসেছে বাঙালির আনন্দ উত্সব। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত অনুষ্ঠানের উদ্বোধন করেন। দুই বাংলার প্রখ্যাত শিল্পী, শিক্ষাবিদ সাহিত্যিকেরা ওই উত্সবে যোগ দিয়েছেন। বাংলাদেশের অতন্দ্র একাত্তর ও ভারতের ফ্রেন্ডস অব বাংলাদেশ যৌথভাবে ওই অনুষ্ঠানের আয়োজন করে।