হত্যা বলে দাবি পুলিশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী ব্যাংক নরসিংদী শাখার কর্মকর্তা মাহফুজুর রহমানের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। নরসিংদী সদর মডেল থানায় করা মামলায় এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করা হয়েছে।এদিকে ব্যাংকের সিসি ক্যামেরায় ধারণ করা ভিডিওচিত্র দেখে পুলিশ দাবি করেছে, ব্যাংকের এক নিরাপত্তাকর্মী হত্যার উদ্দেশ্যে মাহফুজুর রহমানকে গুলি করেন। তবে ঘটনাটিকে দুর্ঘটনা দাবি করেছেন নিরাপত্তাকর্মীরা।পুলিশ ব্যাংকের তিন নিরাপত্তাকর্মীকে গ্রেপ্তার ও তাঁদের ব্যবহার করা শটগানটিও উদ্ধার করেছে।গ্রেপ্তার হওয়া তিন নিরাপত্তাকর্মী হলেন: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর গ্রামের সেলিম রেজা (২৮), কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মোহননগর গ্রামের তারজীল হোসেন (৩২) ও নীলফামারী সদর উপজেলার উত্তর পঞ্চপুর গ্রামের হাফিজুল ইসলাম।সোমবার সন্ধ্যায় ব্যাংকের নিচতলায় এটিএম বুথের মেশিনে টাকা জমা করার সময় নিরাপত্তাকর্মী সেলিমের গুলিতে ব্যাংক কর্মকর্তা মাহফুজের মৃত্যু হয়। তাঁর বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলার মানিকা গ্রামে।পুলিশের ভাষ্যমতে, ব্যাংকের নিচতলায় যেখানে ঘটনাটি ঘটেছে, সেখানে একটি সিসি ক্যামেরা রয়েছে। ওই ক্যামেরায় ধারণা করা ভিডিওচিত্র উদ্ধার করে তাতে দেখা গেছে, ঘটনার সময় ব্যাংক কর্মকর্তা মাহফুজ ব্যাংকের নিচতলায় এটিএম বুথের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ব্যাংকের তিন নিরাপত্তাকর্মী সেলিম, তারজীল ও হাফিজুল নিজেদের মধ্যে পরামর্শ করছেন। মাহফুজ ব্যাংকের প্রধান ফটকের ভেতরে প্রবেশ করার পরপরই তিন নিরাপত্তাকর্মী তাঁকে ঘিরে ধরেন। এ সময় নিরাপত্তাকর্মীরা মাহফুজের সঙ্গে বাগিবতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে মাহফুজ ব্যাংকে ঢুকতে সামনে এগিয়ে গেলে সেলিম শটগান তাক করে তাঁকে গুলি করার চেষ্টা করেন। এ সময় হাফিজুল তাঁকে বাধা দিয়ে সরিয়ে দেন। কিন্তু তার পরও সেলিম ব্যাংক কর্মকর্তা মাহফুজকে গুলি করেন। গুলিবিদ্ধ হয়ে মাহফুজ সঙ্গে সঙ্গে মেঝেতে লুটিয়ে পড়েন।নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, ব্যাংকের সিসি ক্যামেরায় ধারণ করা ভিডিওচিত্র পর্যালোচনা করে নিশ্চিত হওয়া গেছে, এটি দুর্ঘটনা নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড। কিন্তু গ্রেপ্তার হওয়া তিন নিরাপত্তাকর্মী এখনো এটি দুর্ঘটনা বলে দাবি করছেন। তাঁদের আগামীকাল (বুধবার) আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে।মামলার বাদী ও মাহফুজের বড় ভাই মিজানুর রহমান বলেন, তাঁর ভাই মাহফুজ নরসিংদী শাখায় এক বছর ধরে কর্মরত ছিলেন। এর মধ্যে কারও সঙ্গে তাঁর শত্রুতা হয়েছে বলে তাঁরা শোনেননি। তিনি বলেন, ‘ঘটনাটিকে আমরা প্রথমে দুর্ঘটনা মনে করেছিলাম। কিন্তু সিসি ক্যামেরায় ধারণ করা ভিডিওচিত্র দেখে আমরা নিশ্চিত হয়েছি যে মাহফুজকে পরিকল্পিতভাবেই হত্যা করা হয়েছে।’তবে ঘটনাটি দুর্ঘটনা দাবি করে নিরাপত্তাকর্মী সেলিম সাংবাদিকদের বলেন, ‘মাহফুজ স্যার খুব মজার মানুষ ছিলেন। তিনি প্রায়ই আমাদের সঙ্গে মজা করতেন। আমরা তিনজন দাঁড়িয়ে কথা বলছিলাম। এমন সময় স্যার এসে আমাকে বললেন, কিরে, তোরা যে বন্দুক নিয়া দাঁড়িয়ে থাকিস চালাতে পারিস তো? তখন আমি জানতাম বন্দুকে গুলি ভরা নেই। কারণ সাধারণত বন্দুকে গুলি ভরা থাকে না। কিন্তু আমার আগে আরেক সিকিউরিটি গার্ড খবিরুল ডিউটি করে গেছে, সে যে গুলি ভরে গেছে তা আমাকে বলেনি। আমি মনে করেছি, গুলি তো নাই তাই স্যারের দিকে তাক কইরা টিগারে চাপ দিতেই গুলি বের হয়ে গেছে।’অপর দুই নিরাপত্তাকর্মী তারজীল ও হাফিজুলও একই দাবি করেছেন।ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক মনিরুজ্জামান বলেন, ‘আমার জানা মতে, মাহফুজ সাহেবের সঙ্গে কারও দ্বন্দ্ব ছিল না। তবে কী কারণে নিরাপত্তাকর্মী তাঁকে গুলি করে হত্যা করেছে বুঝতে পারছি না।’ওসি জানান, ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।