প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২১ আগস্টের গ্রেনেড হামলাই শেষ নয়। হত্যা বা হামলার পরিকল্পনা এখনো চলছে।আজ বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।এর আগে সন্ধ্যা ছয়টা ৫০ মিনিটে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।তাজুল ইসলামের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জন্য বিএনপি-জামায়াত ২১ আগস্টের গ্রেনেড হামলার ঘটনা ঘটায়। এ হামলায় আইভি রহমানসহ ২৪ জন নিহত হন। যে ষড়যন্ত্র এ দেশে ১৫ আগস্ট সৃষ্টি করেছে, তা এ দেশের রাজনৈতিক সংস্কৃতির চাকা উল্টো দিকে ঘুরিয়ে দিয়েছে। সেই ষড়যন্ত্রের ধারাবাহিকতায় ২১ আগস্টের মতো ঘটনা ঘটানো হয়েছে। সাজানো নাটকের সমাপ্তিতে আমরা জজ মিয়ার মতো চরিত্রও দেখতে পেয়েছি। জজ মিয়াকে ধন্যবাদ যে সে বেঁচে থাকায় জাতি অনেক রহস্য খুব সহজে জানতে পেরেছে। বিচার দ্রুত বিচার আইনে এ-সংক্রান্ত মামলাটি হওয়ায় আশা করা যায়, নির্দিষ্ট সময়ে বিচারকাজ শেষ হবে।’দলের সাংসদদের স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র এখনো শেষ হয়নি। আপনারা নিশ্চয়ই লক্ষ করেছেন, যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতে আমাদের শত্রুরা এখনো মরিয়া। তাই বলছি, ২১ আগস্টই শেষ নয়। হত্যা বা হামলার পরিকল্পনা এখনো চলছে। যে যেখানে আছেন, সতর্কতার সঙ্গে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। আওয়ামী লীগের কর্মীদের সঙ্গে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন।’নাছিমুল আলম চৌধুরীর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, প্রগতি ইন্ডাস্ট্রিজের কারখানায় মিত্সুবিসি পাজেরো ডি-৩১ জিপ উত্পাদন ও বাজারজাত শুরু হয়েছে। দেশে স্থানীয়ভাবে সিডান কার তৈরির বিষয়ে সমীক্ষা পরিচালনা করা হচ্ছে। চিটাগং ড্রাই ডক সমুদ্রগামী জাহাজ নির্মাণের জন্য ডক-শিপওয়েসহ পূর্ণাঙ্গ অবকাঠামো ও প্রয়োজনীয় সুবিধাদি স্থাপনের বিষয়ে কাজ হাতে নিয়েছে। ইস্টার্ন টিউবসের কারখানায় এনার্জি সেভিং বাল্ব ও টি-৮ টিউবলাইট উত্পাদনের কাজ হাতে নেওয়া হয়েছে।গোলাম দস্তগীর গাজীর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, পুলিশ বাহিনীর জনবল বাড়াতে ৩২ হাজার ৩১ জনকে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে ১৭ হাজার তিনজনকে নিয়োগ দেওয়া হয়েছে। বাকিদের নিয়োগপ্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে।আশরাফুন নেছা মোশারফের প্রশ্নের জবাবে শেখ হাসিনা জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর সড়ক যোগাযোগব্যবস্থার উন্নয়নে এ পর্যন্ত ৪৫টি উন্নয়ন প্রকল্প সমাপ্ত হয়েছে। বর্তমানে চলমান রয়েছে ১৬২টি প্রকল্প। এর মধ্যে ২৩টি প্রকল্প চলতি অর্থবছরের মধ্যে সমাপ্তির জন্য নির্ধারিত আছে। চলতি শুকনো মওসুমে সরকারের অগ্রাধিকারের মধ্যে প্রথমে রয়েছে ক্ষতিগ্রস্ত সব ধরনের সড়ক সংস্কার, মেরামত ও সংরক্ষণ এবং অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন ও সম্প্রসারণ। পরবর্তী অগ্রাধিকারে রয়েছে যথাক্রমে জাতীয় ও আঞ্চলিক মহাসড়ক এবং জেলা সড়ক উন্নয়ন ও সম্প্রসারণ।