টাঙ্গাইলের বাসাইল উপজেলায় কৃষক লাল মামুদকে পিটিয়ে ও পানিতে চুবিয়ে হত্যার ঘটনায় পুলিশের চার সদস্যকে গতকাল বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন পুলিশের ওই চার সদস্যসহ পাঁচজনের বিরুদ্ধে গত বুধবার রাতে বাসাইল থানায় হত্যা মামলা করেন নিহত মামুদের স্ত্রী নূরজাহান নূরী।মামলায় প্রধান আসামি করা হয়েছে বাসাইল থানার পুলিশের সোর্স (তথ্যদাতা) ও উপজেলার সুন্না গ্রামের বাসিন্দা বজলুর রহমানকে। গতকাল সন্ধ্যা পর্যন্ত তাঁকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। অন্য আসামিরা হলেন: বাসাইল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জাহাঙ্গীর হোসেন, এএসআই সুরুজ্জামান, কনস্টেবল সরোয়ার হোসেন ও শামীম রেজা। এর আগে গত বুধবার তাঁদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়।মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, মামলার প্রধান আসামি সুন্না গ্রামের বজলুর রহমান বাসাইল থানার একজন দালাল। মঙ্গলবার বজলু মামলার অন্য চার আসামি পুলিশ সদস্যদের নিয়ে সুন্না গ্রামের ওমেদ আলীর বাগানবাড়িতে যান। সেখানে বাদীর (নূরজাহান) স্বামী লাল মামুদ সময় কাটানোর জন্য তাস খেলছিলেন। ওই সময় আসামিরা তাস খেলোয়াড়দের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করায় আসামিরা বেত দিয়ে লাল মামুদসহ চারজনকে পেটাতে থাকেন। একপর্যায়ে সবাই দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হলেও লাল মামুদ পাশের ডোবায় পড়ে যান। সেখানে আসামিরা তাঁকে চুবিয়ে হত্যা করেন।যোগাযোগ করা হলে মামলার বাদী নূরজাহান প্রথম আলোকে বলেন, ‘আমি চাই, পুলিশ ঘটনার সঠিক তদন্ত করে সঠিক প্রতিবেদন দিয়ে আসামিদের শাস্তি নিশ্চিত করুক।’এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (সার্কেল) মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, আসামি পুলিশ সদস্যদের মধ্যে এএসআই সুরুজ্জামান রাজধানীর একটি হাসপাতালে এবং বাকি তিনজন টাঙ্গাইল জেলা পুলিশ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। বর্তমানে তাঁরা পুলিশি পাহারায় চিকিৎসা নিচ্ছেন। পুরো ঘটনার তদন্ত চলছে।লাল মামুদ হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও বাসাইল থানার পরিদর্শক (তদন্ত) আখেরুজ্জামান প্রথম আলোকে বলেন, বুধবার রাতে মামলাটি রেকর্ড করা হয়েছে। সুষ্ঠু তদন্ত করে যথাসময়ে আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে।মামলার প্রধান আসামি বজলু বাসাইল থানার পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন বলে নিশ্চিত করেন পরিদর্শক আখেরুজ্জামান। তিনি বলেন, বজলুকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।মঙ্গলবার বিকেলে বাসাইল থানার পুলিশ চার সদস্য সুন্না গ্রামের কৃষক লাল মামুদকে (৪৫) পিটিয়ে ও পানিতে চুবিয়ে হত্যা করেন। এতে ক্ষুব্ধ হয়ে তাঁদের পিটুনি দিয়ে আটকে রাখে এলাকাবাসী। হত্যাকাণ্ডের প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে পরদিন বাসাইল পৌর এলাকায় সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হয়। হত্যার ঘটনা তদন্তে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার হেদায়েতুল ইসলাম খানকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।