২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় করা হত্যা মামলা বিচার নিষ্পত্তির জন্য ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকার মুখ্য মহানগর হাকিম এ কে এম এনামুল হক এ আদেশ দেন। এর আগে আজ মঙ্গলবার সকালে আদালত তারেক রহমানসহ ১২ পলাতক আসামির হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ সংক্রান্ত প্রতিবেদন দাখিল করে। মহানগর হাকিম কেশব রায় চৌধুরী তা গ্রহণ করেন এবং মামলাটির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠান। পরে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালত বিচার নিষ্পত্তির জন্য মামলাটি মহানগর দায়রা জজ আদালতে পাঠানোর আদেশ দেন। প্রসঙ্গত, ঢাকার মহানগর দায়রা জজ বিস্ফোরকদ্রব্যের মামলায় তারেকসহ ১২ জনের বিরুদ্ধে গত ১৪ জুলাই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এ মামলায় বিগত তত্ত্বাবধায়ক সরকার আমলে দেওয়া মূল অভিযোগপত্রে ২২ জন ও সম্প্রতি দেওয়া সম্পূরক অভিযোগপত্রে ৩০ জনকে আসামি করা হয়। এ নিয়ে মোট আসামির সংখ্যা ৫২ জন। এর মধ্যে মূল অভিযোগপত্রের আটজন ও সম্পূরক অভিযোগপত্রের ১২ জনসহ মোট ২০ জন আসামি পলাতক রয়েছেন। গত ১৪ জুলাই সম্পূরক অভিযোগপত্রভুক্ত পলাতক ১২ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সভানেত্রী ও তত্কালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার জনসভায় এই গ্রেনেড হামলায় ২২ জন নিহত হয়। আহত হয় কয়েক শ ব্যক্তি।