হত্যা মামলা ‘রাজনৈতিক’ বলে প্রত্যাহার হচ্ছে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ওয়ারীতে একটি পরিবারের কাছে ১২ লাখ টাকা চাঁদা দাবি করে পেশাদার সন্ত্রাসীরা। তা না দেওয়ায় সন্ত্রাসীরা এক সন্ধ্যায় ওই বাড়িতে হামলা চলায়। তারা পরিবারটির তিন সন্তানকে গুলি করে ফেলে যায়। এতে কলেজছাত্র আশেকুর রহমান খান ওরফে অপু নিহত এবং অপর দুই ভাই গুরুতর আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে আহত এক সন্ত্রাসীকে আটক করে।ঘটনাটি ঘটেছে ২০০৮ সালের ২৩ মে তত্ত্বাবধায়ক সরকার আমলে। ঘটনাটি তখন গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচার পায়।এ ঘটনায় হতাহত ব্যক্তিরা বা তাঁদের পরিবারের কেউ কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। অভিযুক্ত আসামিরা পুলিশের কাছে পেশাদার সন্ত্রাসী হিসেবে পরিচিত। তাদের অনেকের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় জোড়া খুনসহ একাধিক অস্ত্র মামলাও রয়েছে।তার পরও চাঞ্চল্যকর এই হত্যা মামলাটি ‘রাজনৈতিক হয়রানিমূলক মামলা’ হিসেবে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।এ ব্যাপারে প্রথম আলোর অনুসন্ধানকালে মামলা প্রত্যাহারে সুপারিশকারী আওয়ামী লীগের স্থানীয় নেতারা দাবি করেন, তাঁদের সিল-সই জাল করে এটা করা হয়েছে। আর তাঁদের সিল-সই দেখে সাংসদ রাশেদ খান মেননও মামলা প্রত্যাহারের সুপারিশ করেন। গতকাল রোববার সাংসদ রাশেদ খান মেনন প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগের মতিঝিল শাখার সভাপতি-সাধারণ সম্পাদকের সই আছে দেখে তিনি সুপারিশ করেছেন। তাঁর এই সুপারিশ করাটা যে সঠিক হয়নি, তা জানিয়ে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি দেবেন।জানতে চাইলে দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি (স্পেশাল পিপি) আবু আবদুল্লাহ ভূঁইয়া প্রথম আলোকে বলেন, পুরো মামলাটি প্রত্যাহারের ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শাখা থেকে চিঠি পেয়েছেন। আগামী ২৭ এপ্রিল মামলাটির যুক্তিতর্ক শুনানির দিন ধার্য রয়েছে। ওই দিন তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী মামলাটি প্রত্যাহারের আবেদন করবেন।আদালত সূত্র জানায়, তদন্ত শেষে ২০০৮ সালের ৩১ আগস্ট ঘটনায় জড়িত হিসেবে সাত আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। মামলাটি এখন দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এ বিচারাধীন। ইতিমধ্যে ৪৪ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে। মামলার বাদী নিহত অপুর বোন আতিয়া খান মামলাটি প্রত্যাহারে সরকারি সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে প্রথম আলোকে বলেন, ‘পেশাদার সন্ত্রাসীরা চাঁদার জন্য বাড়িতে ঢুকে আমার ভাইকে গুলি করে হত্যা করল। আরও দুই ভাইকে আহত করল। এ মামলা কীভাবে রাজনৈতিক হয়রানির মামলা হয়? রাষ্ট্র যদি খুনিদের পক্ষে দাঁড়ায়, আমরা কার কাছে বিচার চাইব?’আতিয়া খান জানান, এর আগে তিন আসামি জাল কাগজপত্র জমা দিয়ে হাইকোর্ট থেকে জামিন নিয়েছিল। পরে তা ধরা পড়লে হাইকোর্ট তাদের জামিন বাতিল করেন।মামলাটি প্রত্যাহারে যত তৎপরতা: এর আগে রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারসংক্রান্ত জাতীয় কমিটির ১৮তম সভায় এই খুনের মামলার অভিযোগপত্রভুক্ত এক আসামি আতিক আহমেদ ওরফে শিপলুর নাম প্রত্যাহারের সুপারিশ করা হয়।মামলার নথিপত্র ঘেঁটে দেখা যায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শাখা-১ থেকে গত বছরের ৫ জুলাই ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটকে দেওয়া এক চিঠিতে বলা হয়, সরকার আসামি আতিক আহমেদের বিরুদ্ধে মামলা না চালানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে। তাই জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয় থেকে এই আসামির নাম প্রত্যাহারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঢাকা মহানগর কৌঁসুলিকে বলা হয়।এরপর গত বছরের ২৯ নভেম্বর আসামি আতিক আহমেদের নাম প্রত্যাহারের জন্য আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ। দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক শাহেদ নুর উদ্দিন গত বছরের ৯ ডিসেম্বর এই আবেদন নাকচ করে দেন। ওই নাকচ আদেশে বলা হয়, আসামি আতিকের বিরুদ্ধে সাক্ষীরা আদালতে সাক্ষ্য দিয়েছেন। কোনো রাজনৈতিক ঘটনা নিয়ে এ মামলা উদ্ভব হয়নি। এ ছাড়া কী কারণে আসামির বিরুদ্ধে মামলা না চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা দরখাস্তে উল্লেখ করা হয়নি।এযাত্রায় ব্যর্থ হয়ে আরেক আসামি বিপ্লব চন্দ্র দাস পলাতক থাকা অবস্থায় মামলা থেকে তাঁর নাম প্রত্যাহারের জন্য আবেদন করেন। বিপ্লব নিজেকে যুবলীগের মহানগর ৩৩ নম্বর ওয়ার্ডের একজন সদস্য দাবি করে আবেদনে বলেন, ‘বিগত বিএনপি-জামায়াত জোট সরকার এবং তত্ত্বাবধায়ক সরকারের সময় আমার বিরুদ্ধে ষড়যন্ত্র ও হয়রানিমূলক মামলা দায়ের হয়। যা সূত্রাপুর থানা মামলা নম্বর-৫৪ (৫) ২০০৮।’আবেদনে আওয়ামী লীগের মতিঝিল থানা শাখার সভাপতি গোলাম আশরাফ তালুকদার ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু সুপারিশ করেছেন।এরপর চলতি বছরের ২৫ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শাখা থেকে আসামি বিপ্লবের নাম প্রত্যাহারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা ম্যাজিস্ট্রেটকে চিঠি দেওয়া হয়। বিষয়টি এখন প্রক্রিয়াধীন।জানতে চাইলে আওয়ামী লীগের মতিঝিল থানা শাখার সভাপতি গোলাম আশরাফ তালুকদার প্রথম আলোকে বলেন, ‘বিপ্লব চন্দ্র দাস নামের কাউকে আমি চিনি না। আর আমি হলাম মতিঝিল আওয়ামী লীগের সভাপতি, আমি কেন সূত্রাপুর থানার মামলা প্রত্যাহারে সুপারিশ করব?’জাহিদুল ইসলাম টিপু বলেন, বিপ্লব নামে কেউ তাঁদের সংগঠনে নেই। তিনি বলেন, ‘আমার ও আমার সভাপতির সই-সিল জাল করা হয়েছে। তবে আমাদের সই থেকে সাংসদ রাশেদ খান মেননও সুপারিশ করেছেন। সেই মতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়।’রাশেদ খান মেনন বলেন, ‘আওয়ামী লীগের মতিঝিল শাখার সভাপতি-সেক্রেটারির সই আছে দেখে আমি সুপারিশ করেছি। তবে তাঁরা না এলে তো আমি এমন দরখাস্তে সুপারিশ করার কথা নয়।’এদিকে এ তৎপরতার মধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুরো মামলাটি প্রত্যাহারের ব্যাপারে সরকারি সিদ্ধান্তের কথা জানিয়ে আরেকটি চিঠি দেওয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে আগামী ২৭ এপ্রিল মামলা প্রত্যাহারের আবেদন বিচারিক আদালতে দেওয়া হবে বলে রাষ্ট্রপক্ষের বিশেষ পিপি জানিয়েছেন।আসামিরা কে কোথায়: মামলাটির অভিযোগপত্রভুক্ত আসামিদের মধ্যে মনজুরুল আবেদিন ওরফে রাসেল, মোহাম্মদ আলী ওরফে মুন্না, নওসাদ হোসেন মোল্লা ওরফে রবিন ও ইফতেখার বেগ ওরফে ঝলক কারাগারে আছেন। মাহবুব আলম, আতিক আহম্মেদ ওরফে শিপলু জামিনে মুক্ত আছেন। আর বিপ্লব ঘটনার পর থেকে পলাতক।এলাকায় খোঁজ নিলে স্থানীয় ব্যক্তিরা জানান, বিপ্লব স্ত্রী ও সন্তানকে নিয়ে ভারতে অবস্থান করছেন।