হত্যা মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ড
ঢাকার কেরানীগঞ্জে অজিত করাতী হত্যা মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ড ও দুজনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার দ্রুতবিচার ট্রাইব্যুনাল-৩-এর বিচারক এ বি এম সাজেদুর রহমান এ রায় দেন।মৃত্যুদণ্ড পাওয়া পাঁচ আসামি হলেন: সালাউদ্দিন, মনোরঞ্জন, গোপাল করাতী, উমেশ করাতী ও পরান করাতী। তাঁদের মধ্যে উমেশ পলাতক। ১০ বছরের কারাদণ্ড পাওয়া দুই আসামি হলেন: শহীদুল ইসলাম ও রাধাকান্ত করাতী।অপরাধ প্রমাণিত না হওয়ায় ১২ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।শহীদুল ও রাধাকান্তকে কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।জমি নিয়ে বিরোধের জের ধরে ২০১০ সালের ২০ এপ্রিল অজিত করাতীকে খুন করা হয়। পরদিন অজিতের ভাই তপন করাতী কেরানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। পুলিশ ওই বছরের ৩০ জুন ২৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। এরপর ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।