রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মী ফারুক হোসেন হত্যা মামলার ১০ নম্বর এজাহারভুক্ত আসামি ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের কর্মী আহসান হাবীবকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার পুলিশের উপপরিদর্শক (এসআই) পদে নিয়োগের প্রাথমিক পরীক্ষা দেওয়ার জন্য হাবীব রাজশাহী পুলিশ লাইনে এলে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে মতিহার থানায় নিয়ে যায়। মতিহার থানা সূত্রে জানা গেছে, আহসান হাবীব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের মাস্টার্সের ছাত্র। তাঁর বাড়ি নওগাঁ জেলার আত্রাই উপজেলায়। তিনি বিশ্ববিদ্যালয়ের শাহ্ মখদুম (এসএম) হলের আবাসিক ছাত্র। তিনি ছাত্রশিবিরের একজন সক্রিয় কর্মী এবং ফারুক হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহসান হাবীব ছাত্রলীগের কর্মী ফারুক হোসেন হত্যা মামলার আসামি। তাঁকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে ছাত্রশিবিরের নেতা-কর্মী ও ক্যাডাররা সশস্ত্র হামলা চালিয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে। ছাত্রশিবিরের সশস্ত্র হামলায় ছাত্রলীগের কর্মী ফারুক হোসেন খুন হন। আহত হয় পুলিশ ও ছাত্রলীগের নেতা-কর্মীসহ অর্ধশত ব্যক্তি। হামলা ও খুনের ঘটনায় রাজশাহী মহানগরের মতিহার থানায় দায়ের করা ১৪টি মামলায় পুলিশ ও র্যাব এখন পর্যন্ত রাজশাহীতে জামায়াত-শিবিরের দেড় শতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে।