হত্যা মামলায় অধিকতর তদন্তের সময় বাড়ল ২২ জুন পর্যন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা হত্যা মামলার অধিকতর তদন্তের সময় আগামী ২২ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সময় বাড়ানোর আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার দুপুরে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ ফজিলা বেগম এ আদেশ দেন।এর আগে এ মামলায় অধিকতর তদন্তের সময় আরও ৩০ দিন বাড়াতে সিআইডির পক্ষে আবেদন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ রেজাউর রহমান। প্রসঙ্গত, ২০০৪ সালের ২১ আগস্টে গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করা হয়। এর আগে ২০০৮ সালের ১১ জুন সিআইডি মামলা দুটির অভিযোগপত্র দাখিল করে। কিন্তু ওই অভিযোগপত্রে হামলায় ব্যবহূত আর্জেস গ্রেনেডের উত্স, সরবরাহকারী ও ঘটনাস্থল থেকে উদ্ধার করা আর্জেস গ্রেনেড ধ্বংসের বিষয়টি তদন্তে আসেনি। এই কারণ উল্লেখ করে ২০০৯ সালের ২৫ জুন রাষ্ট্রপক্ষ অধিকতর তদন্তের আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে আদালত ওই বছরের ৩ আগস্ট অধিকতর তদন্তের নির্দেশ দেন।