বিডিআর বিদ্রোহের সময় হত্যা, লুটপাট, ভাঙচুর, অগ্নিসংযোগের মতো ঘটনায় দায়ের করা মামলায় আগামীকাল সোমবার অভিযোগপত্র দিতে পারে সিআইডি। অভিযোগপত্রে প্রায় সাড়ে আট শ জওয়ানকে অভিযুক্ত করা হচ্ছে বলে জানা গেছে। বিএনপির সাবেক সাংসদ নাসির উদ্দীন আহাম্মেদ পিন্টু ও হাজারীবাগের আওয়ামী লীগের নেতা তোরাব আলীকেও এতে আসামি করা হচ্ছে।জানতে চাইলে সিআইডির বিশেষ পুলিশ সুপার আবদুল কাহার আকন্দ প্রথম আলোকে বলেন, অভিযোগপত্র দেওয়ার সব প্রস্তুতি চূড়ান্ত হয়েছে। সোমবারের মধ্যে তাঁরা অভিযোগপত্র আদালতে জমা দেওয়ার চিন্তাভাবনা করছেন।সিআইডি কর্মকর্তারা জানান, ইতিমধ্যে মামলার সাক্ষ্য-স্মারক (এমই) তৈরি করা হয়েছে। আইনজীবীদের সঙ্গেও মামলার তথ্য-প্রমাণ নিয়ে কর্মকর্তারা কথা বলছেন। সাক্ষ্য-স্মারক ইতিমধ্যে পাবলিক প্রসিকিউটরের কাছে পাঠানো হয়েছে।সূত্র জানায়, বিডিআর বিদ্রোহ মামলায় এ পর্যন্ত দুই হাজার ৩০২ জনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে দুই হাজার ২৫০ জন বিডিআর জওয়ান। মন্ত্রী, সাংসদ, র্যাব, বিডিআর কর্মকর্তা, পুলিশ, সেনাসদস্যসহ জিজ্ঞাসাবাদ করা হয়েছে সাত হাজার ৯৭৪ জনকে। এদের মধ্যে সাধারণ নাগরিক রয়েছেন ৪৩১ জন, বিডিআরে কর্মরত সাধারণ সদস্য আছেন ৩১১ জন। এ পর্যন্ত দুই হাজার ২০০ লোককে রিমান্ডে আনা হয়েছে। এদের মধ্যে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ৯৫৬ জন। এ মামলার আলামত সংগ্রহ করা হয়েছে তিন হাজার ৭০০টি। নিহত বিডিআরের মহাপরিচালকসহ বিভিন্ন কর্মকর্তাদের মোবাইল ফোন, পরিবারগুলোর স্বর্ণালংকারসহ লুণ্ঠিত অনেক মালামাল উদ্ধার করা হয়েছে।গত বছরের (২০০৯) ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরে বাহিনীর সদস্যদের বিদ্রোহে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। এ ঘটনায় লালবাগ থানায় একটি মামলা পরে নিউ মার্কেট থানায় স্থানান্তর হয়। সিআইডির বিশেষ পুলিশ সুপার আবদুল কাহার আকন্দ মামলাটি তদন্ত করছেন। তাঁর সঙ্গে আছে সিআইডির ২০০ জনের একটি দল। তাঁরা সবাই মামলা তদন্তে সহায়তা করছেন।এর আগে পিলখানা বিদ্রোহের ঘটনা তদন্তের জন্য সিআইডির পাশাপাশি অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আনিস-উজ-জামানের নেতৃত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করে। এ ছাড়া লে. জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে আরেকটি তদন্ত আদালত গঠন করে সেনাবাহিনী।