একুশে আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় অধিকতর তদন্তের সময় আবার বাড়ানোর আবেদন করেছে সিআইডি। কাল বুধবার এ ব্যাপারে শুনানি হবে। ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে আজ মঙ্গলবার এ আবেদন করা হয়। মামলার প্রধান কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান জানান, সিআইডি ৪৫ দিন সময় বাড়ানোর আবেদন করেছে। কাল বুধবার এ ব্যাপারে শুনানি হবে।৭ মার্চ আদালত এ মামলার সর্বশেষ সময় বর্ধিত করেন। তখন ১৫ দিন সময় বর্ধিত করে প্রতিবেদন দেওয়ার জন্য ২৩ মার্চ সময় নির্ধারণ করা হয়েছিল। গত ১ মার্চ পৃথক আদালত একই ঘটনায় দায়ের করা অপর মামলাটির (বিস্ফোরক আইনে) প্রতিবেদন দেওয়ার তারিখ ৪ এপ্রিল নির্ধারণ করেন। এর আগে ২০০৯ সালের ২৫ জুন রাষ্ট্রপক্ষের প্রধান সরকারি কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান হামলায় ব্যবহূত আর্জেস গ্রেনেডের উত্স, সরবরাহকারী ও ঘটনাস্থল থেকে উদ্ধার করা গ্রেনেড আলামত হিসেবে সংরক্ষণ না করে, কেন ধ্বংস করা হলো, এসব বিষয়ে রহস্য উদঘাটনের জন্য অধিকতর তদন্তের আবেদন করেন। ওই বছরের ৩ আগস্ট আদালত দুই মাসের সময় বেঁধে দিয়ে অধিকতর তদন্তের আদেশ দেন। অবশ্য এরপর সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত বিভিন্ন দফায় আরও সময় বর্ধিত করেছেন।