হত্যা-রক্তপাতের দায় খালেদাকে বহন করতে হবে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াত-শিবিরের তাণ্ডবের বিরুদ্ধে সারা দেশে সন্ত্রাস প্রতিরোধ কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার সংসদের ১৬তম অধিবেশনের সমাপনী দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব-সম্পর্কিত আলোচনায় তিনি এ আহ্বান জানান। শেখ হাসিনা বলেন, মানবতাবিরোধী অপরাধের বিচারকাজ বন্ধ করতে দেশব্যাপী হত্যা, রক্তপাত, ধ্বংসাত্মক কাজ, হরতাল, অগ্নিসংযোগ করা হচ্ছে। এসব হত্যা ও রক্তপাতের দায় বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে বহন করতে হবে। খালেদা জিয়ার উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘তিনি যা আশা করছেন, তা হবে না। এ দেশে যুদ্ধাপরাধীদের বিচার হবেই। আমাদের পরবর্তী প্রজন্ম মাথা উঁচু করে চলবে।’বিএনপি ও জামায়াতে ইসলামীর সমালোচনা করে শেখ হাসিনা বলেন, ‘এ দেশে ধর্মপ্রাণ মুসলমানের সংখ্যা বেশি। অথচ বায়তুল মোকাররম মসজিদে ইমাম খুতবা পড়তে গেলে তাঁকে বাধা দেওয়া হয়। মোনাজাতের আগেই মিছিল করে বের হয়ে আসে। এরা কেমন মুসলমান?’ দেশবাসীর উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও জেলায় সন্ত্রাস প্রতিরোধ কমিটি গঠন করতে হবে। জামায়াতকে প্রতিহত করতে হবে, যাতে তারা জানমালের ক্ষতি করতে না পারে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের কোনো ক্ষতি করতে না পারে।’ জামায়াতের নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘দেশের ৯৫ শতাংশ মানুষ শান্তি চান। তাঁরা যুদ্ধাপরাধীদের বিচার চান। জামায়াতের নতুন প্রজন্মকে দেশের ইতিহাস পড়তে হবে। ইতিহাস পড়লে তারা লজ্জা পাবে। জামায়াতের সঙ্গে থাকলে এই প্রজন্মের ভবিষ্যত্ নষ্ট হবে।’ শেখ হাসিনা জামায়াতের সঙ্গ ত্যাগ করার জন্য তাদের অনুসারী নতুন প্রজন্মকে আহ্বান জানান। হরতালসহ বিরোধী দলের অন্যান্য কর্মসূচির সমালোচনা করে শেখ হাসিনা বলেন, ‘আমরা ব্যবসা করতে আসিনি। মানুষের মঙ্গল করতে এসেছি। আমাদের লক্ষ্য দেশকে এগিয়ে নেওয়া। কয়েক শতাংশ মানুষ দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের জীবন দুর্বিষহ করে তুলবে, তা হতে দেওয়া হবে না।’সংসদ নেতা বলেন, ‘যুদ্ধাপরাধীদের বাঁচাতে নিরীহ মানুষ আর পুলিশকে হত্যা করা হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুেকন্দ্র ধ্বংস করা হয়েছে। আমরা সেখানে আলো দিয়েছি। বিএনপি-জামায়াত তাঁদের অন্ধকারে ঠেলে দিয়েছে। রেল, বাস পোড়ানো হচ্ছে। পাক হানাদারদের মতো হিন্দুদের বাড়ি আর মন্দিরে হামলা করা হচ্ছে। দিনের পর দিন হরতাল দেওয়া হচ্ছে। কেন? মানুষের অধিকার আদায়ের জন্য হরতাল দিলে তা মেনে নেওয়া যায়। আসলে তারা যুদ্ধাপরাধীদের বাঁচাতে এসব নাশকতা ও হরতাল চালিয়ে যাচ্ছে।’ খালেদা জিয়ার সমালোচনা করে শেখ হাসিনা বলেন, ‘তিনি নিজেকে মুক্তিযোদ্ধার স্ত্রী বলে দাবি করেন। তাঁর স্বামী স্বাধীনতার ঘোষক। প্রশ্ন হলো, মুক্তিযোদ্ধার স্ত্রী হয়ে তিনি কীভাবে যুদ্ধাপরাধীদের মুক্তি দাবি করছেন বা শাহবাগের তরুণদের গালি দিচ্ছেন।’ হরতালের কারণে দেশের শিক্ষাব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে শেখ হাসিনা উল্লেখ করেন। তিনি বলেন, ‘আমরা নিয়ম করেছি সময়মতো পরীক্ষা হবে। ৬০ দিনের মধ্যে পরীক্ষার ফল দেওয়া হবে। কিন্তু এখন হরতাল কর্মসূচির কারণে পরীক্ষা সময়মতো হচ্ছে না। হত্যা আর অগ্নিসংযোগ করে শিক্ষার পরিবেশ নষ্ট করা হচ্ছে।’ খালেদা জিয়ার সিঙ্গাপুর সফরের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, ‘তাঁর সিঙ্গাপুর সফর সন্দেহজনক। কী এমন মেডিসিন খেয়ে এসেছেন যে, যুদ্ধাপরাধীদের পক্ষে তাঁর কণ্ঠ জোরালো হয়ে গেল। শুনেছি সেখানে অনেক টাকা লেনদেন হয়েছে। টাকা পেলে তো তিনি আবার চাঙা হয়ে যান। তবে কোথায় থেকে, কীভাবে টাকা পেলেন, সে হিসাবও বের হবে।’ ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে খালেদা জিয়ার দেখা না করা প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘বিরোধীদলীয় নেতা প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চেয়েছেন। তাঁকে সময়ও দেওয়া হয়েছে। কিন্তু তিনি দেখা করেননি। কেন, তা বোধগম্য নয়। অথচ বিরোধীদলীয় নেতা হিসেবে তিনি ভারত সফর করতে গিয়ে সে দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে লাঞ্চও খেয়েছেন। আমিও তো বিরোধীদলীয় নেতা ছিলাম। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী তো আমাকে লাঞ্চ খাওয়াননি। বিরোধী দল যতই বাধা দিক, বর্তমান সরকার দক্ষিণ-পূর্ব এশিয়ার সব দেশের সঙ্গে সুসম্পর্ক গড়ার লক্ষ্যে কাজ করে যাবে।’সবশেষে শেখ হাসিনা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল জলিলের মৃত্যুতে শোক প্রকাশ এবং মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।