হত্যাকাণ্ডকে অনুমোদন দেয়নি যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্র সরকার পঁচাত্তরের আগস্টের নিষ্ঠুর হত্যাকাণ্ডকে অনুমোদন দেয়নি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের খবর ওয়াশিংটনে পৌঁছার পর পররাষ্ট্র দপ্তরের বাংলাদেশ ডেস্কের সবাই বিস্ময়ে হতবাক হয়ে যান। যদিও সম্ভাব্য অভ্যুত্থানের বিষয়ে মার্কিন রাষ্ট্রদূত ডেভিস ইউজিন বোস্টার মুজিবকে সতর্ক করেছিলেন। সতর্ক করার বিষয়টিকে তারা নৈতিক দায়িত্ব বলেও গণ্য করেছিল।পঁচাত্তরের ১৫ আগস্টের অভ্যুত্থান বিষয়ে দুই সাবেক মার্কিন কূটনীতিকের দেওয়া দুটি অপ্রকাশিত বিশেষ সাক্ষাৎকার থেকে এসব তথ্য পাওয়া গেছে। জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের মার্কিন কূটনীতি অধ্যয়ন সমিতির কথ্য ইতিহাস প্রকল্পের আওতায় ওই সাক্ষাৎকার ধারণ করা হয়।বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ৩৫ বছর পর এই প্রথম পঁচাত্তরের ঘটনাবলির সঙ্গে সংশ্লিষ্ট মার্কিন কূটনীতিকদের পক্ষ থেকে কিছুটা বিস্তারিত ও সুনির্দিষ্ট ব্যাখ্যা জানা সম্ভব হলো। প্রথম আলো কয়েক বছর ধরে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ, পঁচাত্তরের সামরিক অভ্যুত্থানসহ ইতিহাসের নানা অজানা অধ্যায় উন্মোচনের প্রচেষ্টা চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের সূত্রে এবার প্রথম জানা গেল, প্রথিতযশা মার্কিন কথ্য ইতিহাসবিদ (ওরাল হিস্টোরিয়ান) চার্লস স্টুয়ার্ট কেনেডি পঁচাত্তরের ১৫ আগস্টের বিষয়ে তৎকালীন মার্কিন প্রশাসনের ভূমিকার বিষয়ে নানা প্রশ্ন করেছিলেন। ডেভিস ইউজিন বোস্টার ও স্টিফেন আইজেনব্রাউন তাঁর জবাবও দিয়েছেন। ঘটনাচক্রে এই দুজনই ইতিহাসের গুরুত্বপূর্ণ চরিত্র। বাংলাদেশে নিযুক্ত তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত বোস্টার গোড়া থেকেই নানাভাবে আলোচিত। আইজেনব্রাউন ওই সময় মার্কিন পররাষ্ট্র দপ্তরের বাংলাদেশ ডেস্কে কর্মরত ছিলেন। এই দুজনই বঙ্গবন্ধুকে সম্ভাব্য অভ্যুত্থানের বিষয়ে সতর্ক করে দেওয়ার প্রক্রিয়ায় জড়িত ছিলেন। বিষয়টি ১৫ আগস্ট ওয়াশিংটনে স্থানীয় সময় সকাল আটটায় হেনরি কিসিঞ্জারের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকেও আলোচিত হয়। ভারতীয় গোয়েন্দাপ্রধানও ঢাকায় এসে মুজিবকে সতর্ক করেছিলেন বলে জানা যায়।মার্কিন সাংবাদিক লরেন্স লিফশুলজ বোস্টারের মৃত্যুর পর তথ্য প্রকাশ করেন, বোস্টারই তাঁদের বলেছিলেন যে আগস্টের অভ্যুত্থানকারীদের সঙ্গে মার্কিন দূতাবাসের যোগাযোগ ছিল। এমনকি ঢাকার মার্কিন দূতাবাসের তৎকালীন সিআইএ স্টেশন চিফ ফিলিপ চেরি মদদদাতা ছিলেন বলেও বোস্টার তাঁদের জানিয়েছিলেন। ২০০৫ সালের ৭ জুলাই বোস্টার মারা যান। এখন জানা গেল, বোস্টার ১৯৮৯ সালে বাংলাদেশের অভ্যুত্থানের বিষয়ে চার্লস স্টুয়ার্ট কেনেডিকে সাক্ষাৎকার দিয়েছিলেন। অন্যটি দিয়েছেন স্টিফেন আইজেনব্রাউন। তাঁর সাক্ষাৎকার ২০০৪ ও ২০০৫ সালে ধারণ করা হয়। আইজেনব্রাউন দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন, শেখ হাসিনা যদিও মনে করেন, তাঁর বাবার হত্যায় মার্কিন যুক্তরাষ্ট্রের হাত থাকতে পারে। কিন্তু তা ঠিক নয়। তাঁর ভাষায়, ‘আমরা অবশ্যই মুজিব হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত ছিলাম না।’যোগাযোগ করা হলে ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন কর্মকর্তা প্রথম আলোকে ১২ আগস্ট নিশ্চিত করেন, আইজেনব্রাউন বর্তমানে মার্কিন পররাষ্ট্র দপ্তরের বার্ষিক মানবাধিকার প্রতিবেদন এবং কংগ্রেস অনুমোদিত অন্যান্য মানবাধিকার প্রতিবেদন প্রণয়নসংক্রান্ত কার্যক্রমের সমন্বয়ক বা প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।পঁচাত্তরের আগস্টে সংঘটিত বাংলাদেশের সম্ভাব্য অভ্যুত্থান বা মুজিবের জীবন হুমকিগ্রস্ত হওয়া সম্পর্কে যুক্তরাষ্ট্রের কাছে খবর ছিল। আইজেনব্রাউন ঠিক করে দেন, মুজিবকে এ বিষয়ে বোস্টার কী বলবেন। আর বোস্টার তা মুজিবকে পৌঁছে দেন। বিষয়টি এসেছে আইজেনব্রাউনের জবানিতে। বোস্টারের ১৯৮৯ সালের ওই সাক্ষাৎকারে এ বিষয়ে কোনো মন্তব্য নেই। তিনি শুধু বলেছেন, ‘ওটা ছিল একটা নিষ্ঠুর হত্যাকাণ্ড। যুক্তরাষ্ট্র সরকার ওই হত্যাকাণ্ডকে অনুমোদন দেয়নি।’মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনীতি অধ্যয়ন ও প্রশিক্ষণ সমিতির কথ্য ইতিহাস সংগ্রহ প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট মেরিলিন বেন্টলি ১৩ আগস্ট এই প্রতিবেদককে জানান, ‘এই প্রকল্পের আওতায় নেওয়া সাক্ষাৎকারে প্রদত্ত মতামত অবশ্যই সাবেক কূটনীতিকদের ব্যক্তিগত মত বলে গণ্য হবে। একে যুক্তরাষ্ট্র সরকার বা কূটনীতি অধ্যয়ন সমিতির কোনো মতামতের প্রতিফলন হিসেবে দেখার সুযোগ নেই।’ডেভিস ইউজিন বোস্টার পঁচাত্তরের ১৫ আগস্টসহ তাঁর কূটনৈতিক জীবনের নানা বিষয়ের ওপর ওই সাক্ষাৎকার দেন ১৯৮৯ সালের ২০ অক্টোবর। স্টিফেন আইজেনব্রাউনের সুদীর্ঘ সাক্ষাৎকার ধারণ করা শুরু হয় ২০০৪ সালের ১৪ ডিসেম্বর। প্রায় এক লাখ শব্দের এই সাক্ষাৎকারে স্টিফেন আইজেনব্রাউন উল্লেখ করেন, বোস্টার সম্প্রতি মারা গেছেন। এ থেকে ধারণা করা যায়, তাঁর সাক্ষাৎকার ধারণ ২০০৫ সালে বোস্টারের মৃত্যুর পরও অব্যাহত ছিল। তবে তাঁর সাক্ষাৎকার সাক্ষ্য দিচ্ছে যে তিনি বাংলাদেশের বহু ঘটনার সাক্ষী। ৬৩ বছর বয়স্ক আইজেনব্রাউন ঘনিষ্ঠভাবে বাংলাদেশকে দেখার সুযোগ পেয়েছেন। পঁচাত্তরের গ্রীষ্মে ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্যুরো অব ইন্টেলিজেন্স অ্যান্ড রিসার্চ আইএনআরে বাংলাদেশ ডেস্ক দিয়ে আইজেনব্রাউন তাঁর কূটনৈতিক জীবনের সূচনা ঘটান। তিনিই প্রথম বাংলাদেশের ওপর মানবাধিকার প্রতিবেদন তৈরি করেন। তিনি বাংলা ভাষায় প্রশিক্ষণ নিয়েছিলেন। ১৯৭৬-৭৮ সালে ঢাকায় তিনি ছিলেন পলিটিক্যাল অফিসার। ১৯৯৬ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত ঢাকাতেই কাজ করেন মার্কিন দূতাবাসের পলিটিক্যাল কাউন্সেলর হিসেবে। ২০০২ সালে তিনি অবসরে যান। তবে সেই থেকে চুক্তির ভিত্তিতে সক্রিয় আছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের সঙ্গে।ডেভিস বোস্টার তাঁর সাক্ষাৎকারে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র কখনো পঁচাত্তরের নিষ্ঠুর হত্যাকাণ্ড ও অভ্যুত্থানকারীদের সমর্থন দেয়নি। আর আইজেনব্রাউন বলেছেন, শেখ হাসিনা বিশ্বাস করেন, মুজিব হত্যাকাণ্ডে মার্কিন যুক্তরাষ্ট্রের হাত আছে। ১৯৮৬ সালে কথ্য ইতিহাস প্রকল্প হাতে নেওয়া হয়। এর পরিচালক হলেন চার্লস স্টুয়ার্ট কেনেডি। তিনি একজন অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ পেশাদার মার্কিন কূটনীতিক। ১৯৫৫ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত তিনি পররাষ্ট্র সার্ভিসে কাটিয়ে মিনিস্টার কাউন্সেলর হিসেবে অবসর নেন। এর আগে তিনি মার্কিন বিমানবাহিনীতেও ছিলেন। একজন কথ্য ইতিহাসবিদ হিসেবে তিনি খ্যাতি অর্জন করেন।যোগাযোগ করা হলে ১২ আগস্ট এই প্রতিবেদককে তাঁর দপ্তর থেকে বলা হয়, স্টুয়ার্ট কেনেডি বর্তমানে ভ্রমণরত। তিনি বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে নিক্সন-কিসিঞ্জারের ‘ঐতিহাসিক পক্ষপাত’ ও বাংলাদেশের রাজনৈতিক চড়াই-উতরাইয়ের বিষয়ে ভালো ধারণা রাখেন।১৫ আগস্টের অভ্যুত্থান সম্পর্কে ইউজিন বোস্টার ও স্টিফেন আইজেনব্রাউনের কথোপকথন নিচে তুলে ধরা হলো।স্টুয়ার্ট কেনেডি: আপনি যখন বাংলাদেশে ছিলেন, তখন একাধিক অভ্যুত্থান হয়। মুজিব নিহত হন। বাংলাদেশে তখন কী ঘটেছিল?বোস্টার: সেটা এক ভয়ংকর বিয়োগান্তক ঘটনা। সেনাবাহিনীর লোকেরা তাঁর বাসভবনে আসেন। সেই বাড়িটি আমাদের বাসভবন থেকে খুব বেশি দূরে নয়। কিছু নারী ছুরির আঘাতে হত্যার শিকার হন বলে জানা যায়। মুজিবসহ বহু লোককে হত্যা করা হয়। তাঁরা মুজিব পরিবারকে নিশ্চিহ্ন করেছিলেন। সেটা ছিল নিষ্ঠুর। ভবিষ্যতে যাতে মুজিব পরিবারের কেউ ক্ষমতার উত্তরাধিকারী হতে না পারেন, সে উদ্দেশ্যেই তাঁরা অভ্যুত্থান ঘটিয়েছিলেন বলে প্রতীয়মান হয়।স্টুয়ার্ট কেনেডি: অভ্যুত্থানের সময় দূতাবাসের ভূমিকা কী ছিল?বোস্টার: অভ্যুত্থানের গুজব শোনার সঙ্গে সঙ্গে আমরা ওয়াশিংটনে একটি তারবার্তা পাঠাই। আমাদের পাঠানো তথ্য হয়তো খুব সঠিক ছিল না। আমি ও আমার স্ত্রী বন্দুকের গর্জনে সচকিত হয়েছিলাম। এর পরই আমি আমাদের দূতাবাসের ডেপুটি চিফ অব মিশনের কাছ থেকে ফোন পাই। তিনি বলেন, একটি অভ্যুত্থান হয়েছে এবং দূতাবাসে আমার আসা উচিত। আমরা তখন নতুন গ্রুপটিকে স্বীকৃতি দেওয়ার দিকে নজর দিলাম। নতুন সরকারের সঙ্গে আমরা অব্যাহত সম্পর্ক এবং তাদের সহযোগিতা শুরু করলাম। নতুন সরকারের সঙ্গে সহযোগিতা করার বিষয়টি খুবই জটিল ছিল। তারা খুব অভিজ্ঞ গ্রুপ ছিল না। তারা অবশ্য খুব বেশি দিন টেকেনি।স্টুয়ার্ট কেনেডি: আমাদের কি কোনো উল্লেখযোগ্য স্বার্থ ছিল, যাতে করে বাংলাদেশ সরকারের অস্থিতিশীলতা দীর্ঘায়িত হয়?বোস্টার: না, আমাদের তা ছিল না। যা ঘটেছিল তা ভয়ংকর। আমরা তা অনুমোদন করিনি। কিন্তু সেটা ঘটেছিল এবং দেশ শাসনে যারাই থাকুক, তাদের সহযোগিতা করতে হয়েছিল।উল্লেখ্য, বোস্টারের এই সাক্ষাৎকার ধারণ করার এক যুগেরও বেশি সময় পর স্টুয়ার্ট কেনেডি আইজেনব্রাউনের সাক্ষাৎকার নেন।‘নৈতিক দায়িত্ব’আইজেনব্রাউন: ...পঁচাত্তরের গ্রীষ্মে শেখ মুজিবুর রহমান ছিলেন বাংলাদেশের স্বনিয়োজিত রাষ্ট্রপতি। তিনি ছিলেন বাংলাদেশের জাতীয় বীর। পাকিস্তানিদের বিরুদ্ধে বাঙালিদের প্রতিরোধের প্রতীক। যদিও তিনি যুদ্ধকালে পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন। বাহাত্তরের গোড়ায় যখন তিনি স্বাধীন রাষ্ট্র বাংলাদেশে ফিরে এলেন, তখন তাঁকে বীরোচিত সংবর্ধনা দেওয়া হয়। তিনি হলেন দেশের প্রধানমন্ত্রী। কিন্তু তিনি দক্ষ প্রশাসক ছিলেন না, যা বাংলাদেশের জন্য খুবই দরকারি ছিল। তিনি সব ক্ষমতা নিজের হাতে কুক্ষিগত করলেন। বাংলাদেশ নিপতিত হলো একটি স্বৈরতান্ত্রিক সরকারব্যবস্থায়। আমি অনুমান করতে পারি, বাংলাদেশের রাস্তায় পঁচাত্তরের গ্রীষ্মে দাঁড়ানো ছিল সত্যি ভয়ংকর। মুজিব তাঁর নিজস্ব ব্যক্তিগত নিরাপত্তারক্ষী গড়ে তোলেন। সেই বাহিনী ভিন্নমত দমনে ব্যবহূত হতো। মুজিবের ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীর নাম ছিল রক্ষী বাহিনী। বাংলাদেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিল বাংলাদেশের সেনাবাহিনী। সেনাবাহিনীকে অপমানিত করে গঠিত হলো রক্ষী বাহিনী। সুতরাং এর পরিণাম হিসেবে অভ্যুত্থানের নীলনকশা তৈরি হতে থাকল। এমনকি মুজিবের জীবনের প্রতিও এল হুমকি। বাংলাদেশের লোকজন এ নিয়ে দূতাবাসকে বলাবলি শুরু করল। ওয়াশিংটনে এ ব্যাপারে প্রতিবেদন আসতে থাকল এবং সেটা ছিল এতটাই তীব্র যে কিছুদিনের মধ্যে স্পষ্ট হলো, এসব কথাবার্তা নিতান্তই খোশগল্প নয়। শেখ মুজিবের জীবন সংকটাপন্ন বলেই প্রতীয়মান হলো। আমি স্মরণ করতে পারি যে ওই সময়ে পররাষ্ট্র দপ্তরে এ নিয়ে আলোচনা হয়েছে। বলা হয়েছে, শেখ মুজিবের জীবন যে বিপদগ্রস্ত হয়ে পড়েছে, সে বিষয়ে তাঁকে সতর্ক করে দেওয়া আমাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে কি না। আলোচনায় মত এসেছে, হ্যাঁ, এ বিষয়ে আমাদের দায়দায়িত্ব রয়েছে এবং আমাদের রাষ্ট্রদূত সেটা পালন করেছিলেন।স্টুয়ার্ট কেনেডি: কে ছিলেন আমাদের রাষ্ট্রদূত?আইজেনব্রাউন: ডেভিস ইউজেন বোস্টার। সম্প্রতি (২০০৫) তিনি মারা গেছেন। তিনি মুজিবের কাছে গিয়েছিলেন। সময়টা সম্ভবত পঁচাত্তরের জুলাই মাসের শেষ দিক কিংবা আগস্টের গোড়ায়। বোস্টার মুজিবকে কী বলবেন সেটা সম্ভবত আমিই তৈরি করে দিয়েছিলাম। কিন্তু সেটার প্রকৃতি কী ছিল, তা আমি এখন হলফ করে বলতে পারি না। যা-ই হোক, বোস্টার মুজিবকে কী বলবেন সেটা জানাতে তাঁর ওপর যা নির্দেশনা ছিল তার মূল কথা ছিল, আমরা অভ্যুত্থান সংঘটনের নানা হুমকির কথা শুনতে পাচ্ছি। এবং শুনতে পাচ্ছি আপনার (মুজিব) বিরুদ্ধে অনেক হিংসাত্মক পরিকল্পনার কথাও। তবে কারা এর সঙ্গে জড়িত, বোস্টার তাদের নাম বলেননি। তিনি শুধুই সতর্কতা অবলম্বনের জন্য মুজিবকে সতর্ক করেছিলেন। আমি যত দূর স্মরণ করতে পারি, মুজিব সে বিষয়ে তেমন গুরুত্ব দেননি। দায়সারা ভাব নিয়েছিলেন। মুজিব এমনকি বোস্টারকেও বলেছিলেন, ‘দেখুন, উদ্বিগ্ন হবেন না। আমি আমার লোকদের চিনি। তারা আমাকে ভালোবাসে এবং সবকিছুই নিয়ন্ত্রণে রয়েছে।’ বাংলাদেশ ডেস্কে আমার অ্যাসাইনমেন্টের শেষ কর্মদিবস ছিল শুক্রবার ১৫ আগস্ট, ১৯৭৫। তাই আমি রীতি অনুযায়ী সবকিছু বুঝিয়ে দিয়েছিলাম। সেই সকালে আমার শুধু কাজ ছিল, অফিসে এসে সহকর্মীদের কাছে বিদায় নেওয়া। কারণ পরবর্তী সোমবার সকালেই আমার ক্লাস ছিল। ফরেন সার্ভিস ইনস্টিটিউটে বাংলা ভাষার ওপর প্রশিক্ষণ। অ্যান গ্রিফিন ছিলেন ডেস্ক অফিসার। এক দিন আগে তিনি দায়িত্বভার নিয়েছিলেন। সে কারণেই পঁচাত্তরের ১৫ আগস্ট সকালে আমি একেবারেই আয়েশি ভঙ্গিতে অফিসে পৌঁছালাম। কিন্তু এসে দেখলাম, সবাই ইতস্তত বিক্ষিপ্তভাবে কাজ করছেন। কারণ, মাত্র কয়েক ঘণ্টা আগেই শেখ মুজিব এবং তাঁর পরিবারের সব সদস্য নিহত হয়েছেন। হ্যাঁ, সেটা ছিল এক ভয়ংকর নৃশংসতা। মধ্যম সারির কতিপয় সেনা কর্মকর্তা মুজিবের বাড়িতে এসেছিলেন মধ্যরাতে। তাঁরা মুজিব, তাঁর স্ত্রী, শিশুসহ সম্ভবত এক ডজনের বেশি লোককে হত্যা করেছিলেন।স্টুয়ার্ট কেনেডি: আপনি কি জানেন, এ ধরনের হত্যাকাণ্ড বাংলাদেশের সংস্কৃতির মধ্যে পড়ে কি না?আইজেনব্রাউন: না। সাধারণভাবে বাংলাদেশের সংস্কৃতিতে সহিংসতা নেই। কিন্তু ১৯৭০ থেকে শুরু হওয়া স্বাধীনতাসংগ্রাম থেকে উল্লেখযোগ্য সহিংসতা বিরাজমান রয়েছে। মানুষ বেপরোয়া হয়ে উঠেছিল। আমি অনুমান করি, দক্ষিণ এশিয়াজুড়েই সময়ে সময়ে বড় ধরনের বিক্ষিপ্ত সহিংসতার ইতিহাস রয়েছে। উত্তেজনা যখন বহন করা কঠিন হয়ে পড়ে, তখনই এসব ঘটে। পঁচাত্তরের ১৫ আগস্টের হত্যাকাণ্ড তেমনি একটা প্রেক্ষাপটে ঘটেছিল। (চলবে)