হত্যাকাণ্ডে পাকিস্তানি সেনাদের সঙ্গী ছিলেন কাদের মোল্লা
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের সপ্তম সাক্ষী আবদুল মজিদ পালোয়ান। আজ বুধবার বিচারপতি এ টি এম ফজলে কবিরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে আবদুল মজিদ পালোয়ান এ জবানবন্দি দেন। জবানবন্দিতে মজিদ পালোয়ান বলেন, তাঁর বাড়ি ঢাকার কেরানীগঞ্জ থানার ঘাটারচর গ্রামে। ১৯৭১ সালের ২৫ নভেম্বর ভোরে গোলাগুলির শব্দে তাঁর ঘুম ভাঙে। বাড়ির বাইরে এসে তিনি চারদিকে আগুন দেখতে পান। গুলির শব্দ ধরে তিনি ঘাটারচর স্কুল মাঠের কাছে গিয়ে দেখেন, পাকিস্তানি সেনারা লোকজনকে গুলি করে হত্যা করছে। তাদের সঙ্গে পাজামা-পাঞ্জাবি পরা কয়েকজন লোক। এর মধ্যে একজন ছিলেন কাদের মোল্লা। পাকিস্তানি সেনারা গুলি করে প্রায় ৬০ জনকে হত্যা করে। ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত গুলিবর্ষণ চলে। একটি গাছের আড়ালে থেকে তিনি এ ঘটনা দেখেছেন।জবানবন্দি শেষে তাঁকে জেরা শুরু করেন আসামিপক্ষের আইনজীবী আবদুস সোবহান তরফদার। জেরা অসমাপ্ত অবস্থায় মামলার কার্যক্রম ১২ আগস্ট পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল। এ সময় কাদের মোল্লা ট্রাইব্যুনালের এজলাসে আসামির কাঠগড়ায় ছিলেন। গত ২৮ মে তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে ছয়টি অভিযোগ গঠন করা হয়। কাদের মোল্লার বিরুদ্ধে মামলাটি প্রথমে ট্রাইব্যুনাল-১-এ বিচারাধীন ছিল। ওই ট্রাইব্যুনালে গত বছরের ১৮ ডিসেম্বর রাষ্ট্রপক্ষ তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। চলতি বছরের ১৬ এপ্রিল মামলাটি ট্রাইব্যুনাল-২-এ স্থানান্তর করা হলে নতুন করে অভিযোগের বিষয়ে শুনানি হয়। ২ থেকে ১৬ মে পর্যন্ত সাত কার্যদিবসে অভিযোগের বিষয়ে শুনানি চলে। এরপর ট্রাইব্যুনাল অভিযোগ গঠন করেন।