হত্যাকাণ্ডের এক নগর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘রোজ সকালে যখন বাইরে যাই, সন্ধ্যায় প্রাণ নিয়ে বাড়িতে ফিরতে পারব কি না—আমি তা জানি না।’ আতঙ্কের মধ্যে দিন কাটানোর অভিজ্ঞতা এভাবেই বর্ণনা করেন আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহারের বাসিন্দা আবদুল হামিদ।প্রাণহানির এ আশঙ্কা শুধু এক আবদুল হামিদের নয়, কান্দাহারের প্রত্যেক মানুষ হরদম মৃত্যুর আশঙ্কায় দিন কাটান। সব মিলিয়ে কান্দাহার পরিণত হয়েছে হত্যার নগরে। পুরো কান্দাহারই যেন এক মৃত্যুপুরী। আজ রোববার বিবিসি অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গত এক দশকে আফগানিস্তান ও বাইরের মানুষের কাছে কান্দাহার সহিংসতার শহর হিসেবে পরিচিতি পেয়েছে। এ শহরের ইতিহাস বেশ পুরোনো। চতুর্থ শতকে আলেকজান্ডার দ্য গ্রেট কান্দাহার শহরটি প্রতিষ্ঠা করেন। সেখানকার সভ্যতার ইতিহাস সাত হাজার বছরের পুরোনো বলে ধারণা করা হয়। আফগানিস্তানের ইতিহাস ও রাজনীতি মূলত এ শহর থেকেই নিয়ন্ত্রিত হয়ে আসছে। দেশটির সবচেয়ে বড় উপজাতি পশতুনদের বাস এই শহরে। আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের নিজ প্রদেশ এটি। ১৯৯৪ সালে কান্দাহারেই তালেবানদের জন্ম। এমনকি তালেবানপ্রধান মোল্লা ওমরের শহর এই কান্দাহার। তালেবানরা কান্দাহারকে তাদের ক্ষমতার কেন্দ্রবিন্দু মনে করে। তাদের মতে, কান্দাহারের নিয়ন্ত্রণ মানে আফগানিস্তানের নিয়ন্ত্রণ। এসব কারণেই আত্মঘাতী হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে কান্দাহার।হামলা থেকে বাদ যাচ্ছে না কেউ। এ শহরে বড় বড় রাজনীতিবিদের প্রাণ গেছে। এঁদের মধ্যে প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের ভাই আইমেদ ওয়াইল কারজাইও রয়েছেন। তিনি তাঁর দেহরক্ষীর গুলিতে নিহত হন। নিহত ব্যক্তিদের তালিকায় প্রাদেশিক পুলিশের প্রধান, মেয়র, জেলা গভর্নর, গ্রাম ও ধর্মীয় জ্যেষ্ঠ নেতা, শিক্ষক, চিকিত্সক এবং আফগান সরকার ও ন্যাটো সমর্থক অন্যান্য বেসামরিক ব্যক্তিও রয়েছেন।বলতে গেলে পুরো আফগানিস্তান এক যুদ্ধের মঞ্চ। তবে এর মধ্যে কান্দাহার হলো যুদ্ধের মূল ক্ষেত্র। সেখানে তালেবানদের সক্রিয়তা যেমন বেশি, তেমনি হামলার মাত্রাও ভয়াবহ। বিভিন্ন সূত্রের হিসাবে, গত ১০ বছরে কান্দাহারে পাঁচ শতাধিক বড় মাপের রাজনীতিবিদ ও প্রভাবশালী উপজাতি নেতাকে হত্যা করা হয়েছে।দেশটির অন্যান্য অংশেও লক্ষ্যকেন্দ্রিক হত্যার ঘটনা আছে। কিন্তু বিশ্লেষকেরা বলছেন, পুরো আফগানিস্তানে যত হত্যাকাণ্ড ঘটেছে, এর চেয়ে বেশি হত্যাকাণ্ডের ঘটনা কান্দাহারে ঘটেছে। এসব হত্যাকাণ্ডের অধিকাংশেরই দায় স্বীকার করেছে তালেবান। ভবিষ্যতে তারা আফগান কর্মকর্তাদের হত্যার হুমকি দিয়েছে। এ অবস্থায় কান্দাহারের মানুষের মনে সব সময়ই বিরাজ করছে মৃত্যুভীতি। তাদের আশঙ্কা, যেকোনো সময় মৃত্যুদূত দুয়ারে কড়া নাড়তে পারে।