হত্যাকাণ্ডের দায় বিরোধী নেত্রীকে নিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সাম্প্রতিক সময়ে সারা দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর যে হামলা হয়েছে, পুলিশসহ নিরীহ মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তার দায়ভার খালেদা জিয়াকে নিতে হবে। দেশের উন্নয়ন-অগ্রগতি তাঁর পছন্দ নয় বলেই যুদ্ধাপরাধীদের পক্ষ নিয়ে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যেতে তিনি তাণ্ডব চালাচ্ছেন।গতকাল শনিবার রাতে গণভবনে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সভার সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, বিরোধীদলীয় নেত্রী যে দেশের স্বাধীনতা চাননি, তা প্রমাণিত হয়েছে। খুনিদের রক্ষা ও লালন-পালন করা, মদদ দেওয়া—জন্মলগ্ন থেকে এটাই বিএনপির চরিত্র।দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়কে কেন্দ্র করে যে সহিংস ঘটনা ঘটেছে, বিএনপির চেয়ারপারসন সেটাকে ‘গণহত্যা’ বলেছেন এবং ক্ষমতায় গেলে ট্রাইব্যুনাল করে বর্তমান সরকারের শীর্ষ পর্যায়সহ সবার বিচার করা হবে বলে তিনি যে বক্তব্য দিয়েছেন, তার সমালোচনা করেন প্রধানমন্ত্রী। বলেন, খালেদা জিয়া ক্ষমতায় থাকতে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় আওয়ামী লীগের ২৪ জনকে হত্যা করা হয়। আহসানউল্লাহ মাস্টার, শাহ এ এম এস কিবরিয়াসহ অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছিল। ২০০১ সালের পর তারা যে হত্যাকাণ্ড ঘটিয়েছে, তার সব প্রমাণ আছে। বিএনপির চরিত্র এখনো বদলায়নি।শেখ হাসিনা বলেন, বিরোধীদলীয় নেত্রীর ভালো একটা গুণ হলো সর্প হয়ে দংশন করে ওঝা হয়ে ঝাড়া। নিজেই তাণ্ডব সৃষ্টি করে আবার নিজেই সংখ্যালঘু সম্প্রদায়কে সহানুভূতি জানাচ্ছেন। তবে জনগণ তাঁর এই নাটক বুঝতে সক্ষম হয়েছে। জামায়াতের সঙ্গে হাত মিলিয়ে যে অপকর্ম বিরোধীদলীয় নেত্রী করছেন, তা আর কারও অজানা নেই। সাম্প্রতিক সময়ের তাণ্ডবের দায়ভার খালেদা জিয়াকেই নিতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জুমার নামাজ শেষে সালাম ফেরানোর আগেই যারা তাণ্ডব শুরু করে, তারা কেমন মুসলমান? দেশের তরুণ সমাজ একাত্তরের ঘাতকদের বিচার চেয়েছে বলে খালেদা জিয়া তাদের যা খুশি বলেছেন। প্রধানমন্ত্রী বলেন, অতীতে বিএনপি ক্ষমতায় থাকতে সেনাবাহিনীর বহু কর্মকর্তাকে হত্যা করেছে। ’৭৭ সালে বিমানবাহিনীর ৬৬৫ জন কর্মকর্তাকে হত্যা করা হয়। ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে বিএনপি অসংখ্য মানুষকে হত্যা করেছে।আওয়ামী লীগের সভানেত্রী বলেন, দেশের মানুষ শান্তিতে থাকুক, বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াক, এটা বিরোধীদলীয় নেত্রী চান না। একাত্তরের পরাজিতদের পাশে থাকা, তাদের সাহায্য করা তাঁর বৈশিষ্ট্য। যারা অপরাধ করবে, তাদের বিচার হবেই উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি আমলে বিডিআরে একটা ক্যু হয়েছিল। কিন্তু সেটা ধামাচাপা দেওয়া হয়। কিন্তু আমরা কোনো কিছু ধামাচাপা দেইনি। বিডিআরের ঘটনার সুষ্ঠু বিচার হচ্ছে।’আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদসহ উপদেষ্টামণ্ডলীর অধিকাংশ সদস্য বৈঠকে উপস্থিত ছিলেন।