মা, ছেলে ও পুত্রবধূ খুন চাচা, চাচি ও চাচাতো ভাইকে খুন করে সব সম্পত্তির মালিক হতে চেয়েছিলেন তৌফিকুর
হত্যাকাণ্ডের বর্ণনা দিলেন তৌফিকুরের বন্ধু হীরা
‘কিরে মিজান কী হইল।’ চিৎকার শুনে এ কথা বলতে বলতে তিনতলায় মিজানুর রহমানের ফ্ল্যাটে ঢোকেন তাঁর মা সুফিয়া খাতুন (৭৬)। তাঁকে ছুরিকাঘাত করেন হীরা। সুফিয়া মেঝেতে পড়ে গেলে দেলোয়ার দুটি গুলি করে তাঁর মৃত্যু নিশ্চিত করেন। গত ৩০ সেপ্টেম্বর রাজধানীর যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে নিজ বাড়িতে ব্যবসায়ী মিজানুর রহমান (৫৫), তাঁর মা সুফিয়া ও স্ত্রী বীথি রহমানের (৪৫) হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার করা হীরা গতকাল সোমবার এই বর্ণনা দেন।ওই তিন খুনের বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে হীরা (২৯) এ কথা বলেন। গত রোববার মুন্সিগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। দেলোয়ারকে (২৮) গ্রেপ্তার করা হয় ১৮ অক্টোবর। পুলিশ জানায়, মিজানুরের ছোট ভাইয়ের ছেলে তৌফিকুর রহমান সুমন (২৮), তাঁর দুই বন্ধু হীরা ও দেলোয়ার মিলে এই হত্যাকাণ্ড ঘটান। চাচা, চাচি ও চাচাতো ভাইকে খুন করে সব সম্পত্তির মালিক হতে চেয়েছিলেন তৌফিকুর। খুব সকালে বাসা থেকে বেরিয়ে যাওয়ায় প্রাণে বেঁচে যান মিজান দম্পতির একমাত্র সন্তান আশিকুর রহমান। ঘটনা দেখে ফেলায় সুফিয়াকেও খুনের সিদ্ধান্ত দেন তৌফিকুর।সংবাদ সম্মেলনে হীরা জানান, তৌফিকুরের পরিকল্পনা অনুযায়ী তিনি, দেলোয়ার ও তৌফিকুর সকালে ওই বাড়িতে যান। এর আগে তাঁদের কয়েক দফা কথা হয়। কথা ছিল হত্যার পর নগদ যা পাওয়া যাবে, তা তিনি ও দেলোয়ার নেবেন। সম্পত্তির মালিক হবেন তৌফিকুর। তৌফিকুর তাঁদের বলেছিলেন, মিজানের বাড়িতে নগদ টাকা থাকে।মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক শেখ মাহাবুবুর রহমান জানান, ৩০ সেপ্টেম্বর সকালে সুফিয়া খাতুনের জন্য ওষুধ আনতে গিয়েছিলেন বাড়ির দারোয়ান আকবর আলী। এই ফাঁকেই তৌফিকুর দুই বন্ধুকে নিয়ে ওই বাড়ির তিন তলায় উঠে কলবেল চাপেন। তাঁর দুই বন্ধু সিঁড়িতে এমনভাবে ছিলেন, যাতে দরজা থেকে তাঁদের দেখা না যায়। বেল শুনে বিথি রহমান দরজা খুললে তৌফিকুর জানতে চান, তাঁর চাচা আছেন কি না। বিথি জানান, তিনি ঘুমিয়ে আছেন। কথা বলতে বলতে বিথি ঢোকেন অন্য ঘরে আর তৌফিকুর শয়নকক্ষে। মিজান উঠে তৌফিকুরকে জিজ্ঞাসা করেন, ‘কীরে টাকা দিবি নাকি’ (তৌফিকুরের কাছে প্রায় ১০ হাজার টাকা পেতেন তিনি)। তৌফিকুর বলেন, ‘না কালকে দেব।’ কথা বলার সময়ই তৌফিকুর হঠাৎ মিজানের ঘাড়ে ছুরিকাঘাত করেন। তাঁর চিৎকার শুনে আসেন বিথি। চিৎকার শুনে তৌফিকুরের দুই বন্ধুও বাসায় ঢোকেন।এর পরের ঘটনার বর্ণনা দিয়ে হীরা বলেন, এরপর ছুরির মুখে তাঁরা টাকা ও গহনা দাবি করেন। ভয়ে বিথি দ্রুত বিছানার পাশের ড্রয়ার খুলে গয়না বের করার চেষ্টা করেন। এ সময়ই ড্রয়ারে থাকা রিভলবার হাতে নেন বিথি। কিন্তু তাতে গুলি ছিল না। অস্ত্রটি কেড়ে নেন দেলোয়ার এবং ড্রয়ারে একটি ছোট বাক্সে রাখা গুলি বের করে রিভলবারে ভরেন। দেলোয়ার মিজানকে একটি গুলি করলে তিনি লুটিয়ে পড়েন। সুমন আবার তাঁকে ছুরিকাঘাত করেন। এ সময় তাঁরা ওই ঘরে টাকা, স্বর্ণালংকার খোঁজেন। কিন্তু সিন্দুক ভাঙতে পারেননি।তদন্ত কর্মকর্তা জানান, বিথিকে ছুরিকাঘাত করেন হীরা। এরপর দেলোয়ার তাঁকে দুটি গুলি করেন। এর মধ্যে মিজানের মা দারোয়ানের খোঁজে চারতলা থেকে নিচে নামেন। তিনতলায় চিৎকার শুনে তিনি মিজানের বাসায় ঢুকলে তাঁকে হত্যা করা হয়। দাদির মৃত্যুতে তৌফিকুর কিছুটা বিচলিত হয়ে পড়েন। ব্যবহূত গুলির খোসাগুলো সংগ্রহ করা হয়। রিভলবার, ছোরা, তিনটি মোবাইল, কিছু গয়না ও নগদ ১৪ হাজার টাকা একটি কালো ব্যাগে ভরা হয়। আগে দুই বন্ধুকে ওই বাসা থেকে বের করে পরে নিজে বের হন তৌফিকুর। তাই দারোয়ান শুধু তাঁকেই বের হতে দেখেন। চুক্তি অনুযায়ী ব্যাগটি বন্ধুদের দেন তৌফিকুর।তৌফিকুরকে ঘটনার দিন (৩০ সেপ্টেম্বর) গ্রেপ্তার করে যাত্রাবাড়ী থানার পুলিশ। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী দেলোয়ারকে গ্রেপ্তার করা হয়। ১৯ অক্টোবর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তৌফিকুর।সংবাদ সম্মেলনে মহানগর ডিবি পুলিশের উপকমিশনার মনিরুল ইসলাম দাবি করেন, এই মামলা ‘প্রায় উদ্ঘাটিত।’ তিনি জানান, এই তিনজনই যে হত্যাকাণ্ড ঘটিয়েছে তা পুলিশ নিশ্চিত হয়েছে। এখন পর্যন্ত যে তথ্য পাওয়া গেছে তাতে বলা যায়, তৌফিকুরের পরিকল্পনাতেই ঘটনাটি ঘটেছে। এর পেছনে আর কারও ইন্ধনের বিষয় এখন পর্যন্ত জানা যায়নি। তিনি জানান, গ্রেপ্তার করা তিনজনকে রিমান্ডে নিয়ে মুখোমুখি করা হবে। তাহলে পেছনে কোনো ইন্ধনদাতা থাকলে তা বের হয়ে আসবে।মিজানুর রহমানের ছেলে আশিকুর রহমান জানান, ‘এ ঘটনার পেছনে কারও না কারও হাত তো অবশ্যই রয়েছে। তবে পুলিশ তদন্ত করছে। আমরা অপেক্ষা করছি পরবর্তী সময়ে কী হয়, তা দেখার জন্য।’ মিজানের শ্যালক ওবায়দুল কবীরের দাবি, এ ঘটনার পেছনে অবশ্যই কারও না কারও হাত রয়েছে।