হত্যাকাণ্ডের শাস্তি পাঁচ লাখ টাকা জরিমানা!
যৌতুকের টাকা না দেওয়ায় শ্বশুর ও তাঁর পরিবারের সদস্যদের নির্যাতনে ৫ ফেব্রুয়ারি মারা যান সোমা আক্তার (২০) নামের এক গৃহবধূ। অভিযোগ উঠেছে, ওই ঘটনায় মামলাও নেয়নি পুলিশ।ঘটনাটি মীমাংসা করতে গতকাল মঙ্গলবার নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের উলুকান্দি গ্রামে বসে সালিস। সমাজপতিরা হত্যাকাণ্ডে অভিযোগ ওঠা সোমার শ্বশুর ও তাঁর পরিবারকে পাঁচ লাখ টাকা জরিমানা করেন। রায় শুনে কান্নায় ভেঙে পড়েন সোমার বাবা উলুকান্দি গ্রামের কৃষক আবদুল বাতেন। প্রত্যক্ষদর্শীরা বলেন, সালিসকারীরা রায় মেনে না নিলে বাতেনকে মারধর করার হুমকি দেন। পরে প্রতিবেশীদের সহায়তায় টাকা না নিয়েই বাড়ি চলে যান বাতেন। এ ব্যাপারে সালিসে রায় ঘোষণাকারী গ্রামের মাতব্বর আবদুর রউফ বলেন, ‘সোমার ময়নাতদন্ত প্রতিবেদনে কী আসে না আসে, তা আমাদের জানার দরকার নেই। মামলা করেও লাভ হবে না। তাই মীমাংসা করে পাঁচ লাখ টাকা জরিমানা করে রায় দিয়েছি। সোমার পরিবার এ রায় না মানলে ক্ষতি তাদেরই। মামলা-মোকদ্দমা করে টাকাপয়সা খরচ করে কোনো লাভ নেই।’উলুকান্দি গ্রামবাসী সূত্র জানায়, প্রায় দুই বছর আগে গ্রামের সোমা আক্তারের সঙ্গে কুমিল্লার মেঘনা উপজেলার চালিভাঙ্গা গ্রামের বাসিন্দা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য আবদুল কাদিরের ছেলে আবু দাইয়ানের বিয়ে হয়। বিয়ের ছয় মাস পর দাইয়ান সৌদি আরবে যান। এরই মধ্যে দাইয়ান ও সোমার একটি মেয়ে হয়।সোমার মা জ্যোৎস্না আক্তার (৪৫) বলেন, বিয়ের পর থেকে সোমার শ্বশুর আবদুল কাদির একের পর এক হত্যাসহ বিভিন্ন মামলার আসামি হয়ে পলাতক জীবন যাপন করতেন। মামলার খরচের জন্য তিনি বিভিন্ন সময় যৌতুকের জন্য সোমাকে চাপ দিতেন। মেয়ের সুখের কথা ভেবে বিভিন্ন সময়ে তাঁর (কাদির) অন্যায় আবদার মেটাতে হয়েছে। জ্যোৎস্নার ভাষ্যমতে, যৌতুকের টাকা না পেয়ে ৫ ফেব্রুয়ারি সকালে কাদির ও তাঁর পরিবারের অন্য সদস্যরা সোমাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায় এবং সোমার মুখে জোর করে কয়েকটি নেশাজাতীয় বড়ি ভরে দিয়ে ও (সোমা) আত্মহত্যা করতে চাইছে বলে এলাকায় প্রচার করে।সোমার মায়ের ভাষ্যমতে, বিষয়টি টের পেয়ে কাদিরের প্রতিবেশীরা তাঁদের ঘটনাটি জানান। তাঁরা দ্রুত চালিভাঙ্গা গ্রামে গিয়ে সোমাকে উদ্ধার করে প্রথমে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় পরে সোমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন বিকেলে সোমার মৃত্যু হয়। ঢাকা মেডিকেল কলেজ মর্গে সোমার ময়নাতদন্ত শেষে উলুকান্দি গ্রামের কবরস্থানে সোমাকে দাফন করা হয়। পরিবারের সদস্যরা অভিযোগ করেন, ওই দিন রাতেই মামলা করতে মেঘনা থানায় যান সোমার বাবা আবদুল বাতেন। কিন্তু কাদির ও তাঁর লোকজন মামলা না করতে বাতেনকে অস্ত্রের ভয় দেখায়। পুলিশও মামলা হবে না জানিয়ে বাতেনকে ফেরত পাঠায়। এ ঘটনার আট দিন পর গতকাল উলুকান্দি গ্রামে স্থানীয় মাতব্বর আবদুর রউফের সভাপতিত্বে বসে সালিস। বৈঠকে ছিলেন স্থানীয় বৈদ্যেরবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাদাত হোসেন, বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান গাজী আবু তালেব, ইউপি সদস্য ইসমাইল হোসেন, মজিবুর রহমান ও আবু সিদ্দিক এবং স্থানীয় আওয়ামী লীগের আট-দশজন নেতা-কর্মী। বৈঠকে সিদ্ধান্ত হয়, সোমার হত্যার সঙ্গে আবদুল কাদিরের পরিবারের সদস্যরা জড়িত। তাই তাঁরা জরিমানা হিসেবে সোমার বাবাকে আড়াই লাখ টাকা ও সোমার মেয়েকে আড়াই লাখ দেবেন। আবদুল বাতেন গতকাল প্রথম আলোকে বলেন, ‘সন্ত্রাসী পরিবারটি আমার মেয়েকে হত্যা করল। অথচ আমি একটি মামলা বা জিডি পর্যন্ত করতে পারলাম না। তাদের রায় না মানলে সন্ত্রাসীরা আমাকেও হত্যা করবে বলে হুমকি দিচ্ছে।’বৈদ্যেরবাজার ইউপি চেয়ারম্যান মাহবুব সরকার বলেন, ‘একটা মানুষ খুন হলো। ময়নাতদন্তের প্রতিবেদনও এল না। অথচ সালিস বৈঠকে রায় দেওয়া হয়। পুলিশও কোনো মামলা নিল না। আমরা কোথায় আছি?’এ ব্যাপারে মেঘনা থানার পরিদর্শক (তদন্ত) মইনুদ্দিন আহম্মেদ বলেন, ‘আবদুল কাদির ও তাঁর দুই ছেলের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা আছে। কাদির পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। ভয় দেখিয়ে গৃহবধূর পরিবারকে মামলা করতে আসতে দেয়নি বলে আমরা শুনেছি। কিন্তু আমরা সন্ত্রাসীদের সঙ্গে কোনো আঁতাত করিনি। কেউ মামলা দিতে এলে আমরা অবশ্যই মামলা নেব।’অন্যদিকে নিহত সোমার শ্বশুর আবদুল কাদির বলেন, ‘আমাদের নামে একাধিক হত্যা মামলা রয়েছে সত্য। কিন্তু আমার পরিবারের কেউ সোমার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নয়। মামলা করে কোনো লাভ হবে না। তাই মানবিক বিচারে পাঁচ লাখ টাকা জরিমানা দিতে রাজি হয়েছি।’