হত্যাকারী গ্রেপ্তার না হলে ১৫ অক্টোবর মহাসমাবেশ
স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া ঘোষণা অনুযায়ী ১০ অক্টোবরের মধ্যে সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকারীদের গ্রেপ্তার করা না হলে ১৫ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ করবে সাংবাদিক সমাজ।আজ বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সাংবাদিক সমাবেশ থেকে এই ঘোষণা দেওয়া হয়। সাগর-রুনিসহ বিগত সময়ে নিহত সাংবাদিকদের হত্যার বিচার, পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের নিরাপত্তা এবং স্বাধীন গণমাধ্যমের দাবিতে আজ এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বক্তারা এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানকে গণমাধ্যমের শত্রু হিসেবে আখ্যায়িত করেন। তাঁরা জ্যেষ্ঠ সাংবাদিকদের এটিএন বাংলার টক শো বর্জন করার আহ্বান জানান। সমাবেশে কর্মসূচির ঘোষণা দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) একাংশের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী। তিনি বলেন, ‘১০ অক্টোবরের মধ্যে সাগর-রুনি হত্যাকারীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে অথবা তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি দেখাতে হবে। অন্যথায় ১৫ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ ডেকে সেখান থেকে কঠোর কর্মসূচি দেওয়া হবে।’ ইকবাল সোবহান জানান, ১৫ অক্টোবরের কর্মসূচি সফল করা এবং বৃহত্তর আন্দোলনের প্রস্তুতির জন্য ৭ অক্টোবর বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে বিভিন্ন সাংবাদিক সংগঠনের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। ১১ অক্টোবর প্রেসক্লাবে সাগর-রুনির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হবে। তিনি বলেন, এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানকে র্যাবের জিজ্ঞাসাবাদে সাংবাদিক সমাজ সন্তুষ্ট নয়। সরকার ব্যর্থ হলে এমন একদিন আসবে, যেদিন সাংবাদিকেরা র্যাব-পুলিশের কাছে যাবে না, মাহফুজুর রহমানকে টেনে এনে রাজপথে নামিয়ে জিজ্ঞাসাবাদ করবে। বিএফইউজে একাংশের সভাপতি রুহুল আমিন গাজী বলেন, সাগর-রুনি হত্যার বিচার না হলে এ দেশের মানুষের গণতন্ত্র, মৌলিক অধিকার এবং নিরাপত্তা বিঘ্নিত হবে। তাই সরকার এই হত্যাকাণ্ডের বিচার না করলে গোটা জাতিকে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। বিএফইউজে একাংশের মহাসচিব শওকত মাহমুদ বলেন, পঞ্চম বাহিনীর কাজ হলো নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করা। মাহফুজুর রহমান সাংবাদিকতার পঞ্চম কলামিস্ট। স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, ‘১০ অক্টোবরের মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার করা না হলে সাংবাদিকেরা আর আপনাদের কাছে যাবে না। এরপর জনতার আদালতে যাবে।’ বিএফইউজে একাংশের মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া বলেন, ‘১০ অক্টোবরের পর আমরা আর রাস্তায় থাকতে চাই না। তাই আমরা আশা করব স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা অনুযায়ী নির্ধারিত সময়ে হত্যাকারী গ্রেপ্তার হবে।’ বিএফইউজের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল বলেন, ‘সাগর-রুনি হত্যাকাণ্ডের পর স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছিলেন খুনি ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার হবে। সেই “ঘণ্টা” সাত মাসে পরিণত হয়েছে। এখন নতুন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, ১০ অক্টোবরের মধ্যে খুনিকে গ্রেপ্তার করা হবে। তাঁর ঘোষিত এই “দিন” যেন বছরে না গড়ায়। সমাবেশে আরও বক্তব্য দেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি ওমর ফারুক, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, ডিইউজের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুল মজিদ, সাংবাদিক নেতা কাদের আবদুস শহীদ, বাকের হোসেন, কাদের গণি চৌধুরী প্রমুখ।