আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে রাজধানীর দয়াগঞ্জ থেকে তিন কর্মজীবী তরুণকে কারা তুলে নিল, কেন তরুণেরা গুপ্ত হত্যার শিকার হলো—ঘটনার ১২ দিন পরও এ প্রশ্নের জবাব মেলেনি।এই নৃশংসতার রহস্য উদ্ঘাটনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোরও কোনো উদ্যোগ নেই বলে অভিযোগ করছেন নিহত তরুণদের স্বজনেরা।গতকাল শুক্রবার পর্যন্ত এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী কোনো কর্তৃপক্ষ কোনো আনুষ্ঠানিক বক্তব্য-বিবৃতিও দেয়নি। তবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয় দিয়ে এই তিনজনকে তুলে নেওয়ার কথা ওঠায় এ নিয়ে অনানুষ্ঠানিক তদন্ত শুরু করেছে ডিবি।ডিবির উপকমিশনার (দক্ষিণ) ও ঢাকা মহানগর পুলিশ কমিশনারের মুখপাত্র মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেছেন, ডিবি বিষয়টাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এ ধরনের ঘটনা ভালো লক্ষণ নয়। কারা নিজেদের ডিবি বলে মিথ্যা পরিচয় দিয়ে এ ঘটনা ঘটাল, তা উদ্ঘাটনে অনানুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করেছে ডিবি। তিনি বলেন, এর আগে ডাকাত শহীদের একাধিক সহযোগীসহ পুরান ঢাকার অনেক বড় বড় সন্ত্রাসীকে অস্ত্রসহ ডিবি গ্রেপ্তার করেছে। তাদের সবাইকেই অক্ষত অবস্থায় আইনের আওতায় আনা হয়েছে।‘মানলাম ডিবি ধরেনি। কিন্তু যারা ধরছে, হ্যারা তো ডিবির পরিচয়ই দিছে। তাইলে তারা কারা, সেইডা ডিবি খুঁইজ্জা বাইর করুক’—এই প্রতিবেদকের কাছে এভাবে ক্ষোভ ঝাড়লেন দয়াগঞ্জের সালাম সরদার।দয়াগঞ্জ বাজার এলাকার ৩১ জুলাই যে তিন তরুণ গুপ্ত হত্যার শিকার হয়েছে। তাদের একজন সালাম সরদারের একমাত্র ছেলে জুয়েল সরদার (১৮)। একসঙ্গে নিহত রাজীব সরদার (২৩) সালাম সরদারের ভাতিজা। খুন হওয়া অপর তরুণের নাম মিজানুর হোসেন (২০)। এদের মধ্যে জুয়েল ফ্রিজ-এসি মেরামতের মিস্ত্রি, রাজীব বড় ভাইয়ের সঙ্গে মুঠোফোনের দোকানে বসত আর মিজানুর লেদ মেশিনে কাজ করত।তিনজনকে একসঙ্গে ধরে নেওয়ার পাঁচ দিন পর গাজীপুরের পুবাইলে জুয়েল ও মিজানুরের লাশ আর মুন্সিগঞ্জের সিরাজদিখানে রাজীবের লাশ পাওয়া যায়।রাজীবের বড় ভাই রনি সরদার বলেন, ৩১ জুলাই রাজীবকে ডিবি পরিচয়ে ধরে নিয়ে যাওয়ার পর ১ আগস্ট তাঁরা গেণ্ডারিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। কিন্তু সরকারি বাহিনী তুলে নিয়েছে শুনে জিডির পরও পুুলিশ কোনো গা করেনি। গত মঙ্গলবার প্রথম আলোয় ‘এসব কি গুপ্তহত্যা’ শিরোনামে খবর বের হওয়ার পর গত বৃহস্পতিবার গেণ্ডারিয়া থানার এক কর্মকর্তা তাঁদের বাসায় যান তথ্য সংগ্রহের জন্য।রনি সরদার বলেন, ‘পুলিশ এসে যখন শুনল পাশের জুয়েলদের ঘরে কয়েকজন মানবাধিকারকর্মী বসে তথ্য সংগ্রহ করছেন, সঙ্গে সঙ্গে ওই পুলিশ অফিসার পেছনের দরজা দিয়ে চলে যান।’নিহত জুয়েলের বাবা সালাম সরদার বলেন, ‘সকালবেলা পোলাগুলানরে ধইরা নিল। কইল ডিবির লোক। পরে লাশ ফালাইয়া গেল আরেক জেলায়। এহন ডিবি আপনাগো কইছে তারা এইডা করেনি। তাইলে কারা এইডা কইরেছে? পুলিশ তো শুধু আমাগো জিডি নিয়া কাম শেষ করছে। কিন্তু এহন আমরা কার কাছে যামু?’জানতে চাইলে পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার গাজী মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, ‘ওই তরুণেরা নিখোঁজ হওয়ার বিষয়ে থানায় জিডি হওয়ার পর পর তদন্ত করেছিল পুলিশ। ডিবির কথা ওঠায় আমরা সরাসরি ডিবিকে জিজ্ঞেসও করেছিলাম। কিন্তু ডিবি তাদের ধরেনি বলে জানানো হয়েছে। তারপর গাজীপুর ও মুন্সিগঞ্জের সিরাজদিখান থানা এলাকায় তাদের লাশ উদ্ধার হওয়ার পর সংশ্লিষ্ট থানাগুলোতে হত্যা মামলা হয়েছে। এখন ওই দুই থানার পুলিশ তদন্ত করছে। তারাই খুঁজে বের করবে কারা এ ঘটনা ঘটিয়েছে।’এদিকে প্রথম আলোর মুন্সিগঞ্জ প্রতিনিধি জানান, রাজীবের লাশ উদ্ধারের পর মুন্সিগঞ্জের সিরাজদিখান থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক তোফাজ্জল হোসেন বলেন, নিহত তরুণের পরিবারের সদস্যরা তাঁকে বলেছে, ডিবি পরিচয় দিয়ে তিনজনকে তুলে নেওয়া হয়েছিল। কিন্তু সুনির্দিষ্ট করে কেউই বলতে পারছে না, আসলে ডিবি নাকি অন্য কোনো বাহিনীর সদস্য। তদন্ত শেষ হলে জানা যাবে কারা এই হত্যার সঙ্গে জড়িত।