হত্যাকারীরা গ্রেপ্তার না হওয়ায় সাংবাদিক নেতাদের ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা ও আশ্বাস সত্ত্বেও সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার-মেহেরুন রুনির হত্যাকারীরা গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সাংবাদিক নেতারা। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের এক জরুরি সভায় এ ক্ষোভ জানানো হয়। হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে সাংবাদিকদের অবস্থান কর্মসূচির তারিখ ১৫ মে পুনর্নির্ধারণ করা হয়।গত ১১ ফেব্রুয়ারি রাজধানীর পূর্ব রাজাবাজারের বাসা থেকে সাগর ও রুনির রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। সেদিন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সাংবাদিকদের বলেছিলেন, পুলিশকে ৪৮ ঘণ্টার মধ্যে ঘটনার রহস্য উদ্ঘাটনের নির্দেশ দেওয়া হয়েছে। এর পরদিন পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইমাম হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা স্বরাষ্ট্রমন্ত্রীর বেঁধে দেওয়া সময়ের মধ্যে রহস্য উদ্ঘাটনের আশাবাদ ব্যক্ত করেন। ১৩ ফেব্রুয়ারি পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার বলেছিলেন, ‘তদন্তের প্রণিধানযোগ্য অগ্রগতি’ হয়েছে।মামলাটি বর্তমানে তদন্ত করছে র‌্যাব। হাইকোর্টের নির্দেশে প্রায় এক সপ্তাহ আগে তারা তদন্তের দায়িত্ব পায়। এর আগে মামলাটি তদন্ত করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।তদন্তের বিষয়ে জানতে চাইলে র‌্যাবের গোয়েন্দা শাখার পরিচালক জিয়াউল আহসান গতকাল বলেন, ওই দম্পতির বাসার আশপাশের লোকজনের সঙ্গে কথা বলছে র‌্যাব। এ ছাড়া ওই দম্পতির সঙ্গে সংশ্লিষ্ট সম্ভাব্য সবার সঙ্গেও কথা বলা হচ্ছে। পুলিশ ও ডিবির তদন্ত সম্পর্কে মতামত জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমার মন্তব্য করা ঠিক হবে না বলে মনে করি।’সাংবাদিক সমাজ সাগর-রুনির হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ইতিমধ্যে বিভিন্ন কর্মসূচি পালন করেছে। আন্দোলনের ধারাবাহিকতায় গত ৭ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে সাংবাদিকদের অবস্থানের কর্মসূচি ছিল। সেদিন স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর বাসভবনে সাংবাদিক নেতাদের সঙ্গে বৈঠকে শিগগির সাগর-রুনির হত্যাকারীদের গ্রেপ্তার এবং হুমায়ুন কবীরসহ সব সাংবাদিক হত্যার তদন্ত শুরুর ঘোষণা দিয়েছিলেন। এর পরিপ্রেক্ষিতে কর্মসূচি ৬ মে পুনর্নির্ধারণ করা হয়।গতকাল বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নেতারা জরুরি সভা করেন। সভায় সিদ্ধান্ত হয়, সাগর-রুনির হত্যাকারীদের গ্রেপ্তার, সব সাংবাদিক হত্যার সুষ্ঠু তদন্ত করে বিচার, সাংবাদিকদের নিরাপত্তা ও মুক্ত স্বাধীন গণমাধ্যম নিশ্চিত না করা পর্যন্ত সাংবাদিক সমাজের আন্দোলন অব্যাহত থাকবে। সভায় ৬ মে বুদ্ধপূর্ণিমা উপলক্ষে সরকারি ছুটি থাকায় সেদিনের অবস্থান কর্মসূচি স্থগিত করে ১৫ মে বেলা ১১টায় কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। সেদিন পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।সভায় আরও সিদ্ধান্ত হয়, এই কর্মসূচি সফল করার লক্ষ্যে ১০ মে বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে বিএফইউজে, ডিইউজে, জাতীয় প্রেসক্লাব, ডিআরইউ ও সাংবাদিকদের অন্যান্য সংগঠনের নির্বাহী পরিষদের যৌথ সভা অনুষ্ঠিত হবে। ১৩ মে একই সময়ে জাতীয় প্রেসক্লাবে পত্রিকার সম্পাদক ও টিভি চ্যানেলের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা হবে।বিএফইউজের সভাপতি ইকবাল সোবহান চৌধুরীর সভাপতিত্বে গতকালের জরুরি সভায় সাংবাদিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন রুহুল আমিন গাজী, আবদুল জলিল ভূঁইয়া, এম আবদুল্লাহ, কামাল উদ্দিন সবুজ, সৈয়দ আবদাল আহমদ, সাখাওয়াত হোসেন, আবদুস শহিদ, ওমর ফারুক, বাকের হোসাইন, শাবান মাহমুদ ও শফিকুল ইসলাম।