নাটোরে উপজেলা চেয়ারম্যান হত্যা
হত্যাকারীরা প্রকাশ্যে ঘুরছে আর পরিবার হুমকির মুখে: মহুয়া নূর
নাটোরের বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ও বনপাড়া পৌর বিএনপির সভাপতি সানাউল্লাহ নূর হত্যার বিচার চেয়েছেন তাঁর স্ত্রী মহুয়া নূর। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর প্রেসক্লাবে বিএনপির এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মহুয়া নূর বলেন, আমি আমার স্বামীকে নিয়ে রাজনীতি বুঝি না। তাঁর হত্যাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আর আমাদের পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে। তাই হত্যাকারীদের বিচার করার জন্য তিনি প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানান। মহুয়া নূর আরও বলেন, হত্যাকাণ্ডের পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছিলেন ছবি ও ভিডিও ফুটেজ দেখে হত্যাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাঁর বক্তব্যের পরে হত্যাকারীদের বিচার হবে বলে তিনি আশা করেছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী কয়েক দিন পরে বললেন, বিএনপির অভ্যন্তরীণ কোন্দলেই যে এই হত্যাকাণ্ড হয়নি, তা কে প্রমাণ করবে। তাঁর এই বক্তব্যের পরে নাটোরের বনপাড়া বাজারে হত্যাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। পুলিশ তাঁদের গ্রেপ্তার করছে না। এ অবস্থায় তাঁর পরিবার চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে বলে মহুয়া নূর উল্লেখ করেন।সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেন, প্রধানমন্ত্রী সানাউল্লাহ নূরের হত্যাকারীদের পক্ষে নানাভাবে কথা বললেও বিএনপি আশা করে যে তিনি এই মর্মান্তিক হত্যাকাণ্ডের যথাযথ বিচার করবেন। প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, হত্যাকারীদের ছেড়ে না দিয়ে আওয়ামী লীগের ভেতরের খুনিদের আইনের হাতে তুলে দিলে দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে সানাউল্লাহ নূর হত্যাকাণ্ডের ছবি ও ভিডিও দেখানো হয়। প্রসঙ্গত, গত ৮ অক্টোবর নাটোরের বনপাড়া বাজারে বিএনপির মিছিলে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের হামলায় বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ও বনপাড়া পৌর বিএনপির সভাপতি সানাউল্লাহ নূর নিহত হন। আহত হন আরও ৪০ জন।